ওঁদের হাহাকার, তিন মাসের অপেক্ষার ফল শূন্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গম পাহাড়ি গ্রামের বাসিন্দা ওঁরা। তিন মাস পরপর একবার বয়স্ক ভাতা তুলতে ইউনিয়ন সদরে আসেন। কিন্তু এবার এসে শুনলেন ভাতার টাকা ছিনতাই হয়েছে তাই টাকা পাওয়া যাবে না। তবু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পুলিশ ও গণমাধ্যমকর্মীদের কাছে ধরনা দিচ্ছেন। কিন্তু এখনো আশ্বাসের বাণী শোনাতে পারেননি কেউ।
এমন দুর্দশার শিকার হয়েছেন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের দুই ওয়ার্ডের ৪৭ জন নিবন্ধিত বয়স্ক ব্যক্তি। গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসের ভাতা না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ তাঁরা।
ভাতা না পাওয়া ব্যক্তিদের অভিযোগ, তাঁরা দুর্গম এলাকায় বসবাস করেন বলে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যরা ব্যাংক থেকে তাঁদের বয়স্ক ভাতা উত্তোলন করেন। ইউপি সদস্যদের কাছ থেকে ভাতার টাকা নিয়ে যান তাঁরা। এ মাসের প্রথম সপ্তাহে তিন মাসের ভাতার টাকা নিতে তাঁরা ইউপি সদস্যদের কাছে গিয়েছিলেন। তবে টাকা পাননি কেউই। ব্যাংক থেকে টাকা তুলে আনার পথে সন্ত্রাসীরা সব টাকা ছিনিয়ে নিয়েছে বলে জানান ইউপি সদস্যরা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গেলে তিনিও এই মুহূর্তে টাকা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন। দূর-দূরান্ত থেকে আসা বয়স্ক ব্যক্তিরা এখন কী করবেন জানেন না। অনেকে ভাতা পাবেন জেনে অন্যের কাছ থেকে ধার করে সংসারের কাজে লাগিয়েছেন। এখন সেই টাকাও শোধ দিতে পারছেন না। বাঘাইছড়ি থানা ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ২৫ এপ্রিল সকালে বঙ্গলতলী ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের সদস্য শিবরঞ্জন চাকমা ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য তনরাম চাকমা সোনালী ব্যাংক থেকে ৪৭ জন বৃদ্ধ–বৃদ্ধার জন্য ৫৬ হাজার ৪০০ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে গ্রামে ফেরার পথে মারিশ্যা ইউনিয়নের কদমতলী এলাকায় পেঁৗছালে সন্ত্রাসীরা তাঁদের সব টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় ২৭ এপ্রিল তনরাম চাকমা বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় মামলা করেন।
বৃদ্ধা বিরলা চাকমা (৭০) বলেন, ‘আমরা ভাতার টাকা পাব জেনে অন্যের কাছ থেকে ধার নিয়ে খরচ করেছি। এখন ধার নেওয়া টাকা কীভাবে শোধ করব বুঝতে পারছি না।’
ইউপি সদস্য শিব রঞ্জন চাকমা ও তনরাম চাকমা বলেন, ‘টাকা উত্তোলনের পর ফেরার পথে পাঁচজন অস্ত্রধারী আমাদের গতিরোধ করে ৫৯ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়।’
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারুসি চাকমা বলেন, ‘বয়স্ক ব্যক্তিরা আমার কাছে ভাতার জন্য আসছেন। কিন্তু তাঁদের বোঝাতে পারছি না যে টাকা ছিনতাই হয়ে গেছে। ওই দুই সদস্য তাঁরাও এখনো ভালোভাবে সুস্থ হননি। তাঁরা সুস্থ হলে কিস্তিতে দেওয়া যায় কি না দেখা যাবে।’
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মোজাম্মেল হক বলেন, ‘দুই ইউপি সদস্যের টাকা ছিনতাইয়ের মামলার তদন্ত চলছে। আসামিদের ধরারও চেষ্টা চলছে।’