ওঁরা ছয় ভাই
কলেজিয়েট স্কুলের ১৭৫ বছর পূর্তি উৎসবের দ্বিতীয় দিনে গতকাল শনিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একই পরিবারের ছয়জন সদস্য। সবাই এ স্কুলের প্রাক্তন ছাত্র। এঁদের মধ্যে তিনজনই খ্যাতিমান। এঁরা হলেন ড. মুহাম্মদ ইউনূস, অধ্যাপক মুহম্মদ ইব্রাহীম ও মুহম্মদ জাহাঙ্গীর। বাকি দুজন হলেন, মুহাম্মদ আযম, মুহাম্মদ আইয়ূব ও মঈনুল আনাম। অধ্যাপক মুহম্মদ ইব্রাহীম জানালেন, ‘আজকের অনুষ্ঠানে আমাদের সব ভাই-ই আছেন। আমি এর আগে ১৯৯৫ সালে পুনর্মিলনীতে এসেছিলাম। এবারের উৎসব তো একটু অন্য রকম। এতে অংশ নিয়ে অবশ্যই ভালো লাগছে।’প্রাণবন্ত ২০০১: ‘মিষ্টির মধ্যে কাঁচাগোল্লা, রসমালাই আর স্কুলের মধ্যে কলেজিয়েট ও পুরোনো বন্ধুদের আড্ডা হচ্ছে আমার সবচেয়ে প্রিয়।’ বলছিলেন ডাক্তার মো. রিয়াদ। এ কথা বলে লাফিয়ে উঠলেন তিনি। তাঁরা সবাই ২০০১ সালের ব্যাচ। বেশ স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত তাঁদের দল। নেচে গেয়ে দাপিয়ে বেড়াচ্ছিলেন প্রিয় স্কুল প্রাঙ্গণ। একজন অপরজনের জামায় নাম লিখে, ছবি এঁকে তাদের উচ্ছলতা প্রকাশ করছিল। এ দলে যোগ দিয়েছেন প্রণয় শুভ্র দাশ। বন্ধুদের টানে ছুটে এসেছেন যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে। কাজ করেন আইবিএম ইউএসএ-তে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে। শুভাশীষ চক্রবর্তী কানাডা থেকে এসেছেন। ইউনিভার্সিটি অব ক্যালেগরিতে এমএস এবং রিসার্চ অ্যাসিস্ট্যন্টের কাজ করছেন। এদের সবারই কথা, ‘আজ আমাদের অনেক খুশির দিন।’শুধুই নস্টালজিয়া: ১৯৮৪ ব্যাচের শিক্ষার্থী তারেক ইফতেখার। উৎসবের উদ্বোধনী দিনে দাঁড়িয়েছিলেন স্কুলের এক কোণে। পুরোনো বন্ধুদের খুঁজছিলেন। কথা প্রসঙ্গে বলছিলেন, ‘গত কয়েকদিন থেকে কেমন যেনো নস্টালজিয়ায় ভুগছি। খুব মনে পড়ছে আমাদের সময়ের শিক্ষক বিজয় কৃষ্ণ, ডি এল সাহা, জহুরুল হক স্যারের কথা। তাঁদের শাসন-বারণ আর নীতি-নৈতিকতার কথা ভোলার নয়।