ওই আসে বৈসাবি
‘দূর থেকেই তরুণ-তরুণীরা মেতেছে জলখেলায়। একে অপরের সঙ্গে সেদিনই হলো প্রথম দৃষ্টি বিনিময়। আজ যে যাকে উদ্দেশ করে জল ছিটাবে, ঘুরবে, তার সঙ্গেই হবে মনের মিলন। এরপর নতুন বছরে একসঙ্গে পথচলা শুরু।’ বৈসাবি উৎসবের দিনে মারমা সম্প্রদায়ের এই গল্প আজ পুরোনো হয়ে গেছে। এখন আর এভাবে প্রেম হয় না বলেই হেসে ফেললেন মারমা তরুণী নেইংম্রাচিং। খাগড়াছড়ির মেয়ে নেইংম্রাচিং চৌধুরী ননী পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএসের তৃতীয় বর্ষে। তাঁর কাছেই শোনা হলো পার্বত্য চট্টগ্রামের আদিবাসী উৎসব বৈসাবি নিয়ে মজার গল্পের শুরুটা। সঙ্গে পাওয়া গেল খাগড়াছড়ির প্রজ্ঞাতেজ চাকমাকেও। প্রজ্ঞাতেজ পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিক্যাল প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষে।প্রজ্ঞাতেজ খোলাসা করলেন ‘বৈসাবি’ নামটির গূঢ় রহস্য। ‘আদিবাসীদের একই উৎসবকে বিভিন্ন সম্প্রদায় ভিন্ন ভিন্ন নামে ডাকে। ত্রিপুরা, মারমা ও চাকমা পার্বত্য চট্টগ্রামের প্রধান তিন আদিবাসী সম্প্রদায়। ত্রিপুরাদের বৈসুক থেকে ‘বৈ’, মারমাদের সাংগ্রাই থেকে ‘সা’ এবং চাকমাদের বিজু থেকে ‘বি’। একসঙ্গে মিলিয়ে ‘বৈসাবি’—তিনটি নামের আদ্যক্ষরের সমন্বিত রূপ আরকি। এ উৎসব পার্বত্য চট্টগ্রামের সব আদিবাসীর মিলনমেলা। তবে সম্প্রদায়ভেদে এর আয়োজনে ভিন্নতা ও বৈচিত্র্য রয়েছে।’মারমা তরুণী নেইংম্রাচিং এর সঙ্গে যোগ করলেন, ‘আমাদের সাংগ্রাই উৎসব চলে চার দিন ধরে। পৌষসংক্রান্তির দিন ফুল বিজু। মূল সাংগ্রাই বৈশাখের প্রথম দিন। এর পরও দুই দিন ধরে চলে নতুন বছরকে বরণ করার উৎসব।’ উৎসবের দিনে মারমা সম্প্রদায়ের সেই বিয়ে প্রথা আজ আর না থাকলেও নতুন বছরকে স্বাগত জানাতে এখনো তারা মেতে ওঠে উৎসবে। পারিবারিক পরিমণ্ডলে মা-বাবা-ভাইবোনদের দিয়ে শুরু হয় জলখেলা। বিভিন্ন সংগঠন থেকেও আয়োজন করা হয় জলখেলার। গত বছরও খাগড়াছড়ির রামু বাজারে ব্যাপক জমে উঠেছিল জল ছোড়াছুড়ির এই উৎসব। অনেকটা প্রতিযোগিতার আকার পেয়েছে খেলাটি। বাঁশের দুই পাশে মেয়ে ও ছেলে আলাদা দাঁড়িয়ে একে অপরকে পানি ছুড়তে থাকে। এর মধ্যে যার হাতের পানির পাত্র পড়ে যায় সে হেরে যায়। দীর্ঘ সময় যে যুগল টিকে থাকে, তারাই জয়ী। ‘আমাদের কিন্তু বেশ আয়ও হয় এ উৎসবে। গুরুজনের আশীর্বাদ আনতে গিয়ে খালি হাতে ফিরি না কেউ।’ এ কথা বলে আলোচনায় যোগ দিলেন তাঁদেরই আরেক পাহাড়ি বন্ধু চৈতী চাকমা। চৈতী পড়েন আইইআর তৃতীয় সেমিস্টারে। তাঁর সঙ্গে সুর মেলালেন ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জিতেন চাকমা।পৌষসংক্রান্তির দিন মারমা সম্প্রদায়ের সবাই মেতে ওঠে মঙ্গল শোভাযাত্রায়। লোকসাজে সাজে একেকজন! কেউ শিকারি, কেউ জেলে, কেউ বা স্বর্গের পরি।এবারের বিজু নিয়ে চৈতী চাকমা বলে চলেন, ‘আমাদের বিজু উৎসব তিন দিনের। এবারের ফুল বিজু ১২ এপ্রিল, মূল বিজু ১৩ এপ্রিল, এর পরের দিন নোয়া বছর। ফুল বিজুতে আমরা সবাই মিলে ফুল চুরি করতে যাই। ফুল বিজুর আগের রাতে ফুল চুরি করাটা আমাদের একটা ঐতিহ্য।’ কথিত আছে, আগের দিনের রাজা তাঁর প্রজাদের ওই রাতে ফুল চুরির নির্দেশ দিতেন। তবে শর্ত ছিল, ধরা পড়া চলবে না। ধরা পড়লে শাস্তি অনিবার্য।যাই হোক, সারা রাতের চুরি করা ফুল দিয়ে আসলে কী করা হয়? জানতে চাইলে প্রজ্ঞাতেজ বললেন, ‘ফুল বিজুর দিন ভোরে স্নান সেরে মন্দিরে বুদ্ধকে ফুলপূজা দিই, তারপর পুকুর বা খালের জলে ভাসাই।’ ‘ঘরও সাজাই’—যোগ করলেন চৈতী। তবে যত ফুল ছেঁড়া, সব ওই দিনই। মূল বিজুর দিন এর পাতাও ছেঁড়া যায় না, তা-ও জানালেন চৈতী।বিজুর দিন একটা মজার ঐতিহ্যবাহী খাবার তৈরি করা হয় সবার বাসায়। এর নাম পাজন। এই খাবারে কমপক্ষে পাঁচ ধরনের খাবারের মিশ্রণ করা হয়। কোনো কোনো বাড়িতে এর সংখ্যা ২৫ ছাড়িয়ে যায়। গতবারের বিজু উৎসবে পরীক্ষার কারণে বাড়ি যাওয়া হয়নি প্রজ্ঞাতেজের। তবে এবার আর মানবেন না কোনো বাধা। মায়ের হাতের পাজন আর ঐতিহ্যবাহী পানীয়কে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না এবার। বিন্নি চালের পিঠা-পায়েস খেতে এবার আগে আগেই চলে যাবেন জিতেনও।পাশের ঝোপের একটা ফুল তুলে কানে গুঁজলেন চৈতী। পাহাড়ি কন্যার সাজে ফুল বেশ ভালোই মানিয়ে গেল। জানা গেল, বিজুর পরের দিন হলো নোয়া বছর। অর্থাৎ নতুন বছর। নতুন বছরে সবাই পরে নতুন পোশাক। এই দিনটা শুধুই পরিবারের জন্য। মা-বাবা-ভাইবোন মিলে একসঙ্গে থাকা হয় সারাটি দিন। জিতেনও এবার থাকবেন তাঁর পরিবারের সঙ্গে। ছোট্ট বোনটাকে দেখতে এর মধ্যেই মনটা পড়ে আছে তাঁর। আত্মীয়স্বজনেরও খোঁজ নেওয়া হবে এদিন।নতুন বছরের নতুন পোশাক নিয়ে এরই মধ্যে ভাবা শুরু হয়ে গেছে সবার। নেইংম্রাচিং এবার পরবেন গোলাপি খাদি। প্রজ্ঞাতেজের পছন্দ পাঞ্জাবি। জিতেনের ফতুয়া, লুঙ্গি আর চৈতীর পিনন খাদি। চৈতীর পরীক্ষা বলে একটু দেরি হয়ে যাবে, যদিও বিজুর পরপর কয়েকটা দিন বাড়িতে থাকার ইচ্ছা রয়েছে তাঁর। কারণ, বহুদিন পাহাড়ে পাহাড়ে ঘোরাঘুরি হয় না তাঁর। ওদিকে নেইংম্রাচিংয়ের ছোটবেলার বান্ধবী পারমী আছেন পাহাড়ে তাঁর অপেক্ষায়। প্রজ্ঞাতেজ ও তাঁর পদার্থবিজ্ঞানের বন্ধু অমিত চাকমা একসঙ্গে বাড়ি যাবেন। পাহাড়ি বন্ধুরা সবাই ফিরে যাবেন নিজ নিজ পাহাড়ের ঘরে। নতুন বছরটা পরিবারের সবাইকে নিয়ে কাটবে এবার তাঁদের। নতুন বছরে সবার প্রত্যাশা একটাই—শান্তি আসুক তাঁদের দেশে। তাঁদের বুকের গভীরে সদা বাজে এক সুর—আমি গুরি বং জয়...। আমরা করব জয় একদিন...।