জাপানের ওকিনাওয়া দ্বীপ থেকে নয় হাজার মার্কিন মেরিন সেনা সরিয়ে নেওয়ার ঘোষণায় দুই ‘বন্ধু’রাষ্ট্রের মধ্যকার পুরোনো এক অচলাবস্থা নিরসনে কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে। ঠিক কবে সেনা প্রত্যাহার করা হবে, এর সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। ওকিনাওয়া দ্বীপের বিতর্কিত ফুতেনমা বিমানঘাঁটি সরানোর ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। এসব কারণে নতুন চুক্তিটি এখনো অস্পষ্ট রয়ে গেলেও তা দুই দেশের আলোচকদের বেশ উৎসাহী করেছে।যুক্তরাষ্ট্রের নতুন করে চাঙ্গা হওয়া এশিয়াকেন্দ্রিক কৌশলের সঙ্গে সংগতি রেখে প্রায় পাঁচ হাজার মার্কিন মেরিন সেনা গুয়ামে স্থানান্তর করা হবে। বাকি সেনা পাঠানো হবে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য স্থানে। তবে নয় হাজার মেরিন সেনা ওকিনাওয়া থেকে স্থানান্তরের পরও দ্বীপটিতে কয়েক হাজার মার্কিন সেনাসদস্য ও তাদের পোষ্য থেকে যাবে। গত রোববার যুক্তরাষ্ট্র সফরে যান জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা। তাঁর এ সফরের দুই দিন আগে গত ২৭ এপ্রিল চুক্তিটি করা হয়। এ ব্যাপারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা এক বিবৃতিতে বলেছেন, ‘আমি খুব খুশি। অনেক বছর পর আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় পৌঁছেছি। কর্মপরিকল্পনাও তৈরি করেছি। এই সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা জাপানের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।’বর্তমানে জাপানে মার্কিন সামরিক ঘাঁটির ৭০ শতাংশের বেশি আছে ওকিনাওয়ায়। এটি ওই দ্বীপের বাসিন্দা ও আইনপ্রণেতাদের জন্য এক পুরোনো যন্ত্রণা। তাঁরা মনে করেন, দেশের মূল ভূখণ্ডের তুলনায় ওকিনাওয়া যুক্তরাষ্ট্র-জাপানের সামরিক মৈত্রীর অন্যায্য বোঝা বহন করছে।ওকিনাওয়ার রাজধানী শহর নাহার ওতা শান্তি গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মাসাহিদে ওতা। তিনি জানান, জাপান সরকার বলছে, চুক্তিটি জাতীয় স্বার্থ ও এর নিরাপত্তার জন্য। কিন্তু অন্য কোনো প্রশাসনিক এলাকা আর মার্কিন সেনা নেবে না। এটি ন্যায্য নয়। যুক্তরাষ্ট্র এখনো ওকিনাওয়ার সঙ্গে উপনিবেশের মতো আচরণ করছে।১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওকিনাওয়ার লড়াইয়ে আনুমানিক এক লাখ বেসামরিক লোকের মৃত্যু হয়। যুদ্ধে হেরে আত্মসমর্পণ করে জাপান। ওকিনাওয়ার নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র।১৯৭২ সালে ওকিনাওয়াকে জাপানের হাতে ফিরিয়ে দিলেও দ্বীপে থেকে যায় মার্কিন সেনা ও তাদের ঘাঁটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে সামরিক মৈত্রীর অংশ হিসেবে ‘জাপানের নিরাপত্তা’ ও মার্কিন আঞ্চলিক স্বার্থ রক্ষার জন্য এসব সেনা মোতায়েন হয়।মার্কিন সামরিক উপস্থিতির প্রতি ওকিনাওয়াবাসীর বিরাগের কারণগুলোর মধ্যে রয়েছে উড়োজাহাজ চলাচলের প্রচণ্ড শব্দ, রাতে মাতাল সেনাদের কারণে মারাত্মক সড়ক দুর্ঘটনা এবং বেশ কিছু বড় ধরনের যৌন নিপীড়নের ঘটনা। ১৯৯৫ সালে মার্কিন বাহিনীর তিনজন সদস্য ১২ বছরের এক মেয়েকে অপহরণের পর ধর্ষণ করলে ওকিনাওয়ায় ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। উত্তেজনা কমাতে ফুতেনমা বিমানঘাঁটি সরানো নিয়ে ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে জাপান। কিন্তু টোকিও বিমানঘাঁটির জন্য বিকল্প জায়গা দেওয়ার শর্ত পূরণ করতে না পারায় চুক্তিটি বাস্তবায়ন হয়নি।ওকিনাওয়ার অনেক বাসিন্দা মনে করেন, চীন পাশে থাকায় ভূরাজনৈতিকভাবে জাপান হুমকির মুখে রয়েছে। এ জন্য দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ঠিক আছে। কিন্তু তাঁরাও ফুতেনমা বিমানঘাঁটি সরিয়ে নিতে বলেন। বিমানঘাঁটি স্থানান্তরের একমাত্র বিকল্প স্থানটিও তাঁদের পছন্দ নয়। এসব কারণে মনে করা হচ্ছে, ওকিনাওয়ায় মার্কিন সামরিক উপস্থিতির ব্যাপারে একটি সর্বসম্মত ফয়সালায় পৌঁছতে আরও বিস্তর আলোচনা ও দর কষাকষি প্রয়োজন।l টাইম অবলম্বনে মাহবুব আলম