
অন্তুকে স্কুল থেকে আনতে গেলে ওর মা বিব্রত থাকেন। অন্য মায়েরা তাঁকে দেখলেই এগিয়ে এসে নালিশ করেন, ‘আপা, অন্তু আজকে আমার বাচ্চার গাল খামচে দিয়েছে’ অথবা ‘ভাবি, অন্তু কাল আমার বাচ্চার টিফিন খেয়ে ফেলেছে।’ মা প্রতিদিন তৃতীয় শ্রেণিপড়ুয়া অন্তুকে বকেন, মারেন। কখনো অন্য মায়েদের সঙ্গে অন্তুর পক্ষ নিয়ে কথা-কাটাকাটিতেও জড়িয়ে পড়েন।
সামিয়ার বয়স আট। সে ঠিকমতো স্কুলের পড়া খাতায় লেখে না, ক্লাসের সময় অন্যদিকে তাকিয়ে থাকে, পাশের বন্ধুর সঙ্গে দুষ্টুমি করে, কথা বলে। শ্রেণিশিক্ষক প্রায়ই তার মা-বাবাকে স্কুলে ডেকে পাঠান। বলেন যে এভাবে চলতে থাকলে তাকে স্কুলে রাখা যাবে না। মা-বাবা সামিয়াকে অনেক বোঝান, ধমক দেন, কখনো মারেনও। স্কুল বা শ্রেণিশিক্ষককে দোষারোপ করে স্কুলে পাল্টা নালিশ করেন।
এই বকা দেওয়া বা মার দেওয়ার পরও অন্তু বা সামিয়ার আচরণ কিন্তু পাল্টায় না। শিশুরা স্কুলে পড়তে গেলে পড়ার পাশাপাশি স্কুলের শিক্ষক, সহপাঠী নানাজনের সঙ্গে তাদের সামাজিক যোগাযোগ গড়ে ওঠে। এই সময় কেউ হয়তো পড়ায় কম মনোযোগ দেয়। কেউবা অতি চঞ্চলতা বা অন্যান্য কারণে একটু বেশি দুষ্টুমি করে। স্কুল থেকে আবার কখনো অন্য অভিভাবকদের কাছ থেকে এ বিষয়ে অভিযোগ চলে আসে। তখন মা-বাবারা সন্তানের এ রকম আচরণ নিয়ে বিব্রত হন। সন্তানকে মারেন, বকেন, শাস্তি দেন, স্কুলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন। অন্যদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন, কেউবা লজ্জায় স্কুল পাল্টিয়ে ফেলেন। কিন্তু এভাবে সমস্যার সমাধান করা যায় না, বরং জটিলতা বাড়তে থাকে। শিশুদের বিরুদ্ধে এই পাল্টাপাল্টি নালিশ তার মানসিক বিকাশকে ক্ষতিগ্রস্ত করে। এ জন্য যেসব বিষয়ের দিকে সহপাঠী, অভিভাবক ও শিক্ষকদের নজর দেওয়া প্রয়োজন তা হলো—
কেবল নালিশ নয়
শিশুদের দুষ্টুমিকে সহজভাবে গ্রহণ করতে হবে। একদিন টিফিন খেয়ে ফেলা বা খেলতে গিয়ে খামচে দেওয়া নিয়ে অভিভাবকেরা যদি আরেকজন অভিভাবককে বিব্রত করেন, তবে তা অভিযোগকারীদের সামাজিক দক্ষতার অভাব। আপনার শিশু যদি আরেক শিশু সম্পর্কে অভিযোগ করতে থাকে, তবে সেটাকে কখনোই উৎসাহিত করবেন না। অভিযুক্ত শিশুর মা-বাবার কাছে জবাবদিহি চাইবেন না। এতে করে আপনার নিজের শিশুটি অভিযোগপ্রবণ হয়ে উঠবে। তারও সামাজিক দক্ষতা কমে যাবে, নিজের সমস্যা নিজে মোকাবিলা করতে পারবে না। আপনার নিজের শিশুরই বিকাশ বাধাগ্রস্ত হবে।
উত্তেজিত হবেন না
সন্তান সম্পর্কে কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে স্কুলের মধ্যেই তাকে বকা বা মার দেওয়া শুরু করে ফেলেন কেউ কেউ। এ ধরনের আচরণ শিশুকে হীনম্মন্য করে তুলবে, তাকে আরও জেদি আর অবাধ্য করে তুলবে। বিষয়টি নিয়ে আলাদাভাবে বাড়িতে তার সঙ্গে কথা বলুন। তার বিরুদ্ধে করা অভিযোগের ব্যাখ্যা জানতে চান। কখনোই বকা দেওয়া বা শারীরিক নির্যাতন করা যাবে না।
নিজেকে গুটিয়ে রাখবেন না
শিশুর বিরুদ্ধে অভিযোগ পেলে বিব্রত হয়ে নিজেকে গুটিয়ে রাখবেন না, বিষয়টি নিয়ে অন্য অভিভাবকদের সঙ্গে খোলামেলা আলোচনা করুন। প্রয়োজনে আপনার শিশুর আচরণ পরিবর্তনের জন্য তাদের কাছে ইতিবাচক সাহায্য চান।
পাল্টা অভিযোগ নয়
শিশুর পক্ষ নিয়ে তার সামনেই অভিযোগকারীর প্রতি পাল্টা অভিযোগ করা বা বিবাদে জড়িয়ে পড়া চলবে না। এতে করে শিশুর ব্যক্তিত্ব আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।
শিশুর সামনে সমালোচনা নয়
শিশুর সামনে তার কোনো সহপাঠী, সহপাঠীর মা-বাবা বা স্কুলের শিক্ষক সম্পর্কে বিরূপ মন্তব্য করা চলবে না। শিশুর বিষয় নিয়ে মা-বাবা নিজেরাও একে অপরকে দোষারোপ করবেন না।
শিশুকে বুঝতে শিখুন
কেন তার বিরুদ্ধে অভিযোগ আসছে, কেন সে দুষ্টুমি করে বা মনোযোগ দেয় না, সে বিষয়টি খতিয়ে দেখুন। স্কুলে তাকে কেউ ক্রমাগত উত্ত্যক্ত করে কি না, পড়ায় সে কেন আনন্দ পায় না, তার মানসিক বিকাশের পথে প্রতিবন্ধকতা আছে কি না, অতি চঞ্চলতা বা আচরণের কোনো সমস্যা আছে কি না, তা খতিয়ে দেখুন।
শিশুর আচরণ হবে শিশুসুলভ। তার কাছ থেকে পরিণত মানুষের মতো আচরণ প্রত্যাশা করবেন না। শিশুর প্রতি সহনশীল হোন এবং অভিযোগপ্রবণতা ছেড়ে বেরিয়ে আসুন। এতে সব শিশুরই মঙ্গল।
মনোরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টটিউট, ঢাকা