ওকে নীরবে ভালোবেসে যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহতাব খানম
মেহতাব খানম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা
ছোটবেলা থেকেই একটি মেয়েকে আমি খুব ভালোবাসি। কিন্তু কখনো ‘ভালোবাসি’ বলতে পারিনি। কলেজে পড়ার সময় তার সঙ্গে ফোনে অনেক কথা হতো। এখন অনেক কম কথা হয়। যতটুকু হয়, তাতেই বুঝি সে আমার বড় একজন শুভাকাঙ্ক্ষী। কিন্তু সে ভালোবাসে কি না, সেটা জানার সুযোগ হয়নি। সমস্যা হলো, আমি তাকে প্রতিনিয়ত অনুভব করি। তার সঙ্গে কাটানো সময় আমার জীবনের সেরা মুহূর্ত। কিন্তু তার সঙ্গে কথা বলার সময় আমি গুছিয়ে বলতে পারি না। ভেবেছিলাম সারা জীবন ওকে নীরবে ভালোবেসে যাব। কিন্তু মনের সঙ্গে যুদ্ধ করে আর পেরে উঠছি না। এখন ভয় হয়, যদি তাকে প্রপোজ করার পর প্রত্যাখ্যান করে! তাকে আমি হারাতেও চাই না।
নাম প্রকাশে অনিচ্ছুক, কুষ্টিয়া।
পরামর্শ
তুমি কোন বয়স থেকে মেয়েটিকে ভালোবাসো, তা লেখোনি। কলেজে পড়ার সময় প্রচুর কথা হতো বলতে কি তুমি বোঝাতে চাইছ, তোমরা তখন ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে? মুঠোফোনে কথা বলা অনেকের ক্ষেত্রে আসক্তিতে পরিণত হয়েছে। ফলে যে ধরনের আবেগপ্রবণ নির্ভরশীলতা তৈরি হচ্ছে, তাতে তারা পরবর্তী সময়ে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে সময়গুলোয় তুমি তার সঙ্গে কথা বলতে, সেই সময় তুমি হয়তো সারাক্ষণ তার কথাই ভাবছ। তবে তোমরা যখন খুব বেশি কথা বলছিলে, তখন সেটি কি কেবল বন্ধুত্বের সম্পর্ক ছিল, নাকি এটির অন্য কোনো নাম দেওয়া যায়? বর্তমানে যে তার সঙ্গে কথা বলছ, সেটি কি একটি বন্ধুত্বের সম্পর্ককে নির্দেশ করে?
যদি তোমার মনে হয়, তাকে কথাটি সরাসরি বললে তার সঙ্গে যেটুকু সম্পর্ক রয়েছে, সেটিও শেষ হয়ে যাবে তাহলে তোমার মধ্যে একধরনের নিরাপত্তাহীনতা তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু এভাবে অনিশ্চয়তায় থাকা এবং মনের সঙ্গে যুদ্ধ করার ফলে তোমার জীবনটিও বিপর্যস্ত হয়ে যাচ্ছে। আমি বলব, তুমি সাহস সঞ্চয় করে তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে সম্পূর্ণ আন্তরিকতার সঙ্গে কথাটি তাকে বলে দাও।
বলার আগে অবশ্যই মনে মনে বলবে, মেয়েটি ‘না’ বললেও সেটি সয়ে নেওয়ার মতো ক্ষমতা তোমার রয়েছে। তোমাকেও তো কারও ভালো লাগতে পারে তাই না? সে তার মনের কথাটি জানালে তোমার যদি ভিন্নমত থাকে, তখন তোমারও কিন্তু ‘না’ বলার অধিকার আছে। নিজের ও অন্যের অধিকার সম্পর্কে সচেতন থাকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনদক্ষতা। এটি আমাদের সম্পর্কগুলোকে কেবল আবেগের তোড়ে ভেসে যাওয়া থেকে রক্ষা করে। আশা করি তুমি নিজের সত্তাটিকে এবং মেয়েটির নিজস্ব সত্তার প্রতি সমান শ্রদ্ধা রেখে কথাটি ওকে বলে দেবে। পরবর্তী সময়ে নিজের মন ও শরীরের সম্পূর্ণ যত্ন নেওয়ার মাধ্যমে নিজের প্রতি দায়িত্বশীল হবে। জোর করে কারও সঙ্গে সম্পর্ক করা যায় না। এটি যদি তোমাদের বয়সের ছেলেমেয়েরা সব সময় মাথায় রেখে চলে, তাহলে সবার জন্যই ভালো থাকা সম্ভব।