ওজন কমছেই না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাবার সামনে নিয়ে দুশ্চিন্তা না করে পরিমিত পরিমাণে খান। ছবি: অধুনা
খাবার সামনে নিয়ে দুশ্চিন্তা না করে পরিমিত পরিমাণে খান। ছবি: অধুনা

ওজন কমানোর জন্য ক্যালরির হিসাব করছেন, খুব ব্যায়াম করছেন, তারপরও ওজন কমছে না কিছুতেই। কিন্তু কেন? এর কারণ হতে পারে অনেক কিছু। তবে সেগুলোর গোড়ায় যে ব্যাপারটি রয়েছে, সেটি হচ্ছে অভ্যাস।

 আপনি কি স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন?

মানুষভেদে স্বাস্থ্যকর খাবারের ধরনও বদলায়। কারও কারও কাছে বাড়ির খাবার মানেই স্বাস্থ্যকর, কারও কাছে হালকা খাবার স্বাস্থ্যকর। আসলে স্বাস্থ্যকর খাবার কোনটি, সে বিষয়ে স্টাডি লেখক এবং পিএইচডির প্রার্থী আলিয়া ক্রাম বলেন, যে খাবার আপনাকে আরাম দেবে, পরিষ্কার ও পুষ্টিকর হবে এবং আপনার বিপাক নিয়ন্ত্রণকে আরাম দেবে, সে খাবারই স্বাস্থ্যকর খাবার।

আপনি বাড়ির খাবার বলে যদি তেলে-ঝোলে বা অতিরিক্ত ঝাল দেওয়া খাবার খান, তাহলে কিন্তু তাকে স্বাস্থ্যকর খাবার বলা যাবে না কিছুতেই। আবার যদি ভাবেন হালকা খাবার খেলে ওজন কমবে। তাহলে সেই ধারণা থেকেও বের হতে হবে। যদি স্যুপই খেতে চান, তাহলে সঙ্গে এক টুকরা রুটি নিতে ভুলবেন না। রোজ একধরনের খাবার শুধু ওজন বাড়িয়েই দিতে পারে তা না, রোজ একই ধরনের খাবার দীর্ঘদিন খেলে পরে অন্য খাবার খাওয়ার সময় তা হজম করতে অসুবিধা হবে।

 খুব বেশি খরচ করছেন?

ব্যাপারটি শুনতে অস্বস্তিকর হলেও সত্যি যে যাঁরা নগদ টাকায় বাজার করেন, তাঁরা যেহেতু সীমিত টাকা সঙ্গে নিয়ে যান, তাই তাঁদের বেশি খাবার বা জাঙ্ক ফুডজাতীয় খাবার কেনার সুযোগ কম। আবার যাঁরা কার্ডে সুপার শপ বা মেগা মল থেকে কেনাকাটা করেন, তাঁদের মধ্যে একটু বেহিোবি বাজারের প্রবণতা দেখা যায়। বলাই বাহুল্য, আপনি যত বেশি কিনবেন, তত বেশি খাবেন।

গবেষক ও লেখক কল্পেশ দেসাই, যিনি বিংহ্যামটন বিশ্ববিদ্যালয়ের বিপণনের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছেন। তিনি বলেন, জাঙ্ক ফুড ক্রেতারা সবাই নিজেদের ভবিষ্যৎ জানেন বা সচেতন থাকেন। কিন্তু খাওয়ার পরপরই যেহেতু চিকিৎসার ব্যয়টি লাগছে না, তাই তারা ব্যাপারটি গুরুত্বের সঙ্গে নেন না।

 ব্যায়াম নিয়ে খুব বেশি ভাবেন?

অনেকের ক্ষেত্রেই দেখা গেছে, ওজন কমানোর ক্ষেত্রে তাড়াহুড়া করেন। তারা প্রথম দিকে খুব বেশি ব্যায়াম করে ক্লান্ত হয়ে যান। পরে ব্যায়ামের গতি যেমন কমতে থাকে, বেড়ে যায় স্ন্যাক্সজাতীয় খাবার খাওয়ার আগ্রহ। কেউ কেউ দেখা যায় সারা দিন ধরে ভাবছেন—সকালে ব্যায়াম করব, বিকেলে ব্যায়াম করব। বিকেলবেলা একটু খাই, সন্ধ্যায় ব্যায়াম করব। আচ্ছা, সাতটা তো পার হয়েই গেছে, এবার একটু খাই রাতে ব্যায়াম করব।

 বসে থাকার কাজ করছেন?

আপনার যদি সারা দিন বসে থাকার কাজ হয়, তাহলে সে জন্যও কিন্তু বেড়ে যেতে পারে ওজন। একেবারে নড়াচড়া করাই হচ্ছে না দিনের বড় একটা সময় আর কাজও করছেন রেডিয়েশন বা লেজারের মাঝে, তাহলে আপনার ক্ষেত্রে ক্যালরির হিসাব বা হালকা ব্যায়াম খুব একটা কাজে দেবে না। সে ক্ষেত্রে অন্তত ৩০ মিনিট পর অবস্থান পরিবর্তন করুন। কথা বলে নিন আপনার পুষ্টিবিদের সঙ্গে।

 কম ঘুমান? বা খুব দুশ্চিন্তা করছেন?

সুস্থ মানুষের জন্য দৈনিক অন্তত সাত থেকে সাড়ে সাত ঘণ্টা ঘুম খুবই জরুরি।

স্লিপ ডক্টর ডায়েট প্ল্যান-এর লেখক মাইকেল ব্রেউস বলেন, ‘চোখ বন্ধ করে রাখাই কিন্তু শরীরের জন্য যথেষ্ট নয়। শর্করা আর চর্বি থেকে বাঁচলেই হবে না শুধু। ঘুমাতেও হবে।’ দ্য আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন-এর একটি গবেষণায় দেখা গেছে, যাঁরা চার ঘণ্টারও কম সময় ঘুমান, তাঁরা পরের দিনই আরও ৩০০ ক্যালরি এবং ২১ গ্রাম চর্বি বাড়াচ্ছেন শরীরে।

একটি তীব্র কাজের চাপ, অস্থিতিশীল সময়সূচি, চ্যালেঞ্জিং পেশা, পারিবারিক সমস্যা—আপনার চাপের কারণ যা-ই হোক না কেন, এটি আপনার ওজন হ্রাসের সংগ্রামের মূল কারণ হতে পারে। এটি কার্টিসোল নামক স্ট্রেস হরমোনের কারণে আপনার শরীরের ওজন বাড়িয়ে দেয়। আসলে গবেষণায় দেখানো হয়েছে যে উচ্চরক্তচাপের কারণে কোলেস্টেরলের উচ্চমাত্রায় চর্বি যুক্ত হয়।

সূত্র: হেলথ ডট কম