ওজন কমাতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওজন কমানোর জন্য ডায়েটের পাশাপা​শি প্রতিদিন শরীরচর্চা করতে হবে। মডেল: ইন্দ্রানী। ছবি: অধুনা
ওজন কমানোর জন্য ডায়েটের পাশাপা​শি প্রতিদিন শরীরচর্চা করতে হবে। মডেল: ইন্দ্রানী। ছবি: অধুনা

এতটা বছর যা করা হয়নি, হোক না এবার তা করার শপথ। নতুন বছরে করা হোক পুরোনো দিনের ভুলগুলো শুধরে নেওয়ার অঙ্গীকার। সুস্থ থাকতে হবে নিজের জন্য, কাছের মানুষগুলোর জন্য, সমাজকে কিছু দেওয়ার জন্য। আর সুস্থ থাকতে চাই সুষম খাদ্য ও নিয়মিত শরীরচর্চার অভ্যাস।
বাড়তি ওজনের ঝক্কির নেই শেষ। ওজন বেশি হলে শরীরে বাসা বাঁধতে পারে নানা অসুখ। নিজে অসুস্থ হলে নিজের ক্ষতি তো আছেই, আপনজনেরাও হবেন ক্ষতিগ্রস্ত। অসুস্থতার জন্য ব্যয় বাড়বে পরিবারের। সেসব কিছু হয়ে যাওয়ার আগে এই তো সময়, নিজের প্রতি যত্নশীল হওয়ার। আজ থেকেই শুরু হোক সুস্থ থাকার লড়াই।
ওজন কমাতে তড়িঘড়ি কিছু করাটা অবশ্য ঠিক নয়। ওজন কমাতে খাদ্যাভ্যাস পরিবর্তন যেমন দরকার, তেমনি করতে হবে শরীরচর্চাও। ওজন কমাতে হাঁটুন, সাঁতার কাটুন বা অন্য কোনো ব্যায়াম করুন, তবে কোনো ধরনের শরীরচর্চা ছাড়া ওজন কমানো যাবে না। আবার খাওয়া-দাওয়া একেবারে বন্ধ করে দিয়ে ওজন কমিয়ে ফেলাও সম্ভব নয় কারও পক্ষেই। স্বাভাবিকভাবে একজন পূর্ণবয়স্ক পুরুষের প্রতিদিন গড়ে ১৪০০-১৬০০ ক্যালরি প্রয়োজন। আর একজন পূর্ণবয়স্ক নারীর প্রতিদিন গড়ে ১০০০-১২০০ ক্যালরি প্রয়োজন।
প্রতিদিনের প্রয়োজনীয় ক্যালরিটুকু পাঁচ-ছয়বারে ভাগ করে গ্রহণ করা ভালো। উচ্চ ক্যালরিযুক্ত খাবারের পরিবর্তে কম ক্যালরিযুক্ত খাবার খাওয়া উচিত। তেলে ভাজা খাবার, মেয়োনেজ লাগানো বার্গার বা স্যান্ডউইচ, পিৎজা, চিপস, কেচআপ, চকলেট, আইসক্রিম, হালুয়া, পুডিং—এসব খাবারে ক্যালরির পরিমাণ বেশি। একটা ডিমে যে পরিমাণ ক্যালরি আছে, তার চেয়ে বেশি ক্যালরি পাওয়া যায় এক টুকরো পুডিং থেকে। ফ্রায়েড রাইস, খিচুড়ি, বিরিয়ানি, মোগলাই পরোটা না খাওয়াই বুদ্ধিমানের কাজ। তাই বলে শীতের পিঠেপুলি বা নিমন্ত্রণবাড়িতে যাওয়ার বিষয়টা একেবারেই বাদ দিতে হবে, তা নয়। জীবনের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে হলে এগুলো বাদ দিলে চলবে না। তবে নিয়ন্ত্রণ রাখুন নিজের ওপর, এসব খাবার খান পরিমিত পরিমাণে।

ওজন কমানোর জন্য ডায়েটের পাশাপা​শি প্রতিদিন শরীরচর্চা করতে হবে। মডেল: ইন্দ্রানী। ছবি: অধুনা
ওজন কমানোর জন্য ডায়েটের পাশাপা​শি প্রতিদিন শরীরচর্চা করতে হবে। মডেল: ইন্দ্রানী। ছবি: অধুনা

ডিম আর এক কাপ দুধ খেতে পারেন প্রতিদিন। দুধের তৈরি কোনো খাবার যেদিন খাবেন, সেদিন অবশ্য দুধ খাওয়াটা বাদ দেওয়াই ভালো। ফলমূল ও শাকসবজি খাবার অভ্যাস গড়ে তুলুন। শসা বা টমেটোর সালাদ খেতে পারেন, তবে মেয়োনেজ বা তেল দেওয়া সালাদ খাওয়া চলবে না। ওজন কমানোর জন্য লবণ, চিনি আর তেল—এসব উপাদান গ্রহণই কমাতে হবে। ভাত, রুটি, পাতলা ডাল, কম তেলে রান্না করা সবজি কিংবা তেলে না ভেজে ঝোল করে রান্না করা মাছ খেতে পারেন। ভাত-রুটি খাওয়ার সময় ছাড়া অন্য সময় চলতে পারে চিড়া, মুড়ি বা খই। নুডলস খাওয়া যেতে পারে; তবে খেয়াল রাখতে হবে, যেকোনো খাবার তৈরি করার সময় যত বেশি উপকরণ যোগ করা হবে, খাবারটি থেকে পাওয়া ক্যালরির পরিমাণ ততই বেড়ে যাবে। তাই ডিম, মাংস বা চিংড়ি দিয়ে তৈরি করা নুডলস না খাওয়াই ভালো। বার্গার বা স্যান্ডউইচ খেতে চাইলে মেয়োনেজ ছাড়া বার্গার বা স্যান্ডউইচ খেতে পারেন।
শুধু খাবারের পরিমাণ কমিয়ে দিয়ে আর সুষম খাবার গ্রহণ করে ওজন কমানো সম্ভব নয়। আজ থেকে কম খেলাম আর কিছুদিন পর থেকে শরীরচর্চা শুরু করব, এই আলসেমি করা যাবে না। শুয়ে-বসে থেকে শুধু খাদ্যাভ্যাস পরিবর্তন করলে ওজন খুব একটা কমবে না। যতটা খাচ্ছেন, সেই খাবার থেকে পাওয়া ক্যালরি পোড়াতে শরীরচর্চা করতেই হবে। আবার সারা দিন না খেয়ে থেকে সন্ধ্যার পর থেকে গোগ্রাসে খাবার খেলেও হবে না বাড়তি ওজনের সমাধান। বরং নির্দিষ্ট সময় পরপর পরিমিত পরিমাণে খাবার খেতে হবে।
ওজন কমানোর ওষুধ কোনো জাদু নয়, তাই ওষুধ খেয়ে ওজন কমাতে চাইলেও খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ আর শরীরচর্চা দুটোই দরকার। তবে এমন কেউ কেউ আছেন, যাঁদের ওজন বেশি হওয়ার পেছনে কোনো অসুখ দায়ী। তাঁরা খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখলেও ওজন কমাতে পারেন না। তাঁদের সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি চিকিৎসকের পরামর্শমতো ওষুধ সেবন করা প্রয়োজন।
লেখক: প্রধান পুষ্টিবিদ, বারডেম হাসপাতাল, ঢাকা