
শরীরে আমিষের অভাব হলে চুল তার স্বাভাবিক উজ্জ্বলতা হারায়। চুলের আগা ফাটতে শুরু করে। কখনো চুল পড়েও যেতে পারে। অন্যদিকে ভিটামিন ‘ই’-এর অভাবে চুলের ঘনত্ব কমে যায়। এ ছাড়া খাদ্যতালিকায় ভিটামিন ‘এ’-সমৃদ্ধ খাবার না থাকলে চুল রুক্ষ ও প্রাণহীন হয়ে যায়। অন্যদিকে ভিটামিন ‘সি’ ত্বকের ক্ষত পূরণ করে সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। ভিটামিন ‘কে’ ত্বকের কালো দাগ দূর করে। আর এসব ভিটামিন খাদ্যতালিকায় না থাকলে ঘটে ঠিক উল্টোটা। ত্বক শুষ্ক, রুক্ষ ও লাবণ্যহীন হয়ে যায়, চোখের নিচে কালি পড়ে এবং ত্বকে বলিরেখা পড়তে শুরু করে। তাই ওজন কমাতে গিয়ে নিজের ইচ্ছেমতো, খাওয়াদাওয়া বন্ধ করে দিলে কিন্তু হবে না। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তৈরি করতে হবে খাদ্য তালিকা বা ডায়েট চার্ট। এতে ওজন কমবে অন্যদিকে শরীরে বিরূপ প্রতিক্রিয়াও হবে না। এ সম্পর্কে জানতে চেয়েছিলাম বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ শামছুন্নাহার নাহিদের কাছে। তিনি বলেন, ‘নিজের মতো করে খাওয়াদাওয়া বন্ধ করে দিলে শরীরের ওজন হয়তো খানিকটা কমে কিন্তু অন্যান্য অঙ্গে দীর্ঘস্থায়ী ক্ষতির ছাপ পড়ে যায়। এমন অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় চুল ও ত্বক।’ এ অবস্থা থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়, সে সম্পর্কে খানিকটা জেনে নেওয়া যাক এবার।
* বিশেষ কোনো ডায়েট অনুসরণ করার সময় পানি আর পানীয় জাতীয় খাবার খেতে হবে বেশি করে। এখানে কোনো ছাড় নয়।
* অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন ‘সি’, ‘এ’, ‘ই’ এবং আয়রনসমৃদ্ধ খাবার খেতে হবে বেশি করে। সহজ করে বললে সবুজ, হলুদ, কমলা ও সাদা রঙের শাকসবজি ও ফল খেতে হবে প্রতিদিন।
* ক্যারোটিন ও ভিটামিন ‘এ’-সমৃদ্ধ ফল ত্বকের কোষের ক্ষয় পূরণ করে ত্বককে সতেজ করে তোলে। আর এটা ডায়েট চার্টে না রাখলে ত্বক ধীরে ধীরে নির্জীব হয়ে যায়। এ ধরনের কয়েকটি ফলের নাম মুখস্থ করে নিন—আপেল, কলা, জাম, খেজুর, আঙুর, পেঁপে ইত্যাদি।
* ডায়েট চার্টে অবশ্যই আঁশযুক্ত শাকসবজি রাখতে হবে। ত্বককে সতেজ ও সুস্থ রাখবে এ সবজিগুলো।
* ডায়েট করার সময় নিয়ম করে ছয় থেকে সাত ঘণ্টা কিন্তু ঘুমও খুব জরুরি। এ সময় ঘুমের ব্যাঘাতে চোখের নিচে কালি পড়তে করে।
* এ সময় রাত জেগে দিনে ঘুমালে কাঙ্ক্ষিত ওজন কমবে না। সেই সঙ্গে শরীর তার স্বাভাবিক সৌন্দর্য হারাতে থাকবে।
* শরীর সুস্থ রেখে ওজন কমাতে চাইলে খেতে হবে সুষম খাদ্য। সেই সঙ্গে হিসাব করে খেতে হবে ক্যালরি। সত্যিটা হলো ওজন কমাতে প্রয়োজন পুষ্টিগুণসমৃদ্ধ খাবার, কিন্তু কম ক্যালরিযুক্ত সুষম খাদ্যের।