ওজন কমেছে, এবার ধরে রাখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওজন কমানোর পরেও নিয়মিত শরীরচর্চা করুন। মডেল: সাফা কবির। ছবি: কবির​ হোসেন
ওজন কমানোর পরেও নিয়মিত শরীরচর্চা করুন। মডেল: সাফা কবির। ছবি: কবির​ হোসেন

শরীরের ওজন কমাতে অনেকেই ডায়েট করেন, মেনে চলেন খাবারের বিভিন্ন বিধিনিষেধ৷ একটা নিয়ম মেনে খাওয়ার পর ওজন ঠিকই কমে৷ কিন্তু এরপর অনেকেই মনে করেন ওজন তো কমেই গেছে এখন আর ডায়েট করার কী প্রয়োজন৷ এর ফলে আবার বেড়ে যায় শরীরের ওজন৷ তাই ডায়েট করে ওজন কমানো যতটা কঠিন তার চেয়েও কঠিন সেই ওজনটাকে ধরে রাখা৷
ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ আখতারুন নাহার আলো বলেন, ডায়েট করার সময় তেল-চর্বিযুক্ত এবং ফাস্ট ফুডের মতো খাবারগুলো এড়িয়ে চলা হয়৷ খাওয়া হয় লো ক্যালরিযুক্ত খাবার৷ কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় ডায়েটের সময়টুকু পার হয়ে গেলে অনেকেই আবার আগের খাবার তালিকায় ফিরে যান৷ মনে করেন শুকিয়ে তো গিয়েছি৷ এ জন্য খাওয়ার ক্ষেত্রে মানেন না কোনো বিধিনিষেধ। এতে ওজন তো বাড়েই পাশাপাশি ক্ষতি হয় শরীরের৷
আখতারুন নাহার আলো বলেন, ডায়েটের পর ওজন ঠিক রাখতে চাইলে প্রথমেই হাই ক্যালরিযুক্ত খাবারগুলো এড়িয়ে চলতে এবং বাদ দিতে হবে চিনিযুক্ত খাবার৷ বাইরের খাবার ওজন বাড়াতে সাহায্য করে৷ এ জন্য খুব কম পরিমাণে খেতে হবে বাইরের খাবার। অনেকেই নিজেকে ফিট রাখতে দিনের যেকোনো এক বেলা না খেয়ে থাকেন৷ এটা করা মোটেও উচিত নয়৷ কারণ দেখা যায় এক বেলা না খেলে পরে অনেক বেশি খাওয়া হয়ে যায়৷ তাই প্রতি বেলায় নিয়ম করে অল্প খাবার খেতে হবে। খাবারের প্লেটে বেশি পরিমাণে শাকসবজি এবং ফলমূলের পাশাপাশি যেসব খাবারে পুষ্টি বেশি সেসব রাখতে হবে। নিয়মিত শরীরচর্চা আর হাঁটা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে৷ তাই ডায়েট শেষ হলেও প্রতিদিন ৩০-৪৫ মিনিট হাঁটার অভ্যাস করতে হবে৷ প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করতে পারলে তা ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ডায়েট-পরবর্তী সময়ে অবশ্যই প্রতিটা খাবার খাওয়ার ক্ষেত্রে সচেতন থাকতে হবে৷ ডায়েট করার অর্থ শুধু ওজন কমানো নয়৷ ডায়েট মানে সচেতনভাবে স্বাস্থ্যসম্মত খাবারের অভ্যাস গড়ে তোলা। এসব নিয়ম মেনে চললে ওজন ঠিক রাখা সম্ভব। তবে এসব নিয়ম মেনে চলার সঙ্গে সঙ্গে ডায়েট-পরবর্তী খাবারের নিয়ম অথবা কী করা উচিত এ বিষয়ে বিশেষজ্ঞদেরও পরামর্শ নেওয়া যেতে পারে।
তথ্যসূত্র: ওয়েব এমডি, ওমেন্স হেলথ