
নিজেকে ফিট রাখতে কে না চান? অনেকে আবার কোনোভাবেই বাগে আনতে পারেন না অতিরিক্ত ওজনকে। জন্মগতভাবেই কেউ ছিপছিপে শরীরের অধিকারী, আবার কেউবা খাবার নিয়ন্ত্রণে রেখে, শরীর চর্চা করে ছিপছিপে ভাব ফিরিয়ে আনেন। দ্বিতীয় পক্ষকে দেখে উৎসাহিত হয়ে অনেকেই শুরু করেন নিজের অতিরিক্ত ওজনটাকে ঝেড়ে ফেলতে। কারণ, অতিরিক্ত ওজন যেমনটা বাহ্যিক সৌন্দর্য হানি করে, তেমনি নানা রোগশোকের বসত বানিয়ে ফেলে শরীরে।
অতিরিক্ত ওজন কমিয়ে স্বস্তি পেতে, নিজের সৌন্দর্য পুনরায় ফিরিয়ে আনতে আমরা খাদ্যতালিকা অনুসরণ করি। নানা রকম ব্যায়াম করি। ওজন কমে। কিন্তু দেখা যায়, সেই ওজন কমার হার একটা জায়গায় এসে থেমে যায়। ধরুন, আপনি ওজন কমিয়েছেন তিন থেকে পাঁচ কেজি। আপনার আরও কমানোর প্রয়োজন। কিন্তু পাঁচ কেজি ওজন কমানোর পর কিছুতেই আর কমছে না। ওজনের কাঁটাটি স্থির হয়ে থাকে মাসের পর মাস। কিন্তু সুস্থ থাকার জন্য আপনার আরও ৭ থেকে ১০ কেজি ওজন কমানো প্রয়োজন। কোনো কিছুতেই হচ্ছে না। ওজন কমার হারটা কেন থেমে যায়, জানতে চেয়েছি বারডেম হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ আখতারুন্নাহারের কাছে। তিনি জানিয়েছেন, আমাদের এমনটা হয় সাধারণত ক্র্যাশ ডায়েটের জন্য। ক্র্যাশ ডায়েট বিষয়টা হচ্ছে, আমরা যখন আমাদের ওজন কমানোর জন্য মনস্থির করি, তখন অনেকেই না খেয়ে থাকার একটা প্রবণতায় থাকি। যেমন ওজন কমানোর জন্য কেউ কিছু খেলেন না, শুধু স্যুপ খেলেন। এভাবে শুধু স্যুপের ওপর নির্ভরশীল হয়ে তিনি পুরো মাসে একটা চোখে পড়ার মতো ওজন কমিয়ে ফেললেন। এই ওজন কমিয়ে তিনি খুশি হয়ে গেলেন, ‘বাহ্, বেশ তো, ওজন কমিয়ে ফেলেছি।’ এরপর তিনি সেই ধারাটা বেশি দিন বজায় রাখতে পারেন না। অর্থাৎ শুধু স্যুপ খেয়ে আর কত দিন? তাই তিনি তাঁর পুরোনো খাবারের রুটিনে ফিরে যান। মাথায় থাকে, তিনি তো ওজন কমিয়েই ফেলেছেন। এই ওজন কমিয়েই ফেলেছেন ভাবনায় পুরোনো খাবার-জীবনযাপনের রুটিনে ফিরে যান। ফলে ওজন যে পর্যন্ত কমাতে পেরেছিলেন, ততটুকুই থাকে। তাই ওজন কমানোর জন্য সব সময় জীবনযাত্রার ধারাটা একই রাখতে হবে। একটা নির্দিষ্ট মাপে ওজন কমলেও ক্যালরি গ্রহণের মাত্রাটা সব সময় একই রাখতে হবে। কিছুটা ওজন কমে গেছে, এই ভাবনায় পুরোনো খাবার রুটিনে ফিরে গেলে সেই ওজন কমানোটা কঠিন হয়ে দাঁড়াবে।
‘ঠিক একই রকম করে আশানুরূপ ওজন কমলেই আমরা শরীরচর্চা, শারীরিক পরিশ্রমের কাজগুলোও কমিয়ে দিই। তাই ওজন থাকে স্থিতিস্থাপক,’ বলছিলেন পারসোনা হেলথের শিফট ইনস্ট্রাক্টর ফারজানা খানম। স্থূলকায় শরীর থেকে কিছুটা ফিটনেস অর্জন করলে জিমে যাওয়ার কথা ভুলে যাই। হাঁটাহাঁটি ও খালি হাতে শরীরচর্চাটাও কমে যায় তখন। কিন্তু যতটুকু ওজন কমানো গেছে, তাতে যদি খুশি না হয়ে নিয়মিত আগের মতো জিমে যাওয়া, শারীরিক পরিশ্রমটা করা হয়, তাহলে এ সমস্যাটায় পড়তে হয় না। যতটুকু ওজন একজন ব্যক্তি কমাতে পেরেছেন এক কিংবা তিন মাসে, এই তিন মাসে তাঁর জীবনযাত্রার ধারা-শারীরিক পরিশ্রমের রুটিন যদি তিনি সব সময় মেনে চলতে পারেন, তাহলে ওজন কমার হারটা থেমে থাকবে না। ওই এক-দুই মাসের মতো খুব দ্রুতগতিতে ওজন না কমলেও অল্প অল্প করে ঠিকই তাঁর মেদবহুল শরীরটাকে একটা ছিপছিপে ভাবে ফিরিয়ে আনতে পারবেন।
গ্রন্থনা: জোহরা শিউলী