ওজনটা যখন কম
‘স্বাস্থ্য মানে গোশত নয়’—কথাটা যেমন সত্য, ঠিক তেমনি হীনস্বাস্থ্য বা কৃশকায় হওয়াটাও কারও কাম্য নয়। কেবল সুস্থভাবে চলার জন্যই নয়, বাহ্যিকভাবে সুন্দর দেখাতেও স্বাস্থ্যটা ভালো হওয়া দরকার। খুব বেশি বা খুব কম ওজন, কোনোটাই স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাই স্বাভাবিক একটা ওজন থাকা দরকার। বারডেম হাসপাতালের পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আখতারুন নাহার বলেন, প্রত্যেক মানুষের শরীরের উচ্চতার সঙ্গে নির্দিষ্ট একটা ওজন থাকা দরকার। ব্যক্তির উচ্চতা যত সেন্টিমিটার তা থেকে ১০০ বিয়োগ করতে হবে। এর পরে যে ওজনটা পাওয়া যাবে তা-ই হবে ব্যক্তির আদর্শ ওজন। তবে যাঁদের ওজন কম, তাঁদের ওজন বাড়ানোর কিছু উপায়ও বলে দিয়েছেন এই পুষ্টিবিদ। তাঁর মতে— অনেক খাওয়ার পরও যাঁদের ওজন বাড়ে না, তাঁদের চিকিৎসকের কাছে গিয়ে আগে সমস্যাটা নিরূপণ করতে হবে; অনেকে আবার খাবার হয়তো খাচ্ছেন ঠিকই, কিন্তু তা ক্যালরিসমৃদ্ধ নয়। তাই ক্যালরিসমৃদ্ধ খাবার খেতে হবে; খাবারে রুচি না থাকলে ফল বেশি করে খেতে হবে। ফল খেলে রুচি বাড়ে; খাওয়ার পর বেশি করে পানি পান করতে হবে; তবে পেট ভরে খাওয়ার পরই পানি খাওয়া উচিত নয়। খাওয়ার আধা ঘণ্টা পরে পানি খেতে হবে; অনেকের কৃমিজনিত সমস্যা থাকে। এ জন্য বেশি খেলেও স্বাস্থ্য ভালো হয় না। এসব দূর করার জন্য চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে; হতাশা ও দুশ্চিন্তা দূর করা; দীর্ঘ সময় না খেলে পেটে গ্যাস জমে যায়। তাই একটু পর পর অল্প করে খাওয়া উচিত; যতই ভালো খাবার খাওয়া হোক না কেন, ভালো ঘুমের কিন্তু বিকল্প নেই। তাই ঘুমটা ভালো হতে হবে; হালকা ব্যায়াম করা বা হাঁটাচলা করতে হবে। এতে ক্ষুধা বাড়বে।কেবল ভালো খেলেই চলবে না, পাশাপাশি বেশ কিছু ব্যায়ামও করতে হবে—এমনটাই বললেন ফিটনেস ওয়ার্ল্ড অ্যান্ড হেলথ ক্লাবের হেলথ ইনস্ট্রাক্টর এম আর মানিক। তিনি বলেন, ওজন বাড়ানো মানে কিন্তু শরীরে চর্বি বা ফ্যাট বাড়ানো নয়। শরীরকে মেদমুক্ত করে শরীরের মাংসপেশিগুলোকে সবল করতে সাহায্য করে ব্যায়াম। ঠিকমতো খাবারের সঙ্গে নিয়মিত ব্যায়াম শরীরের ওজন বাড়ায়। তবে ব্যায়াম করার আগে অবশ্যই চিকিৎসক বা ব্যায়ামাগারের ইনস্ট্রাক্টরের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত।