ওঝার কাণ্ড!
বিদ্যালয় ছুটির বহুক্ষণ পরও মেয়ে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন তার বাবা-মা। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে উদ্ভ্রান্ত বাবা-মা ছুটে যান ‘পাতিলা ফকির’ নামে পরিচিত এলাকার এক নারী ওঝার কাছে। ওঝা জানান, দুষ্টু জিনের দল মেয়েটিকে লুকিয়ে রেখেছে বাড়ির পুকুরে। এ জন্য পুকুর পাড়ে গিয়ে দোয়া-কলমা পড়তে হবে।
মেয়ের আত্মীয়স্বজন সন্ধ্যা থেকে রাতভর বসে রইলেন পুকুরের পাড়ে। গ্রামের কয়েক শ উৎসুক নারী-পুরুষও জড়ো হলেন সেখানে। একসময় মেয়েটিকে খুঁজতে ওঝার পরামর্শে জনা দশেক লোকও নামলেন পুকুরে। কিন্তু কোনো ফল হলো না। তবে ভোরে সংবাদ পাওয়া গেল, মেয়েটি পাশের গ্রামে সহপাঠীর বাড়িতে আছে। সেখানে সহপাঠীর বোনের বিয়েতে রাতভর চলেছে অনুষ্ঠান। সেসব দেখতেই রাতে থেকে গিয়েছিল সে।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া গ্রামে গত বুধবার এই ঘটনা ঘটেছে। গ্রামবাসী জানায়, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সুমি (ছদ্মনাম) বুধবার বিদ্যালয় ছুটি হলে তার এক সহপাঠীর সঙ্গে গায়েহলুদের অনুষ্ঠানে যায়। সুমি রাতে সেখানে থেকে গেলে এমন ঘটনা ঘটে।
জানা গেছে, পশ্চিম বরুমচড়া গ্রামের ‘পাতিলা ফকির’ হিসেবে পরিচিত নারী ওঝার (বৈদ্য) নাম রওশন আরা (৩০)। তিনি দীর্ঘদিন তাঁর স্বামী মো. ইলিয়াসের (৩৫) সহায়তায় গ্রামবাসীকে প্রতারিত করছেন। আধ্যাত্মিক ক্ষমতার কথা শুনে সুমির বাবা-মা রওশন আরার কাছে যান মেয়েকে পাওয়ার আশায়। মেয়েকে না পেয়ে থানায় খবর না দিয়ে কেন ওঝার কাছে গেলেন, এমন প্রশ্ন করলে সুমির বাবা (৪০) বলেন, ‘আমরা লেখাপড়া জানি না। ভেবেছিলাম ওঝার অলৌকিক ক্ষমতা আছে।’
ঘটনার প্রত্যক্ষদর্শী বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী মো. শাহজাহান বলেন, ‘রাতে মেয়েটির খোঁজে যে কাণ্ড ঘটে গেল, তা দেখে অবাক হয়েছি। ওঝার ব্যাপারে তাঁদের সাবধান করলেও তাঁরা শোনেননি।’
বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জমান প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি আসলেই হাস্যকর, একটু সচেতন হলে এমন কাণ্ড ঘটত না।’
স্থানীয় আওয়ামী লীগের নেতা আজাদ শিকদার বলেন, দীর্ঘদিন ধরে রওশন আরা ও তাঁর স্বামী সহজ-সরল গ্রামবাসীকে প্রতারিত করছেন। এই বারের ঘটনায় তাঁদের বুজরুকি ফাঁস হয়ে গেছে।
আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার আজাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এমন ঘটনার পর আমরা সেখানে গিয়েছি। মেয়ের অভিভাবক ওঝা সম্পর্কে কোনো অভিযোগ না করায় আমরা ব্যবস্থা নিতে পারছি না।’