ওড়ার আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমানে চড়ার আগে প্রস্তুতি নিতে হবে
বিমানে চড়ার আগে প্রস্তুতি নিতে হবে

বিমানটা যেই মাটি ছেড়ে আকাশে উড়াল দিল, কানে কেমন ডেন শোঁ শোঁ শব্দ শোনা যেতে থাকর। আবার নেমে আসার সময় কানে তো রীতিমতো ব্যথা, আশপাশের কথাবার্তাও শোনা যাচ্ছে কম। কানে রীতিমতো ‘তালা’ লেগে গেছে। কারও কারও আবার বিমানযাত্রায় বমি বমি ভাবও দেখা যায়।

কানের সুরক্ষা
আপনার নাক ও কানের সুরক্ষার জন্য বিমানযাত্রার ২৪ ঘণ্টা আগে থেকে নাকের ডিকনডেসট্যান্ট ড্রপ ব্যবহার করতে পারেন। এতে শ্বাসতন্ত্র ও সাইনাস থাকবে ঝরঝরে পরিষ্কার। উড়ালের সময় এবং বিমান নেমে আসার সময় চুইংগাম চিবোতে পারেন। জোরে জোরে ঢোঁক গিলতে হবে অথবা বড় বড় করে হাই তুলতে হবে। এতে করে মধ্যকর্ণে বাতাসের চাপ বাইরের চাপের সঙ্গে সমান থাকবে। চাপের এ সাম্য নিয়ন্ত্রিত হয় নাক ও কানের সংযোগ নালি অডিটরি টিউবের মাধ্যমে। মধ্যকর্ণে চাপ কমে গেলে কানের পর্দা ভেতরের দিকে চেপে যেতে পারে। এর নাম ব্যারো ট্রমা। এ কারণে দীর্ঘমেয়াদি প্রদাহ এবং মধ্যকর্ণে রস সঞ্চায়ন ঘটতে পারে। শুরু হতে পারে কানে কম শোনা, কানে শোঁ শোঁ ও নানা রকম শব্দ শুনতে পাওয়া এবং কানে ব্যথা।

ডিভিটি বা ডিপ ভেইন থ্রম্বোসিস
চার-পাঁচ ঘণ্টা একনাগাড়ে বসে থাকার কারণে পায়ের শিরাগুলোর মধ্যে ক্লট জমাট বাঁধতে পারে। বিশেষত, যদি বিমানযাত্রীর বয়স চল্লিশের বেশি হয়। ক্যানসারের রোগী, অসুস্থতার কারণে চলাচলে রয়েছে সীমাবদ্ধ, অন্তঃসত্ত্বা অথবা প্রসূতির ক্ষেত্রে এ সমস্যা হতে পারে। আবার জন্মনিয়ন্ত্রণ পিল গ্রহণ করেছেন, বেশি লম্বা, বেঁটে অথবা মোটাসোটা যাত্রীদের বেলায়ও এটা হতে পারে। ডিভিটি হলে পা ফুলে যায়, পায়ে ব্যথা হয়। ক্লটের একটা অংশ বিযুক্ত হয়ে হৃৎপিণ্ড বা মস্তিষ্কে রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করে বিপত্তি ঘটাতে পারে।

স্ট্রেস ও বিমানযাত্রা
বিমান ছাড়ার আগে যাত্রীকে যেতে হয় নানা রকম নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্য দিয়ে। কী কী জিনিস আপনি বহন করতে পারেন, তা নিয়েও আছে অনেক বিধিনিষেধ। আর ইমিগ্রেশন, বোর্ডিং ইত্যাদি তো আছেই। আপনাকে তাই চোখ-কান খোলা রেখে চলতে হবে। বিমানবন্দরে প্রায়ই বসে থাকতে হয় দীর্ঘ সময়। অপেক্ষার ওই মুহূর্তকে কাটিয়ে উঠতে হবে নিজ ধৈর্যশক্তিতে আস্থা রেখে।

জেট-ল্যাগে
ঘড়ির সময় নানান দেশে অদলবদল আছে কিছুটা। ঢাকায় যদি সকাল নয়টা, তো সৌদি আরবে ভোর ছয়টা, আবার সিঙ্গাপুরে বেলা ১১টা। যাত্রার প্রাক্কালে ঘড়ির সময় সেই দেশের সঙ্গে মিলিয়ে নেওয়া ভালো। ভোর থেকে আমাদের শরীর হজম ও নিদ্রার যে রুটিন মেনে চলে, তা ভিনদেশের সঙ্গে মিলিয়ে নিতে কিছুটা সময় লাগে। সে দেশে যেহেতু দিনটা অনেক বড়, বিমানে তাই খানিক ঘুমিয়ে নিতে পারেন।

পথচলতি ব্যায়াম
স্ট্রেস আর ডিভিটির ঝুঁকি এড়াতে আপনি প্লেনের ভেতরে কিছুটা হেঁটে নিতে পারেন। প্রতি ঘণ্টায় একবার মাথার পেছনে হাত রেখে কাঁধের হাড়গুলো কাছে আনার পাশাপাশি কনুই দুটি নিচে টানলে শিরদাঁড়ার ব্যায়াম হয় ভালো। থুতনিকে টেনে বুকের সঙ্গে নামানো একটা ভালো ব্যায়াম।
হাত দুটি সামনে বাড়িয়ে শিথিল হাতকে ক্রমেই শক্ত করে মুঠি পাকান। এবার মুঠি খুলুন। গোড়ালিকে ঘুরিয়ে একবার গোড়ালি, একবার পায়ের আঙুল দিয়ে মেঝেতে চাপ দেওয়ার মাধ্যমে ধারাবাহিকভাবে পা, ঊরু ও নিতম্বের মাংসপেশি শক্ত করে আবার নিস্তেজ করে দিন। প্রতিকূল অবস্থাকে কাটিয়ে উঠতে শ্বাস-প্রশ্বাসকে আমরা সব সময় কাজে লাগাতে পারি। বুক ভরে শ্বাস নিন। দম আটকে রাখুন। আস্তে আস্তে ছাড়ুন।
লেখক: গবেষণা কর্মকর্তা, জাতীয় নাক–কান–গলা ইনস্টিটিউট, ঢাকা