ওডিশার গৌরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখতে না দেখতে পেরিয়ে গেছে পঞ্চম দিন। ওডিশার (উড়িষ্যা) রাজধানী ভুবনেশ্বর থেকে বিদায় মুহূর্ত সমাগত। বিমানবন্দরে যাওয়ার সময় ঘনিয়েছে। কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির (কেআইআইটি বা কিট) কর্ণধার অচ্যুত সামন্তর সঙ্গে শেষবারের মতো দেখা-সাক্ষাতের পর্বও শেষ। বিমাবন্দরের দিকে রওনা হওয়ার পালা। গাড়ি কিট-এর ক্যাম্পাস ছাড়িয়ে প্রায় বড় রাস্তায় উঠে গেছে। কিন্তু মনের খচখচানি যাচ্ছে না। কিছু একটা কি বাকি থেকে গেল? সঙ্গী সমবয়সী লিয়াজোঁ কর্মকর্তা চিত্তরঞ্জন পান্ডা তাঁর সংগীতপ্রতিভা জাহির করার চেষ্টা করে যাচ্ছে। গাড়ি কিংস প্যালেস ছাড়িয়েছে সবে। ‘এটা ছেলেদের হোস্টেল।’ গান থামিয়ে আরেকবার মনে করিয়ে দিল পান্ডা। আগেরবার হোস্টেলের ঝকমকে ভবন দেখে চমকিত হয়েছিলাম। এবার দ্বিতীয় দফায় চমকে উঠলাম। মনে পড়ে গেছে! সামন্তজি বেশ কয়েকবার বলেছেন, ওডিশার বিশ্বমানের বিদ্যাপীঠ কিটে জনা পঞ্চাশেক বাংলাদেশি ছেলেমেয়ে পড়ে। এই পাঁচ দিনের বেশুমার ঘোরাঘুরিতে ওদের খোঁজ করার সময় হয়নি।‘গাড়ি ঘোরান, প্লিজ। আমি বাংলাদেশি কারও সঙ্গে দেখা করতে চাই।’চিত্তরঞ্জন পান্ডা অবাক হয়ে গান থামিয়েছে। গাড়ির চালকও অবাক হয়ে চাইল। কিন্তু গাড়ির নাক ঘোরাতে দেরি করল না। পান্ডা দ্রুত ফোন করল কয়েক জায়গায়। ওডিয়া ভাষায় হড়বড় করে কী বলল কে জানে। তারপর ফোন রেখে চালককে বলল, ‘ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চলো।’মিনিট দশেকের পথ। এরই মধ্যে মুঠোফোনে বাংলাদেশি শিক্ষার্থী স্নেহাশীষের সঙ্গে কথা হয়ে গেল। সে ক্লাসে। কিন্তু অনুমতি নিয়ে বেরিয়ে আসতে পারবে। প্রকৌশলবিদ্যা ভবনটা কিট-এর অন্য সব ভবনের মতোই মনোরম। আমরা প্রকৌশল ভবনের সবুজ ঘাসে ঢাকা লনে দাঁড়িয়েছি। স্নেহাশীষ ছুটতে ছুটতে এল।পুরো নাম স্নেহাশীষ দাশ। বাড়ি চট্টগ্রামে। ভুবনেশ্বরের এই বিশ্ববিদ্যালয়ের খোঁজ কীভাবে পেল বাংলাদেশের স্নেহাশীষ? পরিচিত এক বড় ভাই এখানে পড়ত। তার সূত্র ধরেই মিলেছে খোঁজ, স্নেহাশীষ জানাল। সবাই মুক্তকচ্ছ হয়ে বিশ্ববিদ্যালয়ের খোঁজে ইউরোপ-আমেরিকা ছুটছে আর স্নেহাশীষ কেন ওডিশায়?‘আমাদের বিশ্ববিদ্যালয় বড় বড় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাল্লা দিতে পারে। আর এখানে কোনো সেশন জট নেই, কোনো রাজনীতি নেই, র‌্যাগিং নেই। পড়ালেখার মান ভালো। বাংলাদেশি শিক্ষার্থীরা এখানে ভারতীয়দের চেয়ে কম খরচে পড়তে পারে।’ স্নেহাশীষ বলল। সে একজন ভালো ড্রামারও। তাদের দলের নাম রাগা। সত্যি কথা বলতে কী স্নেহাশীষ ভুল কিছু বলেনি। অচ্যুত সামন্তর গড়া কিট এমনই এক শিক্ষাপ্রতিষ্ঠান, যাকে নিয়ে গর্ব করতেই পারে ওডিশার মানুষ। চোখজুড়ানো সাড়ে তিন শ একরের ক্যাম্পাস। আছে খেলার মাঠ, ভলিবল-বাস্কেটবল কোর্ট, টেনিস কোর্ট, স্টেডিয়াম (নির্মাণাধীন), সুইমিংপুল; আছে কম্পিউটারাইজড রেলওয়ে টিকিট রিজার্ভেশন সেন্টার। সব মিলিয়ে কিটকে দরিদ্র রাজ্য হিসেবে পরিচিত ওডিশার সঙ্গে মেলানো যাবে না কিছুতেই। কিট-এর শিক্ষার্থীর সংখ্যা সব মিলিয়ে ১৭ হাজার। ক্যাম্পাসের সংখ্যাও ১৭। ক্যাম্পাসজুড়ে আছে ওয়াই-ফাই ইন্টারনেটসুবিধা। সর্বভারতে সবচেয়ে কম সময়ে ‘ডিমড’ স্ট্যাটাস পাওয়ার গৌরব ওডিশার এই বিশ্ববিদ্যালয়ের। ১৯৯২ সালে ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে যাত্রা শুরু করেছিল এই শিক্ষাপ্রতিষ্ঠান। পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় ২০০৪ সালে। কিট-এর ভর্তি পরীক্ষায় প্রতিবছর জমা পড়ে দেড় লাখের বেশি আবেদনপত্র। ভারত বাদে সার্কভুক্ত অন্য দেশের শিক্ষার্থীরা ৩০ শতাংশ ছাড় পায়।এ বছরের জানুয়ারি মাসে ৯৯তম ভারতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কিট ক্যাম্পাসে। একাধিক নোবেল বিজয়ীসহ এই বিজ্ঞান সম্মেলনে অংশ নিয়েছিলেন পৃথিবীর নানা প্রান্তের ৫০০ বিজ্ঞানী। বিজ্ঞান সম্মেলন উদ্বোধন করতে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। টাইমস অব ইন্ডিয়ার বিচারে ২০০৯ সালে ভারতের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কিট-এর অবস্থান ছিল পঞ্চম। এ বছর বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে দায়িত্ব কাঁধে নিয়েছেন এন এল মিত্র।বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জীবনযাত্রা কেমন? অচ্যুত সামন্তজির কথা থেকে খানিকটা ধারণা করা যেতে পারে। তাঁকে প্রশ্ন করেছিলাম, কিট-এর ছাত্রাবাসগুলোর নাম কিংস প্যালেস আর ছাত্রীদের ক্যাম্পাসের নাম কুইন্স প্যালেস কেন? সামন্তজির উত্তর ছিল, ‘কারণ, আমি চাই ওরা এখন রাজকুমার আর রাজকুমারীদের মতো থাকবে।’কিংস প্যালেসের বাসিন্দা স্নেহাশীষ দাশ আমাদের সামনে হাজির। কিন্তু হাতে একদম সময় নেই। এর মধ্যেই সে তড়িঘড়ি ফোন করল শম্পাকে। শম্পা পাল বাংলাদেশের আরেক শিক্ষার্থী। সে আছে কুইন্স প্যালেসে। স্নেহাশীষকে নিয়ে আমরা আবার ছুটলাম। শম্পা দুই মিনিটের মাথায় বেরিয়ে এল হাসিমুখে। অতিসম্প্রতি শম্পার জীবনে একটি বড় ঘটনা ঘটেছে। সে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে চাকরি পেয়েছে নামজাদা আইটি প্রতিষ্ঠান উইপ্রো লিমিটেডে। তার সঙ্গে কথা শেষ করতে না করতেই চলে এল আরেক বাংলাদেশি—মৌমিতা বিশ্বাস। ‘এত জায়গা থাকতে কিট কেন?’তাদের উত্তরও প্রায় একই। সেশন জট নেই। শান্ত, নিরুপদ্রব জীবন এখানে। কথা বলতে বলতে হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়েছে। সর্বনাশ! ঝটপট একটা ছবি তুলে ওদের বিদায় বলতে হলো।সবাই চলে গেছে বিমানবন্দরের কাছাকাছি। আমি পড়ে গেছি পেছনে। তখনো মধ্যহ্নভোজ বাকি। এই অযাচিত বিলম্বে প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানের প্রতিক্রিয়া কী হবে ভেবে শঙ্কিত বোধ করছি (তিনি ভুবনেশ্বরে এসেছেন কিট বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে। বার্ষিক সমাপনী অনুষ্ঠানের অতিথি বক্তা হিসেবে।)ছুটতে ছুটতে পৌঁছালাম হোটেলের লবিতে। মতি ভাই টেলিগ্রাফ পত্রিকায় চোখ বুলাচ্ছিলেন।ভয়ে ভয়ে বললাম, ‘বাংলাদেশি তিনজনের দেখা পেয়েছিলাম। এ জন্য একটু দেরি। মানে...’‘ওদের পাওয়া গেছে?’ বলতে বলতে মতি ভাই হাসলেন।বুক থেকে পাষাণ ভার নামল।পড়ার যত বিষয়কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিতে (কিট) পড়ার সুযোগ রয়েছে কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশলবিদ্যার নানা বিষয় (পুরকৌশল, তড়িৎকৌশল, যন্ত্রকৌশল, ইলেকট্রনিকস কৌশল), ফলিতবিজ্ঞান, আইন, ব্যবস্থাপনা, জৈবপ্রযুক্তি, ফ্যাশন টেকনোলজি, চলচ্চিত্র ও গণমাধ্যম, চারুকলা, ইয়োগা ও ভাষাতত্ত্ব বিষয়ে। এ ছাড়া মেডিকেল, ডেন্টাল ও নার্সিং বিষয়ে পড়ার সুযোগ রয়েছে পৃথক তিনটি ইনস্টিটিউটে।বিস্তারিত জানতে যোগাযোগ করা যেতে পারে: www.kiitee.ac.inwww.kiit.ac.in