কৃষ্ণের সঙ্গে রাধার অভিমান কাব্যনির্ভর ছন্দে নতুন রূপে উপস্থাপন। কৃষ্ণলীলার নানা উপাখ্যান দোলা দেয় দর্শকদের মনে। সেই সঙ্গে শিববন্দনাও তৃপ্ত করে দর্শকদের। এভাবেই প্রতিটি ক্ষণ উপভোগ্য হয়ে ওঠে ওডিশি নৃত্যসন্ধ্যার।
গত ২৮ মার্চ নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ওডিশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এতে সহযোগিতা করে ভারতীয় সহকারী হাইকমিশন, চট্টগ্রাম।
অনুষ্ঠানের সূচনা হয় কথামালা ও সমাবর্তন আয়োজনের মধ্য দিয়ে। অনুষ্ঠানমালা উদ্বোধন করেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনের সভাপতিত্বে কথামালায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস। সভা শেষে ছিল সমাবর্তনের আনুষ্ঠানিকতা।
এরপর প্রমা অবন্তীর ‘শিববন্দনা’ পর্যায়ের ওডিশির ছন্দে শুরু হয় নাচের আয়োজন। প্রমার একক পরিবেশনার পর ওডিশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের শিল্পীরা মেঘ ও কেদার রাগের সুরের সঙ্গে পরিবেশন করেন ‘মঙ্গলাচরণ’। এরপর ‘বাজে বাজে রম্য বীণা’ রবীন্দ্রসংগীতের সঙ্গে এবং মিশ্র রাগের বিভিন্ন ছন্দে সমবেতভাবে ছিল ‘বটু’ পর্যায়ের পরিবেশনা।
এবার ‘যুগ্ম দণ্ড পল্লবী’ নিয়ে আবার মঞ্চে আসেন প্রমা অবন্তী। তিনি একে একে ‘মন্দিরে মম, আসিল কে’ গানের সঙ্গে রবীন্দ্রনৃত্য এবং ‘ইয়াহিমাধব’ পর্যায়ের ওডিশি নৃত্য পরিবেশন করেন। ‘ইয়াহিমাধব’ পর্যায়ের ওডিশি নৃত্যে কৃষ্ণের সঙ্গে রাধার অভিমানের চিত্র ফুটিয়ে তোলা হয় নিপুণ দক্ষতায়। সর্বশেষ ‘মোÿ’নৃত্যের সমবেত পরিবেশনার মাধ্যমে শেষ হয় আয়োজন।