ওদের একটি দিন

বিশেষ শিশুরাও আর পিছিয়ে নেই৷ তারা স্বাভাবিক শিশুদের মতো লেখাপড়ার পাশাপাশি গান-নাচ করছে। তারই দেখা মিলল ১৬ মে ঢাকার এলজিইডি মিলনায়তনে। অটিজমে আক্রান্ত শিশুদের নিয়ে ১০ বছর ধরে কাজ করছে তির ফাউন্ডেশন। তারা গড়ে তুলেছে ‘স্কুল ফর গিফটেড চিলড্রেন’ স্কুল। ২০০৪ সালে মাত্র ১৪ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করা স্কুলটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ১০০ ছাড়িয়েছে । রয়েছেন প্রশিক্ষণপ্রাপ্ত ৪৭ জন শিক্ষক।
১৬ মের স্কুলের শিক্ষার্থীরা কেউ গান, কেউ নাচে অংশ নিয়েছিল, কেউবা করে কবিতা আবৃত্তি। একজন তো তবলা বাজিয়েও শোনাল আগত অতিথিদের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘ইন্টারন্যাশনাল ডিজঅ্যাবিলিটি’ পরিষদের নির্বাহী সদস্য মনসুর আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন রিসার্চের অধ্যাপক শারমিন হক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু ও স্নায়ু-বিশেষজ্ঞ বিভাগের প্রধান মিজানুর রহমান। অন্যদের মধ্যে ছিলেন তির ফাউন্ডেশনের সভাপতি ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মাদ আনিসুর রহমান। এই প্রতিষ্ঠানের পরিচালক মারুফা হোসেন বলেন, ‘প্রতিবন্ধিতা শব্দটি আমি বিশ্বাস করি না। অভিভাবকদের বলব, প্রথমত বিষয়টি মেনে নিন। নিজেকে স্থির করুন ও ধৈর্যশীল হন । কারণ সন্তানটি আপনার, আপনি নিজেই ভেঙে পড়লে সন্তানটির জীবনযাপন অনেক দুর্বিষহ হবে।’