ওদের কাঁধে সংসারের বোঝা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাত মাস আগে সাগরে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেননি বাবা। তাঁকে নাকি মিয়ানমারের নাসাকা বাহিনী ধরে নিয়ে গেছে। চিন্তায় চিন্তায় আমার মা অসুস্থ। ক্ষুধার জ্বালায় তিন ভাইবোন সারাক্ষণ কাঁদে। ঘরে আয় রোজগারের কেউ নেই। তাই লেখাপড়া বাদ দিয়ে মাছের ভার (বোঝা) টানছি।’ টেকনাফ পৌরসভার বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র আবদুল করিম (১১) গত ২৬ অক্টোবর এভাবেই নিজের কথা তুলে ধরল। সামনে তার বার্ষিক পরীক্ষা। কিন্তু গত আড়াই মাস ধরে পড়ালেখা বাদ দিয়ে প্রতিদিন নয় ঘণ্টা মাছের বোঝা টেনে ২০০ থেকে ২৫০ টাকা পায়। করিমের পাশাপাশি স্কুল থেকে ঝরে পড়া অনেক শিশুই এ রকম শ্রমে যুক্ত হয়েছে। মুরাপাড়ার নুর আহমদের (১০) বাবা সৈয়দ উল্লাহ নতুন একটা বিয়ে করে তাদের ছেড়ে চলে গেছেন। তার মাকে সংসার খরচ দেয় না। তার প্রশ্ন, ‘আমি পড়ালেখা করলে মাকে খাওয়াবে কে?’ টেকনাফ সমুদ্র উপকূল, টেকনাফ-মহেশখালীয়াপাড়া সড়ক, টেকনাফ-পল্লানপাড়া সড়ক, টেকনাফ সৈকত সড়ক, টেকনাফ-হাবিরছড়া সড়ক, টেকনাফ-বাহারছড়া সড়ক, শাপলাপুর-বাহারছড়া সড়কসহ বিভিন্ন রাস্তায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা মেলে শত শত শিশু দল বেঁধে মাছের ভার টানছে। পরিবার চালানোর দায়িত্ব কাঁধে ওঠায় তারা লেখাপড়া বাদ দিয়ে ঝুঁকিপূর্ণ পেশায় জড়িয়ে পড়েছে। বহু শিশুকে স্কুলের পোশাকেই মাছের ভার টানতে দেখা গেছে। নাজিরপাড়ার আবুল কালাম (১২) বলে, ‘পরনের অন্য কাপড় নেই বলে স্কুল ড্রেস পরে কাজ করছি।’ উখিয়ার মনখালী, ইনানী, হিমছড়ি, কক্সবাজারের নাজিরারটেক, নুনিয়াছটা, ফিসারিঘাটেও শিশুরা লেখাপড়া বাদ দিয়ে সমুদ্র থেকে চিংড়িপোনা আহরণ, বালুচর থেকে শামুক-ঝিনুক উত্তোলন, পাহাড়-জঙ্গল ও ঝাউবনে ঢুকে জ্বালানিকাঠ সংগ্রহ, বালুচরে তাজা মাছ কেটেকুটে শুঁটকি করণ, নৌকায় মাছ ধরা, মাছ ধরার জাল মেরামতসহ নানা পেশায় জড়িয়ে পড়ছে। কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, অভাব, দারিদ্র্য, অসচেতনতার কারণে জেলায় শিশু শ্রমিকের সংখ্যা বাড়ছে। কক্সবাজারের চিংড়িপোনা উৎপাদন ও ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন বলেন, শহরের নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত ১২০ কিলোমিটার সৈকতে প্রতিদিন অন্তত ৮০ হাজারের মতো মানুষ চিংড়িপোনা ধরেন। এর মধ্যে অন্তত ১৫ হাজার শিশু। উখিয়ার সোনারপাড়া গ্রামের দিনমজুর গিয়াস উদ্দিন (৪৫) বলেন, সারা দিন কাজ করে ২৮০ টাকা পাই। তা দিয়ে নয় সদস্যের সংসার চলে না। তাই এক ছেলেকে কাজ করতে সঙ্গে নিয়ে এসেছি। এতে ১৪০ টাকা অতিরিক্ত আয় হচ্ছে। প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, জেলার টেকনাফ, উখিয়া, সদর, রামু, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া ও পেকুয়া উপজেলার মোট ৬০৪টি প্রাথমিক বিদ্যালয়ে (৩৭৬টি সরকারি, ২২০টি রেজিস্টার্ড ও আটটি কমিউনিটি প্রাথমিক) চলতি ২০১২ সালে ভর্তি হয়েছিল তিন লাখ ৬৯ হাজার ১১৯ জন শিশু। এর মধ্যে ঝরে পড়েছে ১১ দশমিক ০৫ শতাংশ অর্থাৎ প্রায় ৪২ হাজার শিশু। গত বছর (২০১১ সালে) ঝরে পড়া শিশুর হার ছিল ১২ শতাংশ অর্থাৎ ৪৫ হাজার। ২০১০ সালে ছিল ২০ শতাংশ অর্থাৎ ৭৪ হাজার। এর সত্যতা নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপস পাল বলেন, দারিদ্র্য, দুর্গম ও উপকূলীয় অঞ্চলের লোকজনের অসচেতনতা, বাল্যবিবাহসহ নানা কারণে বিপুলসংখ্যক শিশু ঝরে পড়ছে।