ওদের কেউ রইল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ডিসেম্বরে অন্তঃসত্ত্বা অবস্থায় মারা যান মা। সেই শোক কাটিয়ে ওঠার আগেই সন্ত্রাসীদের গুলিতে মারা গেলেন বাবা। তিন বোনের চোখে এখন শুধুই অন্ধকার। বেঁচে থাকার অবলম্বন বলতে বৃদ্ধ দাদি। বাঘাইছড়ি উপজেলার তালুকদারপাড়ায় গত রোববার সন্ত্রাসীদের গুলিতে নিহত মোহন লাল চাকমার বাড়িতে এখন শোকের চেয়েও ভবিষ্যতের অজানা শঙ্কাই ভর করেছে বেশি।মোহন লালের মা কালা মিলে চাকমা (৬৫) বলেন, ‘ওদের কেউ রইল না। আমি আর কদিন বাঁচব। এদের কে দেখবে?’ তিনি জানান, গত বছরের ২৮ ডিসেম্বর অন্তঃসত্ত্বা অবস্থায় হঠাৎ পা পিছলে আঘাত পান ছেলের বউ কালাদেবী চাকমা। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি। সেই থেকে ছেলে আর নাতনিদের নিয়ে দিন কাটছিল। গত রোববার হারালেন ছেলেকে। সকালের দিকে তালুকদারপাড়া গ্রামে একটি দোকানে চা পানের সময় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।মোহন লাল চাকমার তিন মেয়ে—জেকি চাকমা (১৪), তুসি চাকমা (১১) ও শতরূপা চাকমা (৭)। তাদের মধ্যে শতরূপা বুঝতেই পারছে না তার বাবা নেই। ঘুরেফিরে দাদির কাছে এসে জানতে চায়, বাবা কখন আসবে। নাতনিকে বুকে নিয়ে দাদি শুধুই চোখের জল ফেলেন।বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অলিভ চাকমা প্রথম আলোকে বলেন, ‘কয়েক মাস আগে মা মারা গেছেন। আর এখন মারা গেলেন বাবা। তারা এখন কোথায় যাবে, কী খাবে! বাবা-মাহারা শিশুর মানুষ হওয়া কঠিন।’শুধু জেকি, তুসি ও শতরূপা নয়, পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাতে বাবাহারা হচ্ছে অনেক শিশু। গত ২৯ মে একই স্থান তালুকদারপাড়ায় তুলাবান গ্রামের সোহেল চাকমাকে গুলি করে হত্যা করা হয়। তাঁরও দুই শিশুকন্যা রয়েছে। ১৪ এপ্রিল কদমতলী গ্রামে চিজিমণি চাকমার সঙ্গে তাঁর এক বছরের শিশুকন্যা অর্কি চাকমাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ছাড়া শিজক এলাকায় টিপু চাকমার মেয়েও বাবা হারিয়েছে।উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা প্রথম আলোকে বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের ভ্রাতৃঘাতী সংঘাতে অনেক ছেলেমেয়ে বাবা হারাচ্ছে। এটা খুবই দুঃখজনক। এই সংঘাত বন্ধ করা দরকার। মোহন লাল চাকমার তিন মেয়ে এখন অসহায়। তাদের জীবন গড়ে তোলার দায়িত্ব এখন কে নেবে? আমার উপজেলা পরিষদ থেকে সামান্য সহযোগিতা করতে পারব।’