ওদের জন্য ঈদ আনন্দ...

‘লালদীঘি এলাকায় রাজু নামের একজনের হাতে বিরিয়ানির প্যাকেট দিলাম। তিনি প্যাকেটটা হাতে নিয়েই আমাদের সামনে খেতে বসে গেলেন। এত তাড়া কিসের জিজ্ঞাসা করায় জানালেন, গত কয়েক দিনে খুব একটা খাওয়া জোটেনি তাঁর। নগরের বেশির ভাগ হোটেল বন্ধ থাকায় একধরনের অভুক্ত ছিলেন তিনি।’
কথাগুলো বলছিলেন অগ্রগ্রাহী ফাউন্ডেশনের সদস্য রাইসুল ইসলাম। ১৬ সেপ্টেম্বর ‘ওদের জন্য ঈদ আনন্দ’ শিরোনামে নগরজুড়ে চলেছে এই খাবার বিতরণ কর্মসূচি। রাজুর মতো সমাজের সুবিধাবঞ্চিত ১ হাজার ২৫০ জন মানুষকে ঈদের খাবার খাইয়েছেন এই সংগঠনের সদস্যরা।
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাবার বিতরণের ফাঁকে কথা হয় চট্টগ্রামে মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন অগ্রগ্রাহী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানজিল রশিদের সঙ্গে। তিনি বলেন, ‘কোরবানির সময় নির্দিষ্ট পরিমাণ মাংস গরিবের মাঝে বিলিয়ে দিই। তবু অনেকেই বঞ্চিত রয়ে যায়। তাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্যই এই পরিকল্পনা করেছি।’ তানজিলের সঙ্গে যোগ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ নেওয়াজ চৌধুরী। তিনি বলেন, ‘আমরা যদি কোরবানির সময় এভাবে একটি সুবিধাবঞ্চিত পরিবারের তিন বেলার খাবার নিশ্চিত করতে পারি, তবে সেই পরিবারটি এক দিনের খাওয়ার খরচ জমিয়ে অন্য কোনো কাজ করতে পারবে।’ এ বছর স্বল্প পরিসরে এমন আয়োজন হলেও ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার আশা প্রকাশ করেন সাইফ।
শুক্রবার ভোর পাঁচটা থেকেই ১ হাজার ২৫০ জন মানুষের জন্য গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করার কার্যক্রম শুরু হয় নগরের দুই নম্বর গেট এলাকায়। সংগঠনের স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে সংগ্রহ করা ১২০ কেজি গরুর মাংস ব্যবহার করা হয় এ রান্নায়। সংগঠনের সহসভাপতি আতিকা অনন্যা বলেন, ‘আমরা ফেসবুকের মাধ্যমে কোরবানির আগের দিন থেকে প্রচারণা চালিয়েছি। এতে সাড়াও মিলেছে প্রচুর। সংগঠনের সদস্যদের পাশাপাশি অনেকেই মাংস, চাল, মসলা ও নগদ অর্থ দিয়ে আমাদের সহযোগিতা করেছেন।’ রান্নার কার্যক্রম শেষে প্রথমে নগরের বিদ্যানন্দ বিদ্যাপীঠ ও নগর ফুলের ৩০০ জন শিক্ষার্থীর মধ্যে খাবার বিতরণ করেন অগ্রগ্রাহীর সদস্যরা। এরপর একে একে নগরের দুই নম্বর গেট, চকবাজার, জিইসি, ফয়’স লেক, সিআরবি, কাজীর দেউড়ি ও রেলস্টেশন এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করা হয় খাবার। সংগঠনের সদস্য ফারহানা সুমি বলেন, ‘খাবার হাতে পাওয়ার পর ওদের হাসিমাখা মুখগুলো দেখে আমাদের গত তিন দিনের পরিশ্রম সার্থক বলে মনে হয়েছে।’ আয়োজনের সমন্বয়কারী রিয়াদ আশরাফ জানান, ‘প্রতিবছর রমজানের ঈদে অনেক সংগঠন সমাজের এসব সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেও কোরবানির ঈদে কোনো সংগঠনকে খুব একটা দেখা যায় না। আমরা কোরবানির ঈদেও তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’