ওদের জন্য ছাদে যেতে পারি না

সমস্যা
আমি অষ্টম শ্রেণির ছাত্রী। কয়েক মাস আগে একটা ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ি, যে আগে আমার বাসার পাশে থাকত। তার একটা বন্ধুও আমাকে পছন্দ করত। আমাকে নিয়ে তাদের মধ্যে সমস্যা দেখে আমি ছেলেটির সঙ্গে সম্পর্ক ভেঙে দিই। তবু আমরা তিনজন বন্ধু হিসেবে ফেসবুকে যোগাযোগ করতাম। মা-বাবাকে ঘটনা বলার পর আমি এখন ফেসবুকেও ওদের সঙ্গে যোগাযোগ করি না। এখন ওদের জন্য আমি বাসার বাইরে বা ছাদে যেতে পারি না। পড়তে বসলে ওই স্মৃতিগুলো মনে পড়ে। আমি ওদের কাছ থেকে দূরে থাকতে চাই।
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
সম্পর্কটি ভেঙে দিয়ে তুমি আসলে কাকে রক্ষা করতে চেয়েছিলে তা কি ভালো করে আরেকবার ভেবে দেখবে? পুরো ব্যাপারটিতেই বেশ অস্পষ্টতা এবং সীমারেখার অনুপস্থিতি রয়েছে। দুটো ছেলেই তোমার সঙ্গে বন্ধুত্বের বাইরে গিয়ে অন্য ধরনের সম্পর্ক চেয়েছিল, কিন্তু দেখা গেল তোমরা সবাই ফেসবুক বন্ধু হয়ে গেলে। মনে হচ্ছে, ব্যাপারটি একটু জটিলতার দিকে চলে যাওয়ায় এবং তোমার বয়স কম হওয়ায় তুমি শেষ পর্যন্ত কোনো কারণে অভিভাবককে বিষয়টি জানাতে বাধ্য হয়েছ। তোমার অভিভাবক বিষয়টি কীভাবে নিয়েছিলেন তা উল্লেখ কেরানি। তাঁরা কি খুব ইতিবাচক পদক্ষেপ নিতে পারেননি? তাঁরা যদি ছেলে দুটোকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তোমাদের মধ্যে সুস্থ বন্ধুত্ব তৈরির ব্যাপারে সুন্দরভাবে আলোচনা করতে পারতেন, তাহলে তোমাকে ঘরে আবদ্ধ হয়ে কাটাতে হতো না। তুমিও নিজের মনকে প্রশ্ন করে যদি বোঝার চেষ্টা করতে যে এই দুজনের প্রতিই তোমার মনোভাব একই রকম কি না, তাহলে খুব ভালো হতো।
তোমাদের তিনজনের বয়সই খুব কম এবং প্রত্যেকের এই সময়ে তীব্র আবেগ অনুভব করা স্বাভাবিক। তবে বন্ধুত্ব হওয়ার সঙ্গে সঙ্গেই এই বয়সে প্রেমের সম্পর্কে নিজেকে না জড়িয়ে যদি আগে পরস্পরের খুব ভালো বন্ধু হওয়া যায়, তাহলে সবচেয়ে ভালো হয়। তোমরা ‘ভালো লাগা’কে ‘ভালোবাসা’ বলে ভুল করে অনেক বেশি যোগাযোগ শুরু করে দাও। ফলে আলাপের সময় কোথায় সীমারেখাটি টানতে হবে তা খেয়াল করতে পােরা না। তা ছাড়া প্রতিদিন অনেক বেশি সময় কথা বলাটাও একটি অভ্যাসে দাঁড়িয়ে যায়। এখন তাই যোগাযোগ না থাকার কারণে হয়তো একটি শূন্যতা বোধ হচ্ছে। তুমি চেষ্টা করো আবার অন্য কারও সঙ্গে কথা বলা শুরু না করে মেয়েবন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাতে। এ ছাড়া পরিবারের সবার সঙ্গে গল্প করা, মায়ের কাজে সহায়তা করা, ভালো বই পড়ার মধ্যে নিজেকে সব সময় ব্যস্ত রাখার চেষ্টা করো, কেমন?