
ঢাকার লালমাটিয়ায় আছে বিশেষ শিশুদের এক স্কুল। তরী ফাউন্ডেশনের সেই স্কুল ঘুরে এসে লিখেছেন এ এস এম রিয়াদ
লন্ডনে তখন চলছে গ্লোবাল চিলড্রেন প্যানেলের বিশ্ব আসর। শিশু অধিকার নিয়ে কথা বলছে ১৩ বছরের এক মেয়ে। পরনে সবুজের মাঝে লাল সূর্য আঁকা টি-শার্ট। আনিলা নামের মেয়েটি তুলে ধরছে শিশুদের স্বপ্ন ও সম্ভাবনার কথা। এটি ২০১১ সালের ঘটনা। তবে শুধু লন্ডন নয়। শিশু অধিকারের কথা বলতে বাংলাদেশের আনিলা গেছে ভারত, মালয়েশিয়াসহ আরও বেশ কয়েকটি দেশে। সবখানেই সে কথা বলেছে অটিজমে আক্রান্ত শিশুদের অধিকার নিয়ে।
আনিলা ঢাকার লালমাটিয়ার বিশেষ শিশুদের ‘স্কুল ফর গিফটেড চিলড্রেন’-এর শিক্ষার্থী ছিল। সে চাইত, পাশের বাসার আরেকটি স্বাভাবিক শিশুর মতো সেও সাধারণ স্কুলে পড়বে। সেখানকার পাঠ শেষ হলে মা-বাবা তাকে একটি ইংরেজি মাধ্যমের স্কুলে ভর্তি করিয়ে দেন। সামনে আনিকা ও-লেভেল পরীক্ষা দেবে।
আলোর তরী
৩১ মার্চ সকালে লালমাটিয়ার স্কুলে ঢুকতেই চোখে পড়ল শিশুদের আঁকা কিছু ছবি। তানিশা নামের একজন এঁকেছে কলসি কাঁখে গ্রামের বধূর ঘরে ফেরার দৃশ্য, আরেকটি ছবিতে দেখা গেল শহীদ মিনারের সামনে পতাকা হাতে দাঁড়িয়ে আছে এক শিশু। বুকে তাঁর লাল-সবুজ জামা। স্কুলের পরিচালক মারুফা হোসেন বলেন, ‘স্কুলের প্রত্যেক বিশেষ শিশুই কোনো না কোনো বিশেষ ক্ষেত্রে পারদর্শী। কেউ আঁকতে পারে, কেউ খেলতে পারে, গাইতে পারে, আবার কেউ নাচতে ভালোবাসে। আমরা প্রথমেই সেই সবল দিকগুলো খুঁজে বের করার চেষ্টা করি।’
খানিকটা ভেতরে ঢুকতেই গানের সুর ভেসে এল। সামনেই পয়লা বৈশাখ। সেই প্রস্তুতি বেশ ভালোভাবেই চলছে।
পাতায় আঁকি ইচ্ছেঘুড়ি!
স্কুলের দোতলার একটি শ্রেণিকক্ষে ঢুকতেই ‘ওয়েলকাম’ বলে জোরে চিৎকার দিয়ে উঠল ফোরকান। শিক্ষক তাকে ১ থেকে ২০ পর্যন্ত লিখতে দিয়েছেন। পাশেই বসে আছে ‘ভিজ্যুয়াল লার্নার’ সৃজন। শিক্ষক তাঁকে চিরুনি দিয়ে মাথায় চুল আঁচড়ানো শেখাচ্ছেন। কেমন আছো? জিজ্ঞেস করতেই মাথা নাড়িয়ে জানিয়ে দিল, ভালো আছি। পাশের ঘরে বোর্ডের মধ্যে দিন-তারিখ মেলাচ্ছিল আসিফ। মেলাতে পারলেই পুরস্কার। তিনতলায় কম্পিউটারে নিজের নাম লিখছে সিয়াম। আর নিলয় আঁকছে ছবি—বড় আকারের একটি ঘুড়ি। এভাবে ছবি দেখিয়ে, গান গেয়ে কিংবা ছড়া কেটে পড়ানো হয় এই শিশুদের। সেই সঙ্গে দাঁত মাজা, জুতো পরার মতো বিষয়গুলো শিখিয়ে দৈনন্দিন জীবনযাপনের উপযোগী করে গড়ে তোলা হয় তাদের। পরিচালক মারুফা হোসেন বলেন, একেক শিশুর একেক চাহিদা। তাই তাদের যত্নটাও একেক রকমভাবে নিতে হয়।

তরী ফাউন্ডেশনের যাত্রা
তরী ফাউন্ডেশনের শুরু হয় ২০০৩ সালে। ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল ফর গিফটেড চিলড্রেন যাত্রা শুরু করে ২০০৪ সালে। ১৯৯৮ সালে আশফাক-মারুফা দম্পতির কোল আলো করে এল ফুটফুেট এক শিশু। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তাঁরা বুঝে যান, শিশুটি অন্যদের মতো নয়। বেশ চিন্তায় পড়ে যান তাঁরা। শিশুটি ধীরে ধীরে বড় হতে থাকে। স্কুলে যাওয়ার বয়স হয়। কিন্তু সে সময় এ রকম শিশুদের জন্য পরিপূর্ণ স্কুল ছিল খুব কম। তাই স্কুল খোলার চিন্তা মাথায় আসে এ দম্পতির। কেবল নিজের মেয়ে নয়, এমন অন্য শিশুদের জন্য কিছু করার ভাবনা থেকেই এই স্কুল। এখন এ রকম ১২০ জন শিশুর জন্য শিক্ষক ও সাহায্যকারী আছেন ৪০ জন। বিশেষ শিশুদের শিক্ষার ওপর প্রশিক্ষণও আছে তাঁদের।
স্কুল ফর গিফটেড চিলড্রেন ও তরী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশফাক-উল-কবীর বলেন, ‘সব শিশুই প্রতিভাবান আর এ প্রতিভার বিকাশে শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়। আমাদের স্কুলে যারা পড়ে সবাই বিশেষ শিশু। কিন্তু ওদেরও আছে অন্যদের মতো বেড়ে ওঠার অধিকার।’