ওদের দারুণ কীর্তি!
>

ওদের কারও মা নেই। কারও বাবা। তাই বলে হার মানেনি ওরা। এই অনাথ বালকেরাই এবারের জাতীয় ও বয়সভিত্তিক জিমন্যাস্টিকসে দেখিয়েছে চমক। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে ১৩ মার্চ শেষ হওয়া প্রতিযোগিতায় বয়সভিত্তিক ৩৬টি ইভেন্টে ২৯টি পদক জিতেছে বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুলের জিমন্যাস্টরা। লিখেছেন বদিউজ্জামান
মাজিদ মাজিদির বিখ্যাত ইরানি চলচ্চিত্র দ্য কালার অব প্যারাডাইস-এর কিশোর মোহাম্মদের সঙ্গে একটা জায়গায় দারুণ মিল কীতংয়ের। পুরো নাম সাংখে অং খুমী কীতং। পড়ছে বান্দরবানের লামার পাহাড়ঘেঁষা কোয়ান্টাম কসমো স্কুলের নবম শ্রেণিতে। প্রতি গরমের ছুটিতে কীতংকে একবার করে দেখতে আসেন বাবা সিয়ং খুমী। ইরানি পরিচালক মাজিদ মাজিদির সিনেমার দৃষ্টিপ্রতিবন্ধী কিশোর মোহাম্মদকে তেহরানের বিশেষ স্কুলে ভর্তি করেছিলেন তার বাবা। বান্দরবানের রংছড়ি থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরের কোয়ান্টাম স্কুলেও ছেলেকে একইভাবে ভর্তি করেছেন কীতংয়ের বাবা।
সিনেমার মোহাম্মদের মা নেই। আমাদের কীতংয়ের মা থেকেও যেন হারিয়ে গেছেন। কোয়ান্টাম কসমো স্কুলে যখন কীতং ভর্তি হলো, এর বছর দুয়েক পরই বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। শুধু কীতংই নয়, এই স্কুলের তনু রায়, জীবন ত্রিপুরা, মেন্টন টনি মুরং, সত্যজন ত্রিপুরা, নিঝুম লামাদের গল্পটাও প্রায় একই। কারও বাবা নেই। কারও নেই মা। এই অনাথ বালকেরাই এবারের জাতীয় ও বয়সভিত্তিক জিমন্যাস্টিকসে চমক দেখিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে ১৩ মার্চ শেষ হওয়া প্রতিযোগিতায় বয়সভিত্তিক ৩৬টি ইভেন্টে ২৯টি পদক (৯টি সোনা, ১০টি করে রুপা ও ব্রোঞ্জ) জিতেছে কোয়ান্টাম কসমো স্কুলের জিমন্যাস্টরা।

খেলাতেই আনন্দ
খেলাতেই যেন সব আনন্দ খোঁজে এই কিশোরেরা। সৈকত আহমেদ এদেরই একজন। বাবা-মা কেউ নেই সৈকতের। সৎমা আছেন। বছর তিনেক আগে তাকে কোয়ান্টাম স্কুলে ভর্তি করে দিয়ে গিয়েছিলেন সৎমা এসে। এরপর থেকে কখনো খোঁজও নেননি। স্কুলের কোচ-শিক্ষকেরাই যেন মনের অজান্ত বাবা-মায়ের জায়গাটা জুড়ে নিয়েছেন। সৈকতের জন্য সবচেয়ে কষ্টের সময়টা কেটেছে স্কুলের গত বার্ষিক ছুটির দিনটা। ওই দিন সারাটা সময় কেঁদেছিল সৈকত, ‘স্কুলে ভর্তি হওয়ার পর এই একটা দিনের জন্য চেয়ে থাকি। পথের দিকে চেয়ে থাকি কখন আমার বাড়ি থেকে কেউ এসে আমাকে নিয়ে যাবে। কিন্তু আমার সৎমাও সেদিন আসেননি। সারা দিন অপেক্ষায় ছিলাম। সন্ধ্যায় আমার কোচ কিশোর স্যার আমাকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন।’
এখন সৈকতের কাছে জিমন্যাস্টিকসই আনন্দের সবচেয়ে বড় উপলক্ষ। মন দিয়ে সারাক্ষণ অনুশীলন করে সৈকত।
রোমানিয়ান নাদিয়া কোমানেচি, যুক্তরাষ্ট্রের শন জনসনদের নাম কখনো শোনেনি কীতং, সৈকতেরা। তবে টেলিভিশনে দেখা নাম না-জানা অনেক জিমন্যাস্টের পারফরম্যান্সই মুগ্ধ করে এদের। ইন্টারনেট থেকে ভিডিও বড় ভাইয়েরা তাকে মুঠোফোনে দেখার সুযোগ করে দেন। এসবই ওদের ভালো পারফরম্যান্সের রহস্য।
মা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে মনটা সারাক্ষণ খারাপ থাকে কীতংয়ের। সোনা জয়ের পর ওই আনন্দের মুহূর্তে বারবার মায়ের প্রসঙ্গই তুলে আনছিল, ‘আমার মা খেলাধুলা খুবই ভালোবাসেন। এ জন্যই মায়ের কথা বেশি মনে পড়ে। মা জানেন আমি কোয়ান্টামের স্কুলে পড়ি। খেলাধুলা করি। কিন্তু এই স্কুলটা কোথায় সেটাই জানেন না। এ জন্য মা একবারও আমাকে দেখতে আসেননি।’
যে বয়সে জীবনটাকে উপভোগ করার কথা কীতংদের, সেই বয়সে ওরা বুকের ভেতরে পুষে রাখে বাবা-মা হারানোর অব্যক্ত যন্ত্রণা। পদকগুলো গলায় ঝুলিয়ে পুরস্কার বিতরণী শেষে যখন ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল, প্রিয় মানুষ হারানোর বেদনা অল্প সময়ের জন্য হলেও যেন মুছে গিয়েছিল ওদের স্বর্গীয় হাসিতে।
স্কুলের জিমন্যাস্টিকস কোচ কিশোর খীসাও ওদের কষ্টের কথা বুঝতে পারেন, ‘আমার এখানে ছেলেমেয়ে মিলিয়ে ৮৪ জন আছে। এদের মধ্যে ৫৪ জনই অনাথ। আমরা বিশেষ দিনে, ঈদে, পূজায়, বৌদ্ধ পূর্ণিমায় ওদের ভালো ভালো খাবার দিই। নতুন পোশাক উপহার দিই। একটা উত্সবমুখর পরিবেশ তৈরি করি।’
এই শিশু-কিশোরেরা দুষ্টুমি করলেও বিরক্ত হন না কিশোর খীসা, ‘সব বাচ্চাই তো আর সমান না। অনেকেই দুষ্টুমি করে। কিন্তু আমরা মোটেও বিরক্ত হই না। কেউ পালিয়ে যাওয়ারও চেষ্টা করে। আমরা খবর পেয়ে আবারও তাকে ফিরিয়ে আনি।’
অনাথ এই ছেলেরা পাহাড়ঘেরা প্রকৃতির মাঝে খুঁজে নেয় আনন্দ। তবে এখন ওরা এর চেয়েও বেশি আনন্দ পাচ্ছে খেলার মাঠে। পদক জয়ের মঞ্চে উঠে। এবারের জাতীয় জিমন্যাস্টিকসে আধিপত্য দেখিয়ে তো সেটাই প্রমাণ করেছে কীতংরা।