ওদের দেখে শেখো
গল্পটা জনৈক তরুণের। ধরা যাক তাঁর নাম রাতুল। পেশা হিসেবে যিনি বেছে নিয়েছেন ফুটবল খেলা।

রাতুলের বয়স যখন ৮
সারা দিন খেলা খেলা আর খেলা! পাশের বাসার মেয়েটাকে দেখ! সারা দিন পড়ছে তো পড়ছেই!

রাতুলের বয়স যখন ১২
সারা দিন বসে বসে কী ভেরেন্ডাটা ভাজিস, শুনি? বড় আপার ননদটাকে দেখ, এই বয়সে কী সুন্দর ঘরদোর ফিটফাট করে রাখে! আর সাধারণ বিছানাটাই গুছিয়ে রাখতে পারিস না!

রাতুলের বয়স যখন ১৬
এই তাহলে তোমার এসএসসির রেজাল্ট! অফিসের কলিগের মেয়েটা দেখো, গোল্ডেন এ প্লাস পেয়েছে। আর তুমি...ছি ছি!

রাতুলের বয়স যখন ১৮
দোস্ত, রিয়াকে দেখ! ও কিন্তু ভালো কলেজে চান্স পাইছে! তুই যদি না পাস, যতই ভালো লাগুক, পাত্তা পাবি না বলে দিলাম।

রাতুলের বয়স যখন ২৪
ফুটবলার হয়েছিস, ভালো কথা। তবে এতে কিন্তু ভালো করা চাই। টিনাকে দেখ, একই সঙ্গে পড়তি তোরা। ও কিন্তু ঠিকই ভালো একটা জব ম্যানেজ করে ফেলেছে!

রাতুলের বয়স যখন ২৬
ছোট ছোট মেয়েরা গোল দিয়েই যাচ্ছে, তোমরা খেয়েই যাচ্ছ! তোমাদের খিদে এত বেড়ে গেল কেন? মেয়েগুলোকে দেখে শেখো!