ওদের বিজয় আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাখালীর কড়াইল বস্তিতে অনেক মানুষের জটলা। ১৬ ডিসেম্বর সকাল। বিজয়ের আয়োজনই বটে। তবে সেটা না পাওয়াদের মধ্যে কিছু পাওয়ার আনন্দের বিজয়। বিজয় দিবসে বস্তির সুবিধাবঞ্চিত মানুষ নিয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি)। বিল্ডিং ব্রিজেস থ্রো লিডারশিপ প্রোগ্রামের পঞ্চম ব্যাচ ২০১০ সালের বিজয় দিবস পালন করেছে একটু অন্যভাবে। তাঁরা ১৬ ডিসেম্বর ছয়টি দলে ভাগ হয়ে বস্তির সুবিধাবঞ্চিত শিশুদেরকে বিজয়ের কিছুটা আনন্দ দেওয়ার চেষ্টা করেছে। ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) শিক্ষার্থীরা রোগশোকে জর্জরিত মানুষগুলোর কাছে নিয়ে এসেছিল পাঁচজন বিশেষজ্ঞকে। দীর্ঘ লাইনে দাঁড়ানো মানুষের মধ্যে অনেকেই ছিল, যারা দীর্ঘদিন অসুস্থতায় ভুগলেও কখনো চিকিৎসকের কাছে যাওয়ার সামর্থ্য হয়নি। ‘রোগের চিকিৎসার আগে রোগ দমনই শ্রেয়’ অগ্রণী দল এই তথ্যটি ৬০টি পরিবারের কাছে উপস্থাপন করে ভিডিও প্রদর্শণীর মাধ্যমে। যাতে ছিল পানিবাহিত রোগ হওয়ার কারণ ও ফলাফল। তাদের দেখানো হয়েছে, কীভাবে তিনটি কলসির মাধ্যমে সহজ ও বিনা খরচে পানি বিশুদ্ধ করা যায়।একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় নবযাত্রা দলটি কাজ করেছে ‘এসো কম্পিউটার শিখি, সুন্দর ভবিষ্যৎ গড়ি’ স্লোগান সামনে রেখে। কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে বস্তির ছেলেমেয়েদের তথ্যপ্রযুক্তিনির্ভর নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। ‘অনুরণন’ দলটি ছিল ছয় থেকে ১২ বছর বয়সী শিশুদের নিয়ে। তারা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাচ, গান, নাটক ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানের মাধ্যমে মুখরিত করে রেখেছিল চারপাশ। যাঁদের জন্য আমাদের এই স্বাধীনতা, তাঁদের তথ্যচিত্রের মাধ্যমে নির্ভীক মুক্তিযোদ্ধাদের অবদান দেখে যেমন আনন্দে চোখগুলোতে অশ্রু দেখা গেছে, তেমনি পাকিস্তানি হানাদারের বীভৎস কর্ম দেখে শিউরে উঠেছিল তারা। আনন্দের ছলে একদিকে যেমন চলেছে সাক্ষরতা অভিযান, তেমনি চলেছে নানা শিক্ষামূলক কর্মকাণ্ড।পড়ন্ত বিকেলে যখন বিবিএলটি-৫-এর ৪২ জন তরুণ-তরুণীর দল ফিরছিল আপন নীড়ে। তখন তাদের দেখে কে বলবে এরা ক্লান্ত-শ্রান্ত। তাদের চোখ জ্বলজ্বল করা দীপ্তিই বলে দিচ্ছিল, এরা সমাজকে পরিবর্তন করতে চায়। তারা ভুলে যাওয়া ও পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চায়। এই তো বিওয়াইএলসির লক্ষ্য। ৪০ বছর আগের মুক্তিযোদ্ধাদের চেতনাকে বুকে ধারণ করে আরও এগিয়ে নিয়ে যেতে চায় বাংলাদেশকে।