‘আমার ছেলেসহ জিম্মি নাবিকদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। সব সময় হাত-পা বেঁধে জঙ্গলে ফেলে রাখা হয়। সারা দিনে মাত্র দুইটি শুকনো রুটি ও এক লিটার পানি খেতে দেওয়া হয়। শরীর ভেঙে পড়েছে তাঁদের। তার ওপর জীবনের প্রতি মুহূর্ত কাটছে আশঙ্কায়। সরকার যেন দ্রুত ওদের ফিরিয়ে আনার ব্যবস্থা করে।’ সোমালিয়ায় জলদস্যুদের হাতে আটক বাংলাদেশি নাবিক আমিনুল ইসলামের বাবা নুরুল ইসলাম প্রথম আলোকে এ কথা বলেন। ছেলের সঙ্গে গত ৪ অক্টোবর শেষবার টেলিফোনে কথা হয় তাঁর। গত দুই বছর ধরে ছেলের প্রতীক্ষায় দিন কাটছে তাঁর। কিন্তু তাঁদের ছাড়িয়ে আনার জন্য এখনো কোনো উদ্যোগ নেওয়ার খবর পাননি। উল্লেখ্য চট্টগ্রামের আমিনুল ও জাকির হোসেনসহ বাংলাদেশের সাত নাবিককে সোমালি জলদস্যুরা মুক্তিপণের দাবিতে জিম্মি করেছে। আটক নাবিকদের পারিবারিক সূত্র জানায়, ২০১০ সালের ২৬ নভেম্বর ভারত মহাসাগর থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইরানের মোট ২৬ নাবিকসহ মালেয়েশিয়ার পতাকাবাহী এমভি আল ভাদো নামের একটি জাহাজ ছিনতাই করে সোমালি জলদস্যুরা। সাত বাংলাদেশি নাবিক এর মাত্র চার মাস আগে ওই জাহাজে নাবিক হিসেবে যোগ দেন। জলদস্যুদের হাতে আটক বাংলাদেশি নাবিকেরা হলেন চট্টগ্রামের আমিনুল ইসলাম ও জাকির হোসেন, সাতক্ষীরার গোলাম মোস্তফা, হাবিবুর রহমান, আবুল কাশেম, নুরুল হক এবং চাঁদপুরের লিমন সরকার। আটক নাবিক জাকির হোসেনের বাবা আবুল কালাম প্রথম আলোকে বলেন, জলদস্যুদের হাতে আটক হওয়ার পর ওরা চার-পাঁচবার ফোন করেছে। জলদস্যুদের মুঠোফোন থেকে একজনকে কয়েক মিনিটের জন্য কথা বলতে দেয়। জাহাজটি আফ্রিকায় যাচ্ছিল। জলদস্যুরা মাঝপথে ভারত মহাসাগর থেকে জাহাজটি ছিনতাই করে।মুক্তিপণের টাকা দিয়ে আটক জলদস্যুদের কাছ থেকে পাকিস্তানের সাত নাবিক মুক্ত হয়েছেন জানিয়ে জাকির হোসেনের ভাই মো. রাশেদ প্রথম আলোকে বলেন, গত ১ আগস্ট পাকিস্তানি নাবিকেরা মুক্তি পায়। পাকিস্তানি নাবিকদের একজন গোলাম মোস্তফা ২ আগস্ট মুঠোফোনে জানায় তাঁরা টাকা দিয়ে মুক্তি পেয়েছেন। সরকার উদ্যোগ নিয়ে মুক্তিপণের টাকা দিলে বাংলাদেশি নাবিকেরাও মুক্তি পাবে। এদিকে জলদস্যুদের হাতে বাংলাদেশি নাবিকেরা আটক হওয়ার পর প্রায় দুই বছর পেরিয়ে গেছে। দীর্ঘ সময়েও সন্তানেরা মুক্ত না হওয়ায় উৎকণ্ঠায় আছেন পরিবারের সদস্যরা। নাবিকদের মুক্তির জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার দাবিতে গত ৭ অক্টোবর সংবাদ সম্মেলন করেন তাঁরা। পরদিন মানববন্ধনে অংশ নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন চট্টগ্রামের দুই নাবিকের মা-বাবা। আমিনুলের বাবা নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সোমালি জলদস্যুরা আটক সাত বাংলাদেশি নাবিকের মুক্তির জন্য সাত লাখ ডলার মুক্তিপণ দাবি করেছে। গত ৪ অক্টোবর ভোরে আমিনুল মুঠোফোনে আমার সঙ্গে কথা বলেছে। দুই সপ্তাহের মধ্যে টাকা না দিলে নাবিকদের হত্যার হুমকি দিয়েছে জলদস্যুরা।’ বিষয়টি নৌ-পরিবহন মন্ত্রণালয় ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালককে জানানো হয়েছে উল্লেখ করে নুরুল ইসলাম বলেন, ‘দ্বারে দ্বারে ঘুরেছি এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরকারের কাছে আবেদন, জাহান মনির নাবিকদের মতো আমাদের সন্তানদের উদ্ধারে উদ্যোগ নেওয়া হোক।’ জাকির হোসেনের মা মাজেদা বেগম বলেন, ‘আমরা এত কিছু বুঝি না। আমরা আমাদের সন্তান ফিরে পেতে চাই। প্রধানমন্ত্রী একজন মা। সন্তান বিপদে পড়লে মায়ের কী অবস্থা হয় সেটা তিনি ভালোভাবেই জানেন।’ জাকিরের বাবা আবুল কালাম বলেন, ‘শুনেছি সরকারের পক্ষ থেকে আটক নাবিকদের কাগজপত্র জোগাড় করা হচ্ছে। আমাদের দাবি দ্রুত তাদের মুক্ত করা হোক।’