
২০০৬ সাল থেকে বাংলাদেশ ব্যাংকের অধীনে এই শিশু দিবাযত্ন কেন্দ্রটি পরিচালিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি অন্যান্য বেসরকারি ব্যাংকে শিশু দিবাযত্ন কেন্দ্র খোলার ব্যাপারে অনুরোধ করা হয়েছে।
‘এখানেই আমার বেশি ভালো লাগে!’ অকপটে উত্তর দেয় আদিল। উত্তর সঠিক হয়েছে, এমন একটা আনন্দও চোখে-মুখে খেলে যায় ওর। স্বাভাবিকভাবেই পরের প্রশ্ন, ‘কেন?’ এ প্রশ্নেরও উত্তর জানা ছিল আদিলের। ‘এখানে আমি খেলতে পারি, গল্প করতে পারি, মিসের কাছে পড়তে পারি! আবার টিভিও দেখি।’ আদিলের কাছে এতকিছু পাওয়ার সবচেয়ে নিরাপদ জায়গা ‘বাংলাদেশ ব্যাংক শিশু দিবাযত্ন কেন্দ্র’।
শুধু আদিল নয়, তার সমবয়সী এবং তার চেয়ে ছোট-বড় মিলিয়ে ৩৫ শিশুর এক পরিবার। যাদের দিনের বেশির ভাগ সময় কাটে একসঙ্গে। তাদের মা-বাবারা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী। শিশু দিবাযত্ন কেন্দ্রটির অবস্থান বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়-সংলগ্ন প্রথম ভবনের দ্বিতীয় তলায়।
কিন্তু গতানুগতিক শিশু দিবাযত্ন কেন্দ্রের চেয়ে খানিকটা আলাদা। আর আলাদা বলেই একেকটা শিশু বেড়ে ওঠে অপার আনন্দের মধ্যে দিয়ে। কী আছে এখানে?
দেখার জন্য চলে গেলাম সেখানে। এই দিবাযত্ন কেন্দ্রের ভেতরে ঢুকতে গেলেই চোখ আটকে যাবে দরজায় ও দেয়ালে। একদল পশু-পাখি, গাছপালা ও কার্টুনগুলো আপনাকে স্বাগত জানাবে। এগুলো মূলত চিত্রকর্ম। হাতের ডান দিকে পড়বে খাবারের ঘর। যেখানে সারিবদ্ধ টেবিল-চেয়ার। প্রতিটি চেয়ারের পেছন দিকটা আবার বাঘ-সিংহ এবং বিড়ালের মুখের আদলে করা। দেখলে বসার লোভ সামলানো কঠিন। কিন্তু সাবধান! এগুলো সবই শিশুদের উচ্চতা হিসাব করে তৈরি। হবেই বা না কেন! এই দিবাযত্ন কেন্দ্রে যাদের পুরো দিন কাটাতে হয়, তাদের বয়সসীমা ছয় মাস থেকে আট বছর। তাদের রাজ্য তাদের মতো করে গড়া হবে, এটাই তো স্বাভাবিক। খাবারের ঘর পেরোলেই তাদের মূল রাজ্য।

হলরুমের মতো বিশাল ঘরটায় দেয়াল ঘেঁষে সবার জন্য আলাদা বিছানা আছে। দুপুরের ঘুমটা এখানেই সারে তারা। দুই পাশে দুটি গোলটেবিল। গোলটেবিলটা চেয়ার দিয়ে ঘেরা। এখানে বসে পড়াশোনা করে বাচ্চারা। বেবিকার, বল হাউস, দোলনাসহ প্রায় ১৩টি খেলাধুলার সরঞ্জাম তাদের খেলাধুলার জন্য আছে। দেয়ালে আছে বিশাল আয়তনের টেলিভিশন।
এই শিশুদের দেখাশোনার জন্য রয়েছে তিনজন শিক্ষক, সাতজন আয়া ও একজন নিরাপত্তাকর্মী। ৩৫ জনের একমাত্র তত্ত্বাবধায়ক সেফরুন নেসা জানান, সাপ্তাহিক ছুটির দিন ছাড়া সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত দিবাযত্ন কেন্দ্রটি খোলা থাকে। সকালেই সব বাচ্চা চলে আসে। তবে যেসব বাচ্চা স্কুলে যায়, তারা স্কুল শেষ করে দুপুরের মধ্যে আসে। বাসা বা স্কুল থেকে এসেই বাচ্চারা নাশতা করে। নাশতার তালিকায় তাদের পছন্দ ও বয়স প্রাধান্য দিয়ে পিঠা, কেক, লুচি অথবা খিচুড়ি খাওয়ানো হয়। এরপর কিছুক্ষণ খেলাধুলা করে। দুপুরে গোসল সেরে খাবার খেয়ে ঘুম। বিকেলে উঠে নাশতা। তারপর পড়াশোনা ও খেলাধুলা। সন্ধ্যা নাগাদ সবাই মা-বাবার সঙ্গে বাসার দিকে রওনা দেয়।
বাংলাদেশ ব্যাংকের ক্যাশ কাউন্টারের কর্মকর্তা খন্দকার নাসরিন বলেন, ‘আমার বাচ্চা দেড় বছর বয়স থেকে এই শিশু দিবাযত্ন কেন্দ্রে থাকে। এখন তার বয়স পাঁচ বছর। কখনো সে কোনো অভিযোগ করেনি। উল্টো প্রতিদিন সন্ধ্যায় বাসায় না যেতে নানা বাহানা খোঁজে। এমনকি ছুটির দিনগুলোয় এখানে আসার জন্য জেদ ধরে।’
‘বাংলাদেশ ব্যাংক শিশু দিবাযত্ন কেন্দ্র’ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভংকর সাহা জানান, ২০০৬ সাল থেকে বাংলাদেশ ব্যাংকের অধীনে এই কেন্দ্রটি পরিচালিত হচ্ছে। সম্প্রতি এর পরিসর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাংলাদেশ ব্যাংকের অধীনে হলেও এর দায়িত্বে রয়েছে সেবা নারী ও শিশু কল্যাণ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি অন্যান্য বেসরকারি ব্যাংকে শিশু দিবাযত্ন কেন্দ্র খোলার ব্যাপারে অনুরোধ করা হয়েছে।