ওদের সঙ্গে ঈদের খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা কেউ বিশ্ববিদ্যালয়ে পড়েন, কেউ ভর্তি হবেন, আছেন দু-একজন চাকরিজীবীও। এঁরা একে অন্যের পরিচিত, অল্প পরিচিত, কিংবা আধা পরিচিত। তাঁরা সবাই মিলে পালন করেছেন অন্য রকম এক ঈদ। পথশিশুদের সঙ্গে ভাগাভাগি করেছেন ঈদের আনন্দ। বিস্তারিত জানাচ্ছেন মো. সাইফুল্লাহকমলাপুর রেলস্টেশনের ঈদগাহ থেকে ঈদের নামাজ আদায় করে, হাঁটতে হাঁটতে কী মনে করে যেন ৫ নম্বর প্ল্যাটফর্মের দিকে গিয়েছিলেন শেখ নুরুল ইসলাম। ভদ্রলোক একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। হঠা ৎ লক্ষ করলেন, প্ল্যাটফর্মের শেষ মাথায় কিসের যেন জটলা। পায়ে পায়ে এগিয়ে গেলেন তিনি। দেখলেন অবাক করা দৃশ্য। যে ছোট ছেলেমেয়েগুলো জীবিকার প্রয়োজনে দিনভর পড়ে থাকে স্টেশনে, এটা-ওটা বিক্রি করে, মানুষের মালামাল বহন করে, ছোটাছুটি করে বেড়ায়—সে বাচ্চাগুলো বসেছে লাইন ধরে। তাদের মুখে সেমাই-মিষ্টি তুলে দিচ্ছে একদল তরুণ-তরুণী। এত মানুষ, সবাই একসঙ্গে খাচ্ছে-খাওয়াচ্ছে, গল্প করছে পরম আপনজনের মতো, নুরুল ইসলাম মুগ্ধ হয়ে দেখলেন। যেন শুভ পরিণতির দিকে এগিয়ে যাওয়া ঈদের নাটকের শেষ দৃশ্য! একসময় পরিচয় হয় রোহিত সাধু খাঁ, সাথী দাশ, দেবাশীষ দাস, রাহুল ঘোষ আর মো. জুবাইদুর রহমানের সঙ্গে। জানতে পারেন, এ আয়োজন কোনো সংগঠনের নয়। এঁরা কেউ বিশ্ববিদ্যালয়ে পড়েন, কেউ ভর্তি হবেন, আছেন দু-একজন চাকরিজীবীও। এঁরা একে অন্যের পরিচিত, অল্প পরিচিত, কিংবা আধা পরিচিত। মাত্র দু-তিন দিনের পরিকল্পনায় ছোট পরিসরে করা তাঁদের এ আয়োজন।খাওয়া-দাওয়া পর্ব শেষে রোহিতরা স্টেশনের পথশিশুদের হাতে তুলে দেন নতুন জামা, ওদের নিয়ে আয়োজন করেন সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো সময় দাঁড়িয়ে লক্ষ করেন নুরুল ইসলাম। ফেরার সময় রোহিতদের হাতে কিছু টাকা তুলে দিয়ে বলেন, ‘বাবা, আমি তো শুরু থেকে তোমাদের সঙ্গে থাকতে পারিনি, আমার এতটুকু অংশগ্রহণে যদি তোমাদের কোনো উপকার হয়, নিজেকে ধন্য মনে করব।’এ তো গেল শেষ দৃশ্যের কথা, গল্পের শুরুটা জানতে হাজির হই রোহিতদের কাছে। ফেসবুক থেকে শুরু!‘আমার প্রজন্মের অনেকেই যেমন ফেসবুক ব্যবহার করে, ফেসবুকটা আমিও ব্যবহার করি।’ রোহিত গল্পটা শুরু করেন খুবই সাদামাটা ভঙ্গিতে। গল্পের শ্রোতাদের মুখভঙ্গি তখনো এমন, ‘এ আর নতুন কী ভাই? এ আপনি না বললেও বুঝে নিতাম!’ মুখভঙ্গি বদলাতে শুরু করল তখন, যখন জানা হলো, রোহিত সত্যিকার অর্থেই ফেসবুকটাকে ‘ব্যবহার’ করতে জানেন!রোহিত বলে যান, ‘ঈদের তিন-চার দিন আগে আমার এক বন্ধু ফেসবুকে আমার ওয়ালে একটা ছবি পোস্ট করল। ছবিতে দেখলাম, দুটি কুকুর। একটা কুকুরের গলায় এবং অন্যটার পায়ে মাথা রেখে ঘুমিয়ে আছে দুটো পথশিশু। চলতে-ফিরতেও এমন দৃশ্য প্রায়ই চোখে পড়ে। কিন্তু কেন যেন ছবিটা আমার মনে গেঁথে গেল। সে দিনই ফোন করলাম আমার পরিচিত ছোট ভাই ও বন্ধু রাহুলকে। বললাম, “রাহুল, চল, আমরা কাল একটা জায়গা থেকে ঘুরে আসি”।’রোহিতের বাসার কাছেই কমলাপুর রেলস্টেশন। পরদিন রাহুলকে সঙ্গে নিয়ে রোহিত গেলেন স্টেশনে। ঘুরতে ঘুরতে পরিচয় হলো স্টেশনের কিছু পথশিশুর সঙ্গে। পরিচয় থেকে কথা, কথা থেকে গল্প জমে উঠল হাসান, আল আমিন, জীবন, রিয়াজ, রুবেলদের সঙ্গে। ওরা সবাই কমলাপুর রেলস্টেশনের বাসিন্দা। গল্প করতে করতেই রোহিত আর রাহুলের জানা হলো এমন অনেক কিছু, যা কি না এত দিন অজানাই ছিল!নিদের ঘোরে ঈদের দিনপথশিশুরা এখানে কত দিন ধরে আছে, কীভাবে এল, কী করে—এমন সব প্রশ্ন দিয়েই এগোচ্ছিল রোহিত, রাহুলের সঙ্গে পথশিশুদের কথোপকথন। জানা গেল, ওদের প্রায় সবারই ঘরবাড়ি, বাবা-মা নেই। কেউ বাড়ি থেকে পালিয়ে এসেছে, কেউবা ছোটবেলা থেকেই আছে স্টেশনে। প্রতিদিন যে কয় টাকা উপার্জন হয়, তা দিয়ে ওরা ফুটের হোটেলে খায়। ফুটের হোটেল, জিনিসটা কী? জানতে চাইলে ব্যাখ্যা করে, ‘আমরা তো বড় বড় হোটেলে গিয়া খাইতে পারি না, কমিউনিটি সেন্টারগুলোতে যেসব খাবার ফালায় দেয়, সেসব খাবার ফুটপাতে কম দামে বিক্রি করে, আমরা সেইখানে খাই।’ আবার কখনো কখনো দিন কাটে না খেয়েই।একসময় প্রশ্ন আসে, পথশিশুরা ঈদের দিন কীভাবে কাটাবে? ওদের একজন বলে, ‘ঈদের দিনে তো কাজকাম থাকে না। খাওন হইব কি না, জানি না। বাইরে হাঁটলেও শরম করে, মাইনষে নতুন জামাকাপড় পরে, আমাগো গায়ে কাপড় নাই। কানতেও পারি না, কানলে পুলিশে ঝামেলা করে। গত ঈদে ঘুমায় কাটাইছি, এই ঈদেও ঘুমায় কাটামু। ঘুম না আইলেও জোর কইরা ঘুমামু।’শুনে স্তব্ধ হয় রোহিতরা। একটা কিছু করার তাগিদ ভেতরে ভেতরে অদম্য হয়ে ওঠে। পথশিশুরা সংখ্যায় অনেক, এদিকে নিজেদের সীমাবদ্ধতার কথাও তো ভাবতে হবে। দ্রুত সিদ্ধান্ত হয়, অন্তত ঈদের দিনটা যাতে পথশিশুদের ভালো কাটে—সে জন্য একটা কিছু ওরা অন্তত করবে। ঈদের দিন সেমাই খাওয়ার রেওয়াজটা চলে আসছে দীর্ঘদিন ধরে, কিন্তু সেমাই তো আর কিনে খাওয়া যায় না। ওরা ঠিক করে, পথশিশুদের সেমাই আর মিষ্টি খাওয়াবে। আর সম্ভব হলে সবাইকে দেবে নতুন কাপড়। টাকাপয়সার জোগাড়যন্ত্র তো করতে হবে, এদিকে ঈদের তখন আর মাত্র দুই-তিন দিন বাকি।ভূত থেকে ভূতেরকিব হাসানের তিন গোয়েন্দা যাঁরা পড়েছেন, তাঁরা নিশ্চয়ই জানেন, কোনো একটা খবর দ্রুত শহরে ছড়িয়ে দিতে হলে তিন গোয়েন্দা তাদের বন্ধুদের সে খবরটা দেয় এবং অন্যদেরও জানাতে বলে। এভাবে এ-ও সে হয়ে খবর ছড়িয়ে যায় দ্রুত। তিন গোয়েন্দা এ পদ্ধতির নামকরণ করেছে ‘ভূত থেকে ভূতে’!রোহিত, রাহুল তিন গোয়েন্দা পড়েছেন কি না, জানা হয়নি, তবে নিজেদের দল ভারী করতে তাঁরাও অনেকটা ভূত থেকে ভূতে পদ্ধতিতে এগোলেন। প্রথমেই রোহিত জানালেন খালাতো বোন সাথী আর দুলাভাই দেবাশীষকে। দুলাভাই নিজেও ইউসিইপি বাংলাদেশে পথশিশুদের নিয়ে কাজ করেন, সুতরাং তাদের দলে ভেড়াতে বেগ পেতে হলো না। সাথী আর দেবাশীষও কাজে যোগ দিলেন পুরোদমে। একে একে বিশ্ববিদ্যালয়ের বন্ধু, কোচিংয়ের বন্ধু, পাড়ার বন্ধু, কাছের বন্ধু, দূর সম্পর্কের বন্ধু—সবার কাছেই পৌঁছে গেল আহ্বান। কম সময়ে দ্রুত সবাইকে জানাতে রোহিত শরণাপন্ন হলেন ফেসবুকেরও।তবে রোহিতরা সবচেয়ে বেশি সাড়া পেলেন যেখান থেকে, তা হলো তাঁদের নাট্যদল। ওহ, বলা হয়নি। রোহিত ও রাহুল, দুজনই নাট্যকর্মী। রোহিত বর্তমানে কাজ করছেন দেশ নাটক-এ, আগে ছিলেন কারক নাট্য সম্প্রদায়ে। সেখানেই রাহুলের সঙ্গে তাঁর পরিচয় ও বন্ধুত্ব। ওদের পাশে দাঁড়ালেন নাট্যকর্মী বন্ধুরা। এ ছাড়া শুভাকাঙ্ক্ষী হিসেবে পেলেন শংকর সাঁওজাল, শামসুল আলম বকুলের মতো গুণী নাট্যজনদের।তবু সব মিলিয়ে সংখ্যাটা ১৫ থেকে ২০ জনের বেশি এগোল না। ওঁরা অবশ্য মানছেন, ঈদের সময় সবারই নিজস্ব কিছু কাজ থাকে। তা ছাড়া বন্ধুদের বেশির ভাগ ছিলেন ঢাকার বাইরে। তবু সবার কাছ থেকেই তাঁরা পেয়েছেন ইতিবাচক সাড়া।আরও মানুষের অপেক্ষায় না থেকে দ্রুত টাকাপয়সা তুলে কাজে লেগে পড়েন তাঁরা। ঈদের আগের দিন একগাদা সেমাইয়ের প্যাকেট নিয়ে খালাতো বোন সাথীর বাসায় হাজির হন রোহিত। খালা কিছুই জানতেন না, এত এত সেমাইয়ের প্যাকেট, তখনো তার কাছে বিস্ময় ঠেকছে। পরে রোহিতদের উদ্দেশ্য জানতে পেরে তিনি নিজেই সেমাই রান্না করে দিতে উদ্যোগী হন। দেবাশীষ ততক্ষণে মিষ্টির বন্দোবস্ত করে ফেলেছেন। রোহিতের দেশ নাটক-এর বন্ধু রোমান কিনে ফেলেছেন পথশিশুদের জন্য টি-শার্ট। জোগাড়যন্ত্র প্রস্তুত, এবার কাজের পালা।১০০ মানুষের জন্য সেমাই রান্না করা, সে তো চাট্টিখানি কথা নয়। খালার রান্না শেষ হলো ভোর চারটা নাগাদ। তারপর এতগুলো সেমাই-মিষ্টি প্যাকেট করাসহ সব মিলিয়ে আরও নানা ব্যস্ততায় নির্ঘুম অথচ অসাধারণ একটা রাত কাটল ওদের। ঈদ আনন্দ এক্সপ্রেসসেমাই, মিষ্টি আর টি-শার্ট নিয়ে ঈদের দিন বেলা ১১টায় কমলাপুর রেলস্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে ভিড়লেন রোহিতেরা। যোগ হলেন শুভ, বিস্ময়, তুলি, মুনিয়া, যুথী, রোমান, লিঙ্কন, জিতু, অরূপ, পিন্টু, নিলয়, তান্নিসহ আরও বন্ধু। খাবার বিতরণ চলছে, এরই মধ্যে শিশুদের ঘোষণা, ‘তোমরা না খেলে আমরা খাব না’। অগত্যা সবাই মিলে ভাগাভাগি করেই খেলেন সেমাই-মিষ্টি। টি-শার্ট বিতরণের পর শুরু হলো জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান!‘ট্রেনের হুইসেলে আমাগো ঘুম ভাঙে না, তয় পুলিশের হুইসেলে ঘুম ভাঙে’—হাসতে হাসতে শিশুদের একজনের এমন বক্তব্য থেকেই পুলিশের সঙ্গে তাদের টম অ্যান্ড জেরি সম্পর্কটা আঁচ করে নেওয়া যাচ্ছিল। বক্তব্য আরও জোরালো হলো রিয়াজ নামের এক পথশিশুর কার্যকলাপে। নাক দিয়ে সে হুবহু যেভাবে পুলিশের বাঁশি বাজিয়ে শোনাল, শুনলে নির্ঘাত পুলিশও ভড়কে যাবে। শিশুদের কেউ শোনাল গান, কেউ দেখাল নাচ। একজন নাচ-গান কিছুই পারে না, সে-ই বা পিছিয়ে পড়বে কেন? বন্ধুদের তুমুল উ ৎ সাহে সে ঘাড়ের ওপর পা তোলার কসরত দেখাল। মুহুর্মুহু করতালি আর হাসিতে ফেটে পড়ছিল শিশুরা, সঙ্গে রোহিতেরাও। সব মিলিয়ে পুরো পরিবেশটায় ‘পথশিশুদের সঙ্গে ঈদ উদ্যাপন করলেন শিক্ষার্থীরা’—এমন মোটা দাগের শিরোনামে মনস্থির করতে ঠিক মন সায় দেয় না। বরং ঈদের দিনটা একসঙ্গে হইহুল্লোড় করে হাসি আনন্দে কাটাল রোহিত আর রিয়াজদের দল—এমনটা বলা হলেও কিছুটা স্বস্তি মেলে।এখানেই শেষ নয় জুবাইদুর রহমান ঘোষণা দিয়ে ফেলেছেন, পরিবারের বাইরে কাটানো—অথচ এটাই তাঁর জীবনের শ্রেষ্ঠ ঈদ। সাথী বললেন, ‘সে দিন শিশুদের মধ্যে একজন আমাদের বিস্কুট কিনে খাইয়েছিল। ওরা এমনটাও বলছিল, এবার ঈদে তোমরা আমাদের খাওয়ালে, পরের ঈদে আমরা তোমাদের খাওয়াব। ওদের কাছ থেকে এতখানি ভালোবাসা সত্যিই আমাদের জন্য বিরাট পাওয়া।’ রোহিত সঙ্গে যোগ করলেন, ‘এমন ভালোবাসা চাইলে সবাই-ই পেতে পারেন। আমরা ঈদের পরও ওদের সঙ্গে দেখা করতে গেছি। ওরা তো কাপড় বা খাবার চায় না। ওরা চায় আমরা প্রতিদিন ওদের সঙ্গে গিয়ে গল্প করব। একটু ভালোভাবে কথা বললেই ওরা খুশি।’ পরবর্তী পরিকল্পনার কথা জানতে চাইলে রোহিত বলেন, ‘এখন থেকে প্রতি ঈদেই আমরা এ আয়োজন করব। তবে আমরা চাইব, আমাদের লোকবলটা অনেকখানি বাড়াতে। আমাদের কাছাকাছি যেমন কমলাপুর, এভাবে সবাই যদি তাদের কাছের এলাকার পথশিশুদের দায়িত্বটা নেয়, অন্তত ঈদের দিনটা ওদের ভালো কাটুক, সেই নিশ্চয়তা আমরা দিতেই পারি। আমরা সবাইকে নিয়ে একটা নামের নিচে দাঁড়াতে চাই, তবে কোনো সংগঠন গড়ার ব্যাপারে আমরা উ ৎ সাহী নই। সংগঠন হলেই পদ সৃষ্টির ব্যাপার আসে, এখানে কোনো পদের প্রয়োজন নেই। এখানে সবার নিজেদের তাগিদটাই বড় কথা।’সব মিলিয়ে বোঝা যায়, গত ৩১ আগস্ট কমলাপুর রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে শেখ নুরুল ইসলামের মুগ্ধ চোখে দেখা দৃশ্যটাই নাটকের শেষ দৃশ্য ছিল না!