
মাচালং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী পদ মোহন ত্রিপুরার বাবা-মা কেউই বেঁচে নেই। দুই বছর আগে বাবা ও বছর খানেক আগে মা মারা যাওয়ার পর ভাইবোনদের আশ্রয় হয়েছে আত্মীয়স্বজনদের বাড়িতে। আর পদ মোহনের ঠিকানা হয়েছে সাজেকের মাচালং এলাকার অনাথ ত্রিপুরা ছাত্রাবাসে।
পদ মোহনের মতো ২৫ জন এতিম ত্রিপুরা শিশুর পক্ষে লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে সাজেক অনাথ ত্রিপুরা ছাত্রাবাসের কারণে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং এলাকায় অবস্থিত এই ছাত্রাবাসটি চলে স্থানীয় লোকজনের সাহায্য–সহযোগিতায়। স্থানীয় বাসিন্দারা ছাত্রাবাসটি পরিচালনা করার জন্য একটি কমিটিও গঠন করেছেন। শিক্ষার্থীদের থাকা, খাওয়া ও বেতন-ফি মেটাতে ঘরে ঘরে গিয়ে চাঁদা তোলেন কমিটির সদস্যরা। এরপরও প্রয়োজনের তুলনায় টাকার জোগান কম হওয়ায় ছাত্রাবাসে কষ্টে দিন কাটছে শিক্ষার্থীদের।
ছাত্রাবাস পরিচালনা কমিটির সদস্যরা জানান, মাচালং বাজারের আধা কিলোমিটার দূরে এক একর জমির ওপর ২০১২ সালে এই ছাত্রাবাসটি প্রতিষ্ঠিত হয় এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের লোকজনের উদ্যোগে। ওই বছরের ৬ নভেম্বর দুই কক্ষের একটি বেড়ার ঘরে ১০ জন অনাথ ত্রিপুরা শিশু নিয়ে চালু হয় এই ছাত্রাবাস। ২০১৩ সালে শেষের দিকে রাঙামাটি জেলা পরিষদ বেড়ার ঘরটি সংস্কার করার জন্য দুই লাখ টাকা অনুদান দেয়। সেই টাকা দিয়ে একটি থাকার ঘর ও রান্নাঘর নির্মাণ করা হয়। পরে ২০১৪ সালে শিক্ষার্থীদের সংখ্যা বেড়ে গেলে কক্ষ বাড়ানোর জন্য জেলা পরিষদ আরও চার লাখ টাকা অনুদান দেয়। অনুদানের টাকা ও এলাকাবাসীর চাঁদায় ছাত্রাবাসটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়। একতলা পাকা করা হলেও মাঝপথে টাকার অভাবে আবার থমকে যায় দোতলার কাজ। এরপর জেলা পরিষদ ২০১৫-১৬ অর্থবছরে ছাত্রাবাসটি নির্মাণকাজ শেষ করার জন্য আরও ১৫ লাখ টাকা অনুমোদন দেয়। বর্তমানে ছাত্রাবাসটির দোতলার কাজ চলছে।
ছাত্রাবাস পরিচালনা কর্তৃপক্ষ আরও জানায়, বর্তমানে এখানে ২৫ জন এতিম ও দুস্থ পরিবারের শিশু থাকছে। এরা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থী।
সরেজমিনে দেখা গেছে, ১৫ বাই ২০ ফুট আয়তনের ছোট ছোট কক্ষে ৯ থেকে ১০ জন শিশু মেঝেতে মাদুর বিছিয়ে থাকছে। নেই পানীয়জলের বন্দোবস্ত। রিংওয়েল কিংবা টিউবওয়েল না থাকায় ছড়ার পানি পান করতে হয় শিশুদের। বাঁশের বেড়া দিয়ে নির্মিত শৌচাগার জীর্ণ হয়ে পড়েছে। পরিবেশও অপরিচ্ছন্ন।
শিশুদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ জনের পরিচালনা পরিষদের সদস্যরা পালাক্রমে শিশুদের সঙ্গে থাকেন। বাজার ও রান্নার খরচ জোগানো হয় কমিটির পক্ষ থেকে।
ছাত্রাবাস পরিচালনা কমিটির সভাপতি মাচালং গ্রামের কারবারি মেহেন্দ্রলাল ত্রিপুরা বলেন, শিশুদের খাওয়া–থাকা ওষুধপথ্যের খরচ মেটাতে মাসে ৫০ হাজার টাকা প্রয়োজন হয়। তবে অনাথ শিক্ষার্থীদের আত্মীয়স্বজন ও এলাকাবাসীর চাঁদা থেকে ৩০-৩৫ হাজার টাকা পাওয়া যায়। কয়েকজন শিক্ষার্থীর বাড়ি থেকে কিছু চালও পাঠানো হয়। তবে তা পর্যাপ্ত নয়। সব মিলিয়ে শিশুদের মাথা গোঁজার ঠাঁই হলেও খাবারের খরচ মেটাতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী তৃতীয়ান ত্রিপুরা ছাত্রাবাসের শিশুদের জন্য প্রতিদিন বাজার করে। সে জানায়, শিক্ষার্থীদের তিন বেলা খাবারের জন্য মাথাপিছু ৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়। মাছ, ডিম কিংবা সবজি থাকে প্রতি বেলায়।
ছাত্রাবাস পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দয়াল ত্রিপুরা বলেন, ‘এলাকাবাসীদের কাছ থেকে চাঁদা তুলে শিশুদের থাকা-খাওয়ার খরচ মেটাতে হয়। তবে বর্ষা মৌসুমে চাঁদা তেমন ওঠে না। তখন শিক্ষার্থীদের খরচ জোগানো মুশকিল হয়ে পড়ে। সরকারের সাহায্য না পেলে শিশুদের ভরণ-পোষণ আমাদের একার পক্ষে সম্ভব হবে না।’
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ছাত্রাবাসে নিয়মিত বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। তারপরও মাঝেমধ্যে দুই থেকে তিন বস্তা করে চাল সাহায্য হিসেবে দেওয়া হয়।
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে ত্রিপুরা ছাত্রাবাসের জন্য ২০১৫-১৬ অর্থবছরে ভবন নির্মাণের জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এতিম শিক্ষার্থীদের খাবারের খরচ দেওয়া জেলা পরিষদের পক্ষে সম্ভব নয়। এ জন্য মন্ত্রণালয় থেকে অনুমোদন আনতে হবে।