ওদের স্বপ্ন সত্যি হোক
সবুজে ঘেরা গ্রাম, গাছে ঢাকা পথটি মিশেছে দিগন্তে। রং-তুলির আঁচড়ে এমন স্বপ্নময় গ্রামের ছবি এঁকেছে ১৫ বছরের কিশোরী মোর্শেদা আক্তার। একদিন যে গ্রামের পথেপ্রান্তরে খেলে বেড়িয়েছে এখন সেই গ্রামখানি তার কাছে বহু দূরের জনপদ।মোর্শেদা এই শহরের আর দশজন সুবিধাবঞ্চিত শিশুর মতোই নিজের অস্তিত্ব রক্ষার সংগ্রাম করছে। তবে আর সব ছিন্নমূল শিশুর সঙ্গে পার্থক্য আছে তার। মোর্শেদা ছবি আঁকে। ছবি এঁকে পুরস্কারও পেয়েছে। ছিন্নমূল শিশুদের আশ্রয়কেন্দ্র অপরাজেয় বাংলাদেশের ড্রপইন সেন্টারে ছবি আঁকার হাতেখড়ি তার। মোর্শেদার স্বপ্ন বড় হয়ে চিত্রশিল্পী হবে। মোর্শেদার চেয়ে দু-এক বছরের বড় কিশোর এস এম সাগর ও আশিকুর রহমানও ছবি আঁকে। শিল্পকলা একাডেমীর গ্যালারিতে এদের আঁকা ছবির প্রদর্শনী হয়েছে গত বছরের অক্টোবর মাসে। কেমন আঁকে ওরা? এমন প্রশ্নের উত্তর পাওয়া যাবে সে সময় প্রকাশিত পত্রপত্রিকায়। ‘আলোর পথে’ নামের সেই প্রদর্শনীটি সমালোচক ও দর্শকদের বিপুল প্রশংসা কুড়িয়েছিল। পত্রিকার কল্যাণে শহরের অনেকেই এখন তাদের চেনে।কেমন আছে এই অদম্য কিশোর শিল্পীরা? বিষয়টি জানতে সম্প্রতি অপরাজেয় বাংলাদেশের বহদ্দারহাটের ড্রপইন সেন্টারে গেলে কথা হয় মোর্শেদার সঙ্গে। মোর্শেদার কাছ থেকে জানা গেল, আশিকুর রহমান তার ভাই। ১৯৯৯ সালে ভাইয়ের সঙ্গে চকরিয়া থেকে চট্টগ্রামে আসে সে। তখন মোর্শেদার বয়স পাঁচ আর আশিকুরের ছয় বছর। বাবা মালির কাজ করতেন। ঘরে অভাব লেগেই থাকত। পেটের টানেই শহরে আসা। এখানে এসে কাগজ কুড়ানো আর মাল টানার কাজ করত তারা। ধীরে ধীরে বাড়ির সঙ্গে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন মা-বাবা কোথায় আছেন তাও জানে না। ২০০১ সালে অপরাজেয় বাংলাদেশের ড্রপইন সেন্টারে ঠাঁই হয় ওদের। এই সংস্থার ‘প্রটেকশন ফর চিল্ড্রেন অ্যাট রিস্ক’ (পিকার) নামের একটি প্রকল্পের আওতায় চলছে ওদের লেখাপড়া ও ছবি আঁকা শেখা। অপর চিত্রশিল্পী সাগরও একই সময় ভর্তি হয় অপরাজেয় বাংলাদেশে। তার বাড়ি চাঁদপুর। ১৯৯৮ সালে চট্টগ্রাম আসে সে। কাজ করত শহরের একটি চায়ের দোকানে।মোর্শেদা, আশিকুর ও সাগর তিনজনই এখন ইউসেপ স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ালেখা করছে। তিন জনেরই ইচ্ছে, চারুকলায় পড়ালেখা করবে। কিন্তু পিকার প্রকল্পে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করার সুযোগ আছে। এরপর পড়ালেখা করতে হয় সম্পূর্ণ পারিবারিক খরচে। তিনজনেরই আশঙ্কা তাদের স্বপ্ন পূরণ হবে না। আশিকুর বলল, ‘আমি ছবি এঁকে অনেক পুরস্কার পেয়েছি। এই প্রকল্পের শিক্ষক ও তত্ত্বাবধায়কেরা আমাকে শিল্পী হওয়ার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু আমরা জানি না সে স্বপ্ন কীভাবে সফল হবে।’ সাগরও শিল্পকলায় কোর্স করছে। বড় চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন থকলেও সফল হবে কী না জানে না সেও। অপরাজেয়-বাংলাদেশ পিকার প্রকল্প বিভাগীয় সমন্বয়কারী মো. রাশিদুল হাসান জানান, ‘প্রকল্পের কিছু সীমাবদ্ধতা রয়েছে। আর্থিক সমস্যার কারণে এসএসসি অথবা এইচএসসি পর্যন্ত পড়ালেখার ব্যবস্থা করা যায়নি। সমাজের বিত্তবানেরা যদি এগিয়ে আসেন তবে এ তিন শিশুর স্বপ্ন সত্যি হবে।’