ওপর থেকে ময়লা ফেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওপর থেকে ময়লা ফেলা যাবে না। এতে প্রতিবেশী, পথচারী—এমনকি নিজেরাও ভোগান্তির শিকার হবেন। ছবি: অধুনা
ওপর থেকে ময়লা ফেলা যাবে না। এতে প্রতিবেশী, পথচারী—এমনকি নিজেরাও ভোগান্তির শিকার হবেন। ছবি: অধুনা

বৃষ্টি হলেই বাতাসে ভেসে বেড়াবে সোঁদা মাটির গন্ধ আর বুক ভরে নেব সেই ঘ্রাণ। কিন্তু একি! বৃষ্টি শুরু না হতেই চারদিকে ভেজা মাটির গন্ধের বদলে ছড়াচ্ছে ময়লার দুর্গন্ধ! প্রথমে একটু খটকা লাগলেও পরে বুঝতে আর সমস্যা হলো না, কেন এ রকম হচ্ছে। বাড়ির আশপাশে, সানশেডে কলার খোসা, পচা ভাত, ময়লা কাপড়, বাচ্চার ব্যবহৃত ডায়াপার—সব একসঙ্গে পচে একাকার। ময়লাগুলো এত দিন ধরে ফেলে আসছে আশপাশের দালানে বসবাসকারী মানুষেরাই। নিজের ভুলের জন্য তো নিজেদেরই পস্তাতে হচ্ছে, সঙ্গে দুর্ভোগ পোহাচ্ছে প্রতিবেশীরাও।
এক কলেজছাত্রের কাছে জানতে চাওয়া হয়েছিল ঘরে কাগজ ফেলার ঝুড়ি থাকা সত্ত্বেও টিস্যু পেপার জানালা দিয়ে বাইরে ফেলার কারণ কী? তার উত্তর, ‘সবাই ফেলে। সামান্য একটা টিস্যু পেপারই তো।’
কিন্তু সামান্য একটা টিস্যু পেপার মনে করে সবাই মিলে যদি তা রাস্তায় ফেলতে থাকে, তাহলে অবস্থাটা কী হবে একবার ভাবুন তো। বিন্দু থেকেই সিন্ধু, এ কথা তো সবার জানা। সবচেয়ে বড় কথা, এটি একটি বদভ্যাস। কে কী করছে, তার সঙ্গে তুলনা দিয়ে এমন কাজ কখনোই করা উচিত নয়, যা পরিবেশের ক্ষতি করে।
দালান থেকে বাইরে ময়লা-আবর্জনা ফেলার সমস্যা কমবেশি সব এলাকাতেই দেখা যায়। কিছু এলাকায় ঘনবসতি হওয়ার ফলে পাশের বাড়ি থেকে ফেলা আবর্জনা জমা হয় লাগোয়া দালানের সামনে। এটি প্রচণ্ড বিরক্তির উদ্রেক করে। ঢাকার অভিজাত এলাকায় যারা বসবাস করে, তাঁরাও এ ভোগান্তির শিকার। তাহলে আসল সমস্যাটা কোথায়? আবর্জনা ফেলার ব্যবস্থার অভাব, নাকি নিতান্তই অসচেতনতা?
ময়লানিষ্কাশনের যথাযথ ব্যবস্থার অভাব কিংবা কর্তৃপক্ষের দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ অস্বীকার করার উপায় নেই। তবে যেখানে বাড়ি বাড়ি এসে তারা আবর্জনা সংগ্রহ করে যাচ্ছেন, সেখানে একই সমস্যা দেখা দিলে বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে এর পেছনের প্রধান কারণই হলো অসচেতনতা। ঢাকার মোহাম্মদপুরবাসী এক শিক্ষার্থী অলকা চৌধুরী (ছদ্মনাম) জানালেন, তাঁদের এলাকায় কল্যাণ সমিতির মাধ্যমে বাড়ি বাড়ি এসে ময়লা-আবর্জনা সংগ্রহ করে। তবু আশপাশের কিছু বাড়ির লোকজন প্রতিদিন এটা-ওটা ফেলে এলাকা নোংরা করে। এতে বাড়ছে মশার উপদ্রব, ছড়াচ্ছে দুর্গন্ধ। নানা রকম অসুখ-বিসুখের মূল হোতা এ ধরনের পরিবেশদূষণ।
নিজের এলাকা এবং দেশ সুন্দর রাখতে সবার আগে পরিবর্তন আনতে হবে মানসিকতার, এমনটাই মনে করেন বনশ্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল কবির। এলাকাবাসী মিলে পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্যোগ কাঁধে নিয়েছে। এলাকার আবর্জনা সংগ্রহ করার জন্য কয়েকজনকে নিয়োগ দিয়েছেন তাঁরা। বনশ্রীর সবগুলো ব্লকে নির্দিষ্ট সময়ে ময়লার গাড়ি গিয়ে প্রতিটি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করে আনে। এ ছাড়া খালের আশপাশের ময়লাও পরিষ্কার করেন তাঁরা। নুরুল কবির জানালেন, তাঁদের এই কার্যক্রম চলছে ১৯৯৩ সাল থেকে।
‘বর্তমানে অনেক এলাকাতেই সমিতির মাধ্যমে এমন ভালো কিছু উদ্যোগ নিতে দেখা যাচ্ছে, কিন্তু তাতেও এলাকাবাসী দ্বারা এলাকা নোংরা করার সমস্যা বন্ধ করা যাচ্ছে না। ওপর থেকে ছুড়ে ফেলা ময়লা বা পানি অনেক সময় পথচারীর গায়ে গিয়ে পড়ছে। এমন ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছে। মুশকিল হলো, আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু সভ্য হচ্ছি না’, বলছিলেন গৃহিণী রাশিদা আকতার। মীরবাগ এলাকায় আগে একটি ডোবা ছিল, যেখানে আশপাশের সব বাড়ি থেকে ময়লা ফেলে ডোবার পানির একেবারে যা-তা অবস্থা হয়ে গিয়েছিল আর সেখানে গড়ে উঠেছিল মশার আস্তানা। ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ এলাকাবাসীর লেগেই থাকত। কাকে দোষ দেবেন বলেন? রোগ তো ডেকে আনতাম আমরাই। তাই নির্দিষ্ট জায়গা ছাড়া ময়লা ফেরা কখনোই নয়।