ওপরের দিকে নগরায়ণ
দৈত্যাকার ঊর্ধ্বমুখী স্থাপনা নির্মাণে সে জামানায় তাঁরা ছিলেন অদ্বিতীয়। পিরামিড বানিয়ে ইতিহাসে আজও অমর হয়ে আছেন সেই ফারাও রাজারা। ব্যাবিলনের শূন্যদ্যান এখনো প্রাচীন সপ্তাশ্চর্যের একটি। এই একবিংশ শতকে এসে প্রাচ্যের আমির-বাদশাহরা আবারও একটি ইতিহাস রচনা করলেন। মরুর বুকে গড়ে তুললেন বিস্ময়জাগানিয়া এক ইমারত। আকাশ ফুঁড়ে ওঠা সেই ইমারতের নাম—বুর্জ খলিফা। যার জয়যাত্রা মনে করিয়ে দিল মাটিতে বসত আর নয়।ভারটিক্যাল সিটি বা ঊর্ধ্বমুখী নগরীর ধারণাটা মানুষের বহু দিনের। জনবসতির চাপে মাটি এখন সোনার চেয়েও দামী। তাই মাটির ওপর চাপ কমাও। যত পার বহুতল ভবন বানাও। অনেক বিশেষজ্ঞ অন্তত এমনটাই মনে করেন। তেমন একটা ভাবনা থেকেই দুবাইয়ের প্রাণকেন্দ্রে বুর্জ খলিফার উত্থান। ১৬০ তলার অট্টালিকাটাই আস্ত একটা নগরী। থাকা-খাওয়া, বিনোদন, শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর সবই আছে ঊর্ধ্বমুখী এ নগরীতে। নিচ থেকে দেখে মনে হয়, ওপরে আকাশ ফুঁড়ে স্বর্গে ঢুকে পড়েছে বুর্জ খলিফার মিনার। এ যেন স্বর্গে যাওয়ার সিঁড়ি।মানুষ যতই আহ্লাদিত হোক, উচ্চতম এই ইমারত কারও কারও চক্ষুশূল হয়েছে। এই যেমন ব্রিটিশ সংবাদপত্র টেলিগ্রাফ-এর সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘মদ্যপানের পেছনে এক পাগলের অর্থব্যয়।’ দুবাইবাসীর মতে, অর্থনৈতিক মন্দার চাপে পিষ্ট মানুষের মনোবল ফিরিয়ে আনার লক্ষ্যে এক ধরনের প্রচারণা। আর নির্মাতাপ্রতিষ্ঠান এমার প্রপার্টিজ বলেছে, এই ইমারত হচ্ছে বিশ্বব্যাপী সহযোগিতার প্রতীক।উদ্বোধনের পরপর বুর্জ খলিফা ঘুরে এক পর্যটক বললেন, এ যেন সীমার মাঝে এক অসীমের দেখা। প্রায় অসম্ভবকেও সম্ভব করেছে এই অট্টালিকা। এর নকশা দেখে ও নির্মাণশৈলীর কথা শুনে শুরুতে বাঘা বাঘা সব স্থপতি হেসেই উড়িয়ে দিয়েছিলেন। কংক্রিট দিয়ে এত্তবড় দালান, অসম্ভব! কারণ এখনকার গগনচুম্বী সব দালানকোঠা ইস্পাতনির্ভর। সেখানে মান্ধাতার আমলের কংক্রিট সবার মধ্যে হাস্যরসের উদ্রেক করে। কিন্তু সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে শিখর হিমাদ্রির মতো মাথা উঁচিয়ে দাঁড়িয়েছে বুর্জ খলিফা বা খলিফার টাওয়ার।টাওয়ারের নকশা করা হয়েছে একটি ফুলের আদলে। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের দক্ষিণে টেক্সাসে দেখা মেলে ফুলটির। নাম হিমেনোকেলিস। ফুলটির বৃন্ত থেকে সাদা সরু পাপড়িগুলো ঊর্ধ্বমুখে উঠে আসে। বুর্জ খলিফায় রয়েছে একাধিক টাওয়ার। টাওয়ারগুলো নিচে থেকে ওপরে উঠতে উঠতে সরু হয়ে এসেছে।জনবহুল নগরীতে এমন গগনচুম্বী অট্টালিকার চাহিদা দিন দিন বেড়ে চলেছে। এশিয়ার বিভিন্ন নগরীতে এমন অট্টালিকা বানানোর তোড়জোড় চোখে পড়ার মতো। এশিয়ায় গগনচুম্বী অট্টালিকার ভিড়ে রয়েছে মালয়েশিয়ার ৪৫২ মিটার উঁচু পেট্রোনাস টাওয়ার, তাইওয়ানের তাইপে ১০১, চীনে ৪৯২ মিটার উচ্চতার সাংহাই ওয়ার্ল্ড ফিন্যান্সিয়াল সেন্টার। গগনচুম্বী অট্টালিকার বড় সুবিধা হচ্ছে—এতে স্বল্প পরিসরে বেশি মানুষের সংস্থানের সুযোগ থাকে। এ জন্য দিন দিন এসব ঊর্ধ্বমুখী নগরীর কদর বাড়ছে। এশিয়ায় এমন আরও কিছু অট্টালিকা নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। চীনে ৬৩২ মিটার উঁচু সাংহাই টাওয়ারের কাজ ২০১৪ সালে শেষ হবে বলে আশা করা হচ্ছে। ৫৯৭ মিটার উঁচু আরও একটি টাওয়ার হচ্ছে চীনেই। আগামী বছর এটি উদ্বোধনের কথা রয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হচ্ছে ৬২০ মিটারের ডিএমসি ল্যান্ডমার্ক টাওয়ার এবং ৬৪০ মিটারের সিউল ড্রিম টাওয়ার। টাওয়ার দুটি ২০১৬ সাল নাগাদ মাথা উঁচিয়ে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। স্থপতিরা বলেন, ১০০ তলা বা তার বেশি উঁচু ভবন নির্মাণ বেশ কষ্টসাধ্য। কারণ দালান যত ওপরে উঠতে থাকবে বাতাস, তাপমাত্রা দুটোর চাপই বাড়তে থাকবে। ৭০ মিটারের ওপর গেলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার হতে পারে। বাতাসের এই জোর ধাক্কা অন্য আর দশটা স্থাপনার জন্য হুমকি হতে পারে। কিন্তু আধুনিক দালানগুলোর নকশা একটু ভিন্ন ধাঁচে করা। ১০০ তলা বা তার বেশি উঁচু দালানের এমন নকশা করে প্রথমে হইচই ফেলে দিয়েছিলেন বাংলাদেশের কৃতী সন্তান ফজলুর রহমান খান। এখনকার স্থপতিরা তাঁর দেখানো পথেই হাঁটছেন। আবার ফিরে আসি বুর্জ খলিফার কীর্তিগাথায়। ঊর্ধ্বমুখী এ নগরীতে এক হাজার ৪৪টি ফ্ল্যাট আছে। এর মধ্যে ১৪৪টার নকশা করেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড আর্মানি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এত উঁচু ভবনে উঠতে-নামতেই তো অঢেল সময় বেরিয়ে যাবে। না, সেই চিন্তা আগেই করে রেখেছেন নির্মাতারা। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এলিভেটরের ব্যবস্থা করা হয়েছে বুর্জ খলিফায়। যা সেকেন্ডে ১০ মিটার ওপরে উঠতে পারে।বিশ্বের জনবহুল নগরীর জন্য আদর্শ হয়ে রইল বুর্জ খলিফা। কারণ, মানুষ যেভাবে বাড়ছে সে হারে জমি তো বাড়ছে না। জমির সর্বোচ্চ ব্যবহার করতে গগনচুম্বী অট্টালিকা ছাড়া উপায় কী! সেদিন হয়তো আর বেশি দূরে নয়, যখন এই এশিয়াতেই শয়ে শয়ে ঊর্ধ্বমুখী নগরী গজিয়ে উঠবে। —ওয়েবসাইট অবলম্বনে