সরকারের ওপর মহলের নির্দেশে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। আর এ জন্য পুলিশ, র্যাব ও দাঙ্গা পুলিশকে আগে থেকে নাসিমন ভবনের আশপাশে জড়ো করা হয়। এক সংবাদ সম্মেলনে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী গতকাল সোমবার এ অভিযোগ করেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমার রাজনৈতিক জীবনে পুলিশের এমন নির্যাতন দেখিনি। পুলিশ বিনা উসকানিতে আমাদের নেতা-কর্মীর ওপর হামলা চালায়। গণতান্ত্রিক আন্দোলন বানচালের জন্য নেতা-কর্মীদের ভয়-ভীতি দেখাতে পরিকল্পিতভাবে এ কাণ্ড ঘটানো হয়েছে। মহিলা নেতা-কর্মীরাও পুলিশের নির্যাতন থেকে রক্ষা পাননি।’ প্রসঙ্গত, গত রোববার বিকেলে হরতালের কর্মসূচি পালনের শেষ মুহূর্তে নাসিমন ভবনের সামনে সিএনজিচালিত একটি অটোরিকশায় ঢিল ছোড়া নিয়ে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের তুমুল সংঘর্ষ হয়। এতে ছয় পুলিশসহ বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।আমীর খসরু সংবাদ সম্মেলনে আরও বলেন, সরকার জনগণের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। তাই পরাজিত ব্যক্তির মতো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে একদলীয় নির্বাচনের মাধ্যমে খড়কুটো ধরে বেঁচে থাকার চেষ্টা করছে। এই প্রক্রিয়ার মাধ্যমে একদলীয় শাসনের মনোবৃত্তি সফল হওয়ার কোনো সুযোগ নেই। কারণ বাকশাল কায়েমের সাত মাসের মাথায় তৎকালীন সরকারকে বিদায় নিতে হয়েছে। বর্তমান সরকারকেও আন্দোলনের মুখে বিদায় নিতে হবে।গতকালের সংবাদ সম্মেলনে নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।