
এপার বাংলা ছাড়িয়ে এবার ওপার বাংলা মাতিয়ে এল চট্টগ্রামের আবৃত্তি সংগঠন তারুণ্যের উচ্ছ্বাস। গত ২২ সেপ্টেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত কবিতার আসরে মঞ্চ মাতান এই সংগঠনের শিল্পীরা।
‘এসো কবিতায় হাত ধরি’ শিরোনামের এই কবিতার আসরে অংশ নেয় ভারতের বিভিন্ন রাজ্যের আবৃত্তি দল। বাংলাদেশ থেকে অংশ নেয় তারুণ্যের উচ্ছ্বাস। অনুষ্ঠানের আয়োজন করে ত্রিপুরার আগরতলার উড়ান আবৃত্তি সংগঠন। স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় শুরু হয় এই অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
অনুষ্ঠানে ভারতের কলকাতা, শিলচর, ত্রিপুরাসহ বিভিন্ন রাজ্যের আবৃত্তি সংগঠনের পাশাপাশি তারুণ্যের উচ্ছ্বাসের ‘জননী জন্মভূমি’ আবৃত্তি প্রযোজনা মুগ্ধ করে দর্শকদের। প্রায় ৪০ মিনিটের এ প্রযোজনায় উঠে আসে দেশভাগ থেকে উপমহাদেশের নানা রাজনৈতিক পটপরিবর্তন ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট। কবি শামসুর রাহমান, আবু হেনা মোস্তফা কামাল, সৈয়দ শামসুল হক, কায়েস আহমেদ, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, প্রতুল মুখোপাধ্যায়, সৃজন সেন ও শুভ দাশগুপ্তের কবিতা নিয়ে নির্মিত এ প্রযোজনাটির নির্দেশনায় ছিলেন মো. মুজাহিদুল ইসলাম। এতে অংশ নেন আবৃত্তিশিল্পী শ্রাবণী দাশগুপ্তা, স্বপ্নিল বড়ুয়া, সেঁজুতি দে, আশিক উল আলম, মো. মুজাহিদুল ইসলাম, সাইদুর রহমান ও মিঠু তলাপাত্র। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন চট্টগ্রামের কবি ভাগ্যধন বড়ুয়া ও মনিরুল মনির।