ওবামা-জিনপিং বৈঠকের প্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ঘরোয়া’ শীর্ষ বৈঠকের এক ফাঁকে জিনপিং ও ওবামা  ছবি: এএফপি
‘ঘরোয়া’ শীর্ষ বৈঠকের এক ফাঁকে জিনপিং ও ওবামা ছবি: এএফপি

ক্যালিফোর্নিয়ার সানিল্যান্ডস সম্মেলনকেন্দ্রের ঘন সবুজ ঘাসে ঢাকা চত্বর। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুটি দেশের প্রেসিডেন্ট পাশাপাশি হেঁটে চলেছেন সেই ঘাস মাড়িয়ে। টানা ৫০ মিনিট হাঁটলেন তাঁরা। দুজনই খোশমেজাজে। কথা বলছেন একান্তে। দোভাষীরা ছাড়া আর কারও উপস্থিতি নেই আশপাশে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে গেল সপ্তাহে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের সর্বশেষ দৃশ্য এটা। ওই ৫০ মিনিটের পদচারণ দিয়েই দুুই প্রেসিডেন্ট তাঁদের দুই দিনের শীর্ষ সম্মেলন শেষ করেন।পর্যবেক্ষকেরা বলছেন, এই ছোট্ট একটা ঘটনাই ইঙ্গিত দেয়, দুই নেতার মধ্যে আন্তরিকতার অভাব ছিল না। আনুষ্ঠানিকতার গাম্ভীর্য যেন ঘনিষ্ঠতায় বাধা হয়ে উঠতে না পারে, সেজন্য বেছে নেওয়া হয় নিভৃত বৈঠকস্থলটি। এই বৈঠকের মাধ্যমে বর্তমান বিশ্বের দুই শীর্ষ অর্থনৈতিক ও সামরিক শক্তির মধ্যে সম্পর্ক নতুন মোড় নিতে পারে বলেও ভাবতে শুরু করেছেন অনেকে।একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা ওবামা-জিনপিং বৈঠককে বর্ণনা করেছেন, ‘অনন্য, ইতিবাচক ও গঠনমূলক’ হিসেবে। ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডনিলন বৈঠকটির কথা বলতে গিয়ে বারবার উচ্চারণ করেছেন প্রথম শব্দটি—অনন্য।নানা কারণেই ওবামা-জিনপিং শীর্ষ বৈঠকটি ছিল মনোযোগের কেন্দ্রবিন্দুতে। একে তো বিশ্বের দুই অর্থনৈতিক পরাশক্তির শীর্ষ নেতাদের বৈঠক, তার ওপর বৈঠকের আলোচ্যসূচিতে ছিল সাম্প্রতিক সময়ের নানা স্পর্শকাতর ইস্যু। বৈঠক শুরুর দিন শুক্রবার প্রথম দিনে দুই নেতা ছয় ঘণ্টা একসঙ্গে কাটান। এ দিনকার প্রথম অধিবেশনে তাঁরা নিজ নিজ দেশের জন্য ভবিষ্যৎ দূরকল্প ও কৌশলগত লক্ষ্য-উদ্দেশ্য নির্ধারণ করেন। রাতের খাওয়ার পর বসেন লম্বা এক আলোচনায়। এর মূল বিষয়বস্তু ছিল নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ। এ সময় উত্তর কোরিয়াকে নিয়ে সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতির ওপরে বিশেষভাবে আলোকপাত করা হয়। পরের দিন শনিবার সকালে দুই নেতা আরও তিন ঘণ্টা একসঙ্গে কাটান। এ দিনের বৈঠকের মূল বিষয়বস্তু ছিল এ মুহূর্তের খুব স্পর্শকাতর বিষয়, সাইবার নিরাপত্তা। দুই প্রেসিডেন্টের জন্যই সাইবার নিরাপত্তার ইস্যুটি ছিল কিছুটা বিব্রতকর। কাউকে মুখের ওপর চুরির দায়ে অভিযুক্ত করা ভদ্রলোকের জন্য অস্বস্তিকরই হওয়ার কথা। দুই দিনের সংলাপ শেষে এক সংবাদ সম্মেলনে ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডনিলন জানান, প্রেসিডেন্ট ওবামা প্রেসিডেন্ট জিনপিংকে জানিয়ে দিয়েছেন, সাইবার হামলা এবং ইন্টেলেকচুয়াল প্রোপার্টি চুরি হওয়ার কারণে যুক্তরাষ্ট্র কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। তিনি এ বিষয়ে কোনো বিস্তারিত বিবরণ দেননি। তবে ওবামা সোজাসাপ্টাভাবে বলেছেন, সাইবার হামলা যে চীনের ভেতরের কারও কাজ, এ বিষয়ে ওয়াশিংটনের কোনো সন্দেহ নেই। আর এটা অব্যাহত থাকলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক বাধাগ্রস্ত হবে। প্রেসিডেন্ট জিনপিং বিষয়টি ‘খতিয়ে দেখার’ আশ্বাস দিয়েছেন বলে মার্কিন পক্ষ জানিয়েছে। জিনপিং এ-ও বলেছেন, চীন নিজেও সাইবার হামলার শিকার হচ্ছে।

উত্তর কোরিয়া নিয়ে আলোচনায় একটি ‘পূর্ণাঙ্গ ঐকমত্য’ হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। তা হচ্ছে, কোরীয় উপদ্বীপকে পরমাণুমুক্ত করার লক্ষ্য অর্জন করতে হবে। টম ডনিলন বলেছেন, বৈঠকে উভয়পক্ষই এ বিষয়ে একমত হয়েছে যে একটি পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া এই অঞ্চলের শান্তি বিনষ্টের কারণ হবে। প্রেসিডেন্ট ওবামা এ ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন যে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপ নিয়ে বিরোধের সমাধান করতে হবে কূটনৈতিকভাবে, শক্তিপ্রয়োগের মাধ্যমে নয়।

এ ছাড়া সম্মেলন শেষ হওয়ার পরপরই হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশ অন্যতম গ্রিন হাউস গ্যাস হাইড্রোফ্লুরো কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে একসঙ্গে কাজ করা বিষয়ে এই প্রথম একমত হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সম্মেলনের পর হোয়াইট হাউস যারপরনাই খুশি বলেই মনে হচ্ছে। মতানৈক্য ছাড়াও এর পেছনে আরেকটি কারণ রয়েছে। শি জিনপিং চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায় যুক্তরাষ্ট্র সফরে গেলেন। চীনের কোনো প্রেসিডেন্টেরই এত তাড়াতাড়ি যুক্তরাষ্ট্র সফর করার নজির নেই। তবে সবচেয়ে বড় কথা, প্রাপ্তির চুলচেরা হিসাব না কষে এ বৈঠককে দুই দেশের জন্য একে অপরকে ভালোভাবে বোঝার একটা সুযোগ হিসেবে দেখা হয়েছে।

দুই দেশের গণমাধ্যমও ঐতিহাসিক এই সম্মেলনকে নানাভাবে বিশ্লেষণ করেছে। এতেও দুই নেতার মধ্যে আন্তরিকতার বিষয়টি উঠে এসেছে।