ওবামার জনপ্রিয়তায় ভাটা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত বছরের জানুয়ারিতে যখন ক্ষমতায় বসেন তখন তাঁর জনপ্রিয়তা ছিল কম-বেশি ৬৮ শতাংশ। এর আগে সেই ১৯৬১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ক্ষমতা গ্রহণের সময় এ ধরনের জনপ্রিয়তা উপভোগ করেছেন। কেনেডির পর থেকে নবনির্বাচিত আর কোনো প্রেসিডেন্ট ওবামার মতো এত জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসেননি।কিন্তু ক্ষমতায় আরোহণের দেড় বছরের কিছু বেশি সময় পর ওবামার জনপ্রিয়তা অনেকখানি নেমে গেছে। টাইম সাময়িকী ওবামার জনপ্রিয়তার একটি তুলনামূলক বিশ্লেষণ করে দেখিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রিকান বংশোদ্ভূত প্রেসিডেন্ট অনেক নাগরিকের কাছেই গ্রহণযোগ্যতা হারাচ্ছেন। সাময়িকীটিতে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ সালের জুলাই মাসে ওবামার প্রতি জনসমর্থন ছিল ৫৬ শতাংশ, যা এক বছরের ব্যবধানে ৪৯ শতাংশে নেমে এসেছে। বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে ওবামার জনপ্রিয়তায় এই ধসের কারণে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। ২০০৮ সালে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ওবামা যখন দেশবাসীকে নতুন আমেরিকা গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন, তখন অনেকের মতো ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সমর্থকেরাও আশাবাদী হয়ে উঠেছিলেন। ওবামার দিনবদলের ডাকে সাড়া দিয়েছিলেন তাঁরাও। কিন্তু দেড় বছর পর অনেকেই আর আশাবাদী নন।ইন্ডিয়ানায় বেকারত্বের হার এখন ১২ শতাংশ। সপ্তাহ দুয়েক আগে সেখানকার একটি বিদ্যালয় প্রাঙ্গণে এক কর্মসংস্থান মেলার আয়োজন করা হয়। মেলায় আসা চাকরিপ্রত্যাশী জুলি গ্রিফিনের সঙ্গে কথা বলেন টাইম-এর নিবন্ধটির লেখক। জুলি ২০০৮ সালে ওবামার পক্ষে ভোট দিয়েছিলেন। কিন্তু এখন ওবামার কার্যক্রম নিয়ে হতাশ। তিনি বললেন, ‘আসলে আমাদের মতো মানুষদের জন্য ওবামা কী করছেন? আমি আসলে বুঝতে পারছি না, তিনি কী করতে চাইছেন?’ ২৩ বছর ধরে একটি গাড়ি তৈরির কারখানায় কাজ করতেন জুলি। অর্থনৈতিক মন্দায় ব্যবসা পড়ে যাওয়ায় গত বছর তাঁকে চাকরিচ্যুত করা হয়।ওবামার জনপ্রিয়তার বর্তমান মাপকাঠি পর্যালোচনা করে দেখা গেছে, তাঁকে সমর্থনকারী চারজন মার্কিনির মধ্যে একজন তাঁর মতো বদলেছেন। মত পরিবর্তনের হার বিশেষ করে নাটকীয় ৩০ বছরের কম বয়সী, শ্বেতাঙ্গ ও নির্দলীয় ভোটারদের মধ্যে। তাই আগামী নভেম্বরের কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় পরাজয়ের আশঙ্কা দেখা দিয়েছে।পূর্ববর্তী প্রেসিডেন্টদের শাসনামল পর্যালোচনা করলে দেখা যাবে, যুক্তরাষ্ট্রে সাধারণত প্রথমবার ক্ষমতায় আসা প্রেসিডেন্টদের জন্য মধ্যবর্তী নির্বাচন ভালো যায় না। আর দুঃসময় পার করা প্রেসিডেন্টদের জন্য এই নির্বাচন সবচেয়ে খারাপ ফল বয়ে আনে। ওবামার ক্ষেত্রে দুঃসময়টা এসেছে আর্থিক মন্দার চেহারায়।জনমত জরিপকারী সংস্থা গ্যালাপের বিশ্লেষক ফ্র্যাংক নিউপোর্ট বলেন, ওবামার জনপ্রিয়তায় এই বড় পতনের একটি কারণ সম্ভবত ভোটারদের সঙ্গে ওবামার দূরত্ব। তিনি জানান, ২০০৮ সালে কেন্দ্রীয় সরকারের প্রতি স্থানীয় প্রশাসনগুলোর আস্থা সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। সরকারের প্রতি আস্থা ছিল মাত্র ২৫ শতাংশ। ওবামা ক্ষমতা নেওয়ার পরও এর উন্নতি হয়নি। অথচ তিনি বলছেন, সমাধান দিতে পারে কেবল সরকারই। ওবামা স্বাস্থ্যসেবা, শিক্ষা, অবকাঠামো ও জ্বালানি খাতে বড় বিনিয়োগেরও আহ্বান জানিয়েছেন। কিন্তু অনেক ভোটার বলছেন, মন্দা কাটাতে ৭৮ হাজার ৭০০ কোটি ডলারের উদ্দীপনা প্যাকেজের মতো উদ্যোগও কোনো কাজে আসছে না। পাশাপাশি মন্দার কারণে রাজস্ব আদায়ও কমে গেছে। এতে বাজেট ঘাটতি বেড়েছে। বিশাল ঘাটতি ও সরকারি ঋণের ভার ওয়াশিংটন ঠিকভাবে সামাল দিতে পারবে কি না, তা নিয়ে সারা দেশে সংশয় রয়েছে। কিন্তু এসব আশু উদ্বেগে ‘মনোযোগ না দিয়ে’ ওবামা স্বাস্থ্যসেবা খাত সংস্কার ও জ্বালানি খাতের মতো বড় বড় বিষয়ে গুরুত্ব দিচ্ছেন।তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা অন্তত একটি তথ্য জেনে স্বস্তি পেতে পারেন, ক্ষমতায় থাকার এই পর্যায়ে বিল ক্লিনটন বা রোনাল্ড রিগ্যানের চেয়ে ওবামার অবস্থান ভালো। তবে হোয়াইট হাউসের বাইরে থাকা ওবামার দলীয় মিত্রদের বেশির ভাগই এই তথ্য জেনে খুব উৎসাহিত হতে পারছেন না। কারণ, চলমান অর্থনৈতিক দুর্দশা রিগ্যানের শাসনামলের চেয়ে দীর্ঘস্থায়ী হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, পরবর্তী মেয়াদে পুনর্নির্বাচিত হতে ওবামাকে তাঁর অবস্থান পুনর্মূল্যায়ন করতে হবে।টাইম ও বিবিসি অবলম্বনে