ওবামার পাল্লা ভারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলেরই জাতীয় সম্মেলন হয়ে গেল। ক্ষমতাসীন প্রেসিডেন্ট বারাক ওবামার দল ডেমোক্রেটিক পার্টির সম্মেলন পরে হলেও অনেকেই মনে করছেন, পাল্লায় তিনিই এগিয়ে। ওবামাকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত করার লক্ষ্য নিয়ে গত মঙ্গলবার থেকে নর্থ ক্যারোলাইনায় চলে ডেমোক্র্যাটদের তিন দিনের জাতীয় সম্মেলন। সম্মেলনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি ও ওবামা-ভক্তদের মধ্যে লক্ষ্য করা যায় বিপুল উৎসাহ-উদ্দীপনা। সাবেক দুই মেয়াদের প্রেসিডেন্ট বিল ক্লিনটন ওবামার উচ্ছ্বসিত প্রশংসা করে বক্তব্য দেন এতে। সাম্প্রতিক জনমত জরিপের ফলাফল আভাস দিচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। দেখা যাচ্ছে, প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনির চেয়ে জনপ্রিয়তায় সামান্য এগিয়ে ওবামা। গত সোমবার গ্যালাপ জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, ওবামার সমর্থন ৪০ শতাংশ ও রমনির সমর্থন ৩৮ শতাংশ। আরেকটি জরিপকারী প্রতিষ্ঠানের সঙ্গে রয়টার্সের চালানো যৌথ জরিপের ফলাফলেও এগিয়ে ওবামা।গত সপ্তাহে ফ্লোরিডায় অনুষ্ঠিত রিপাবলিকান সম্মেলনে রমনি আক্রমণাত্মকভাবে তুলে ধরেন অর্থনীতির বিষয়ে ‘ওবামার নীতির ব্যর্থতা’। রিপাবলিকানদের এই অভিযোগ খণ্ডাতে জাতীয় সম্মেলনে উদীয়মান ডেমোক্র্যাট নেতারা ছিলেন প্রস্তুত। এর মধ্যে টেক্সাসের সান অ্যান্টোনিও নগরের মেয়র জুলিয়ান কাস্ত্রো তাঁদের নেতা ওবামাকে আরেকবার নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘মধ্যবিত্ত শ্রেণীর কষ্ট কোটিপতি মিট রমনির চেয়ে ভালো বুঝতে পারেন ওবামা। চার বছর আগে যুক্তরাষ্ট্র ছিল হতাশার প্রান্তে দাঁড়িয়ে। অবিশ্বাস্য রকমের প্রতিকূলতা ও রিপাবলিকানদের সম্মিলিত বিরোধিতা সত্ত্বেও আমাদের প্রেসিডেন্ট যথাযথ ব্যবস্থা নিতে পেরেছেন। আজ আমরা ৪৫ লাখ নতুন চাকরি দেখতে পাচ্ছি।’সম্মেলনে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেন ফার্স্ট লেডি মিশেল ওবামা। প্রাণোচ্ছল সুবক্তা মিশেল পারিবারিক ও ব্যক্তিজীবনে ওবামার দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরে আবেগঘন পরিবেশ সৃষ্টি করেন। এ সময় তিনি ২৩ বছরের দাম্পত্য জীবনের স্মৃতিচারণা করে বলেন, ‘বারাক আর আমি এমন পরিবারে বড় হয়েছি, যাঁদের টাকা-পয়সা ও ধনসম্পদ ছিল না। তবে এর চেয়ে অনেক মূল্যবান জিনিস তাঁদের কাছ থেকে পেয়েছি। তা হচ্ছে, নিঃশর্ত ভালোবাসা, অসীম আত্মত্যাগ আর এমন জায়গায় যাওয়ার সুযোগ, যেসব স্থানে তাঁরা নিজেদের কখনো কল্পনা করেননি।’ ডেমোক্র্যাটদের সম্মেলনস্থল নর্থ ক্যারোলাইনার বৃহত্তম শহর শার্লটে ডেমোক্র্যাট সমর্থকই বেশি। বিশ্লেষকেরা আগেই বলেছেন, সেখানে সম্মেলন হওয়ায় জনসমর্থন নিজের অনুকূলে নিয়ে আসার বড় ধরনের সুযোগ পাবেন ওবামা। তবে তাঁকে বেশ কৌশলী হতে হবে। জনগণকে এখন তিনি যে ‘প্রত্যাশা’ ও ‘পরিবর্তনের’ বাণী শোনাচ্ছেন, তা কতটুকু কার্যকর হবে—এ নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছেন।সম্মেলনস্থলে উপস্থিত সাংবাদিকেরা অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেছেন, সমর্থক দলের বাইরে সাধারণ অনেক মানুষের গায়েও দেখা গেছে ওবামার ছবিওয়ালা টি-শার্ট। কিন্তু ওবামা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে তাঁর কাছ থেকে তারা কী পাবে, এ ব্যাপারে পরিষ্কার করে কেউ কিছু বলেনি। সাধারণ মানুষের হাবভাবে আভাস পাওয়া গেছে যে নভেম্বরের নির্বাচনে তারা ওবামাকেই জয়ী দেখতে চায়। তবে ২০০৮ সালের নির্বাচনের আগে ওবামাকে নিয়ে যে উন্মাদনা দেখা গেছে, এবার তা কারও মধ্যে নেই। সত্যি বলতে কী, ওবামা তাঁর চার বছরের মেয়াদে বাম, ডান বা মধ্যপন্থী কাউকে খুশি করতে পারেননি। ওবামা-শিবির হয়তো এ জন্যই নির্বাচনী প্রচারণায় এক নতুন কৌশল বেছে নিয়েছে। এখন ওবামার কথা হচ্ছে, ‘আমাকে যদি তোমরা ভালো মনে না করো, অন্য কেউ এলে তিনি হবেন আরও খারাপ।’