ওবামার পোল্যান্ড সফর
সাম্প্রতিক ইউরোপ সফরের শেষ পর্যায়ে পোল্যান্ডে গেলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ভ্রমণসূচির ক্রম দিয়ে অবশ্য গুরুত্বের বিচার করা মোটেই ঠিক হবে না। পোল্যান্ডকে খুবই গুরুত্বের সঙ্গে দেখে যুক্তরাষ্ট্র। তা কেবল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের সম্ভাব্য গুরুত্বপূর্ণ স্থান হিসেবে নয়, আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতির অঙ্গনেও দেশটিকে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবেও। এসব কারণেই মার্কিন প্রেসিডেন্টের এ সফরের তাৎপর্য ও তার ফল নিয়ে পর্যবেক্ষক মহলে চলছে বিভিন্ন হিসাব-নিকাশ।পোল্যান্ডে সফরের সময় বারাক ওবামা মধ্য ও পূর্ব ইউরোপীয় নেতাদের সঙ্গে ডিনারেও অংশ নেন। এতে দেওয়া বক্তব্যে ওবামা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এতে বিশেষভাবে আগ্রহী, কারণ তার নিজেরও লাভবান হওয়ার সম্ভাবনা আছে। সব মিলিয়ে মার্কিন প্রেসিডেন্টের সফর ট্র্যান্স-আটলান্টিক বন্ধুত্ব জোরদারে ভালোই ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।প্রেসিডেন্ট ওবামা বেশ কিছু পরিষ্কার উদ্দেশ্য নিয়েই পোল্যান্ড গিয়েছিলেন। এর মধ্যে ছিল অস্থির হয়ে ওঠা উত্তর আফ্রিকায় গণতন্ত্র প্রতিষ্ঠায় সমর্থন, ইউরোপের প্রতিরক্ষা ও পোল্যান্ডে গ্যাস উত্তোলন নিয়ে মতৈক্য।কার্নেগি ইউরোপের পরিচালক ইয়ান টেশাউ বলেন, ২০০৮ সালে ওবামা প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউরোপীয়রা বেশ আশাবাদী হয়ে উঠেছিলেন। কিন্তু আফগানিস্তান, গুয়ানতানামো বন্দিশিবির ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ে প্রত্যাশিত অগ্রগতি করতে না পারায় ওবামার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে ইউরোপ। এ ছাড়া খুব দ্রুতই ইউরোপীয়দের উপলব্ধি হয় যে, ওয়াশিংটনের অন্য রাজনীতিকদের চেয়ে ওবামা কম ইউরোপীয়মুখী।ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের যুক্তরাষ্ট্র অধ্যয়ন কেন্দ্রের ইতিহাসবিদ জবগনিউ পিয়েচেনু বলেন, ওবামা প্রেসিডেন্ট হওয়ার পর তাঁকে নিয়ে পোল্যান্ডও বিশ্বের অনেক দেশের মতো আশাবাদী হয়েছিল। তবে সে আশা পূরণের জন্য এখনো অপেক্ষা করছে তারা। পোলিশরা এখনো বড় ধরনের কোনো অর্জনের জন্য অপেক্ষা করছে।২০০৯ সালের জুলাই মাসে লেখ ভালেসাসহ মধ্য ও পূর্ব ইউরোপের ২২ জন বুদ্ধিজীবী ও সাবেক নীতিনির্ধারক ওবামা প্রশাসনের প্রতি একটি খোলা চিঠি লেখেন। চিঠিতে বলা হয়, ‘স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার ২০ বছর পরও...আমাদের অঞ্চলটি বিশ্বের এমন একটি অঞ্চল যার সম্পর্কে যুক্তরাষ্ট্র চিন্তাভাবনা করা বন্ধ করে দিয়েছে।’সম্ভবত পোল্যান্ডের কাছে সবচেয়ে হতাশাজনক ব্যাপার ছিল প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পরিকল্পিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বাতিল করে দেওয়া। শত্রুদেশের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে ওই প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করার কথা ছিল। ১৯৩৯ সালে পোল্যান্ডে রাশিয়ার আগ্রাসনের বার্ষিকীর দিনটিতেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি বাতিল ঘোষণা করায় পোল্যান্ডের কাটা ঘায়ে নুনের ছিটা লাগে। তবে যুক্তরাষ্ট্র-পোল্যান্ড পারস্পরিক সম্পর্কের কি খুব বেশি অবনতি হয়েছে? সম্ভবত না। ওবামার সফর উপলক্ষে পরিচালিত এক জনমত জরিপে দেখা যায়, ৮০ ভাগ পোলিশ মনে করে, ওবামার পোল্যান্ড সফর গুরুত্বপূর্ণ। যদিও ‘ওয়াশিংটনের সঙ্গে ওয়ারশর বিশেষ সম্পর্ক আছে’—এ বিষয়ে একমত নন জরিপে অংশগ্রহণকারী অর্ধেকেরও বেশি মানুষ। কয়েক বছর ধরেই পোল্যান্ডের সঙ্গে নির্বাহী পর্যায়ে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বাতিলের পর ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন দ্রুত পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র সফর করেন। প্রেসিডেন্ট ওবামা যে ইউরোপকে সত্যিই গুরুত্ব দিচ্ছেন, তার প্রমাণ এ মহাদেশটিতে তাঁর সফরের সংখ্যা। এ পর্যন্ত আটবার ইউরোপ সফর করেছেন তিনি, যা অন্য যেকোনো মহাদেশের চেয়ে বেশি। এ ছাড়া যেকোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম মেয়াদের এ সময়ের মধ্যে সবচেয়ে বেশিবার ইউরোপ সফর করেছেন ওবামা।যুক্তরাষ্ট্রের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে ২০১৮ সালের মধ্যে পোল্যান্ডে এসএম-৩ ইন্টারসেপ্টর মোতায়েনের সম্ভাবনাও ছিল ওবামার সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।ইতিহাসবিদ জবগনিউ পিয়েচেনু বলেন, বিশ্বজুড়ে এটি একটি ব্যাপক প্রচলিত বিশ্বাস যে, কোনো দেশে মার্কিন সেনা অথবা সামরিক স্থাপনা থাকলে তা দেশটিকে বাড়তি নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে থাকে। পোল্যান্ডে মার্কিন সেনার উপস্থিতি বিশ্বের প্রতি এ বার্তাই পৌঁছে দেবে যে, যেসব দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষার বিষয়টি মার্কিন প্রতিরক্ষানীতিতে গুরুত্বপূর্ণ, সেসব দেশের মধ্যে পোল্যান্ডও রয়েছে।ওবামার পোল্যান্ড সফরের নিরাপত্তার বিষয়ে সম্ভাব্য সহযোগিতার নতুন ক্ষেত্রের ওপর আলোকপাত করেছে। ইউরোপের মধ্যে যেসব দেশ প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি ব্যয় করে থাকে, তার মধ্যে পোল্যান্ড একটি। ইরাক ও আফগানিস্তানে আন্তর্জাতিক সামরিক জোটে দেশটির গুরুত্বপূর্ণ অংশগ্রহণ রয়েছে। উত্তর আফ্রিকা, বিশেষ করে লিবিয়ায় ইউরোপীয় ইউনিয়নের বর্তমান ভূমিকার অগ্রভাগে থেকে নিজের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে পোল্যান্ড।ওবামার পোল্যান্ড সফরের কেন্দ্রবিন্দুতে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়াদি থাকলেও সফরের অভ্যন্তরীণ কিছু তাৎপর্যও রয়েছে। দুই দেশেই সামনে নির্বাচন। চলতি শরৎকালেই পোল্যান্ডে পার্লামেন্ট নির্বাচন। অন্যদিকে ২০১২ সালে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন প্রেসিডেন্ট ওবামা।বারাক ওবামার এ সফর থেকে প্রাপ্তিকে পোলিশ প্রধানমন্ত্রী টুসক পুরোপুরি কাজে লাগাতে সচেষ্ট হবেন বলেই ধারণা করা হচ্ছে। গবেষক জবগনিউ পিয়েচেনু বলেন, প্রধানমন্ত্রী জনগণের কাছে এটি তুলে ধরবেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পোল্যান্ডের ‘বিশেষ সম্পর্ক’ তাঁদের অর্জন। তাঁরা আরও বলবেন যে, পোল্যান্ডের বর্তমান পররাষ্ট্রনীতিও সঠিক।