ওবামার বিদ্রোহী বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য লুইস গুটিয়েরেস এমন একজন ব্যক্তি, যাঁকে কোনো প্রতিশ্রুতি দিয়ে পিছলে যাওয়ার উপায় নেই। প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী অঙ্গীকার ছিল, ক্ষমতার প্রথম বছরেই তিনি অভিবাসন আইনের সংস্কার করবেন। কিন্তু তা তিনি রাখতে পারেননি। বিষয়টাতে মহা বিরক্ত গুটিয়েরেস উঠেপড়ে লেগেছেন এর একটা ‘বিহিত করতে’।ড্রিম অ্যাক্টের পক্ষে জনমত গঠন করতে মাঠে নেমেছেন লুইস গুটিয়েরেস। অভিবাসী ও তাঁদের সমর্থকদের ঐক্যবদ্ধ করতে দেশজুড়ে অনেক চার্চ সফরের কর্মসূচি নিয়েছেন তিনি।অবৈধ অভিবাসীদের স্বার্থ রক্ষায় প্রণীত ‘ড্রিম অ্যাক্ট’ বিল প্রতিনিধি পরিষদে পাসও হয়ে গেছে। তবে বিলটি উচ্চকক্ষ সিনেটে উত্থাপনের আগের সময়টুকু খুবই গুরুত্বপূর্ণ।‘দি ডেভেলপমেন্ট রিলিফ অ্যান্ড এডুকেশন ফর এলিয়েন মাইনরস অ্যাক্ট’ (সংক্ষেপে ড্রিম অ্যাক্ট) পাস হলে যাঁরা ১৬ বছর বয়সের আগে মা-বাবার সঙ্গে অন্য দেশ থেকে এসে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, তাঁরা শর্তসাপেক্ষে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাবেন। সে জন্য তাঁদের আইনের প্রতি আনুগত্য প্রদর্শনের পাশাপাশি মার্কিন কলেজে পড়ালেখা বা সশস্ত্র বাহিনীতে কাজ করতে হবে। এতে অন্তত ১৩ লাখ অবৈধ অভিবাসী উপকৃত হবেন।প্রেসিডেন্ট ওবামা ক্ষমতায় আসার পর থেকেই গুটিয়েরেস অভিবাসী ইস্যুতে সরকারের ওপর চাপ দিয়ে আসছিলেন। তাঁর মতে, ওবামা অবৈধ অভিবাসীদের পক্ষে অঙ্গীকারের স্পষ্ট ঘোষণা দিলেও আদতে পরিস্থিতির কোনো উন্নতি নেই। অভিবাসী ইস্যুতে ওবামা সরকার মোটের ওপর আগের বুশ প্রশাসনকেই অনুসরণ করছে। ৫৬ বছর বয়সী গুটিয়েরেস প্রতিনিধি পরিষদে অভিবাসন ইস্যুতে বরাবর সবচেয়ে সোচ্চার ভূমিকা রেখেছেন। পিউ হিসপানিক সেন্টারের এক জরিপে দেখা গেছে, সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সটোমেয়ারের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ল্যাটিনো (স্প্যানিশভাষী) নেতা তিনি। অভিবাসীপন্থী দল আমেরিকাস ভয়েসের প্রতিষ্ঠাতা ফ্র্যাঙ্ক শ্যারির মতে, অভিবাসী ল্যাটিনো সম্প্রদায়ের মানুষের কাছে গুটিয়েরেস খোদ মার্টিন লুথার কিংয়ের মতো শ্রদ্ধেয়।ওবামা ও গুটিয়েরেস দুজনই শিকাগো এলাকার ডেমোক্র্যাট। তাঁদের মধ্যে একসময় বেশ সখ্য ছিল। ওবামা যখন মার্কিন সিনেটর হিসেবে একেবারে নতুন, তখন তিনি গুটিয়েরেসের পরামর্শ নিতেন, এমনকি প্রেসিডেন্ট নির্বাচনেও তাঁর কাছ থেকে তিনি সমর্থন পেয়েছেন।পুয়ের্টোরিকো থেকে আসা মা-বাবার সন্তান গুটিয়েরেস ছাত্রনেতা ছিলেন। একসময় স্থানীয় পৌরসভার প্রতিনিধি হিসেবে পুরোদস্তর রাজনীতিতে প্রবেশ করেন। ক্রমে ল্যাটিনো-অধ্যুষিত এলাকার নির্বাচিত প্রতিনিধি হিসেবে আবির্ভূত হন। তার পরও গুটিয়েরেসের কাজকর্ম বিতর্কের ঊর্ধ্বে নয়। ওবামা প্রশাসনের অনেকেই তাঁর কাজকর্ম পছন্দ করেন না। অভিবাসী ইস্যুতে ক্ষমতাসীন দলের একজন নেতার এই জঙ্গি অবস্থান সরকারের জন্য হিতে বিপরীত হতে পারে বলে অনেকেরই আশঙ্কা। ওবামা প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, গুটিয়েরেসের এসব পদক্ষেপ আসলে মানুষের মনে একটি ভ্রান্ত ধারণা তৈরি করছে যে প্রেসিডেন্ট নিজেই কাজটা করতে পারেন। কিন্তু কংগ্রেসের সমর্থন ছাড়া তিনি তো এককভাবে কিছু করতে পারেন না।সিনেটে ড্রিম বিল পাস হতে ডেমোক্র্যাটদের অন্তত ছয়জন রিপাবলিকানের সহযোগিতা লাগবে, যেটা আজকের দিনে একটু দুরূহই বটে।