ওবামার সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দফা সগৌরবে হোয়াইট হাউসে ফিরে এলেন বারাক ওবামা। কিন্তু নতুন দফায় পথযাত্রার অন্তত শুরুটা মোটেও সুখকর হবে না তাঁর জন্য। বিশেষজ্ঞরা একবাক্যে বলছেন, অভিষেকের আমুদে ভাব কাটতে সময় লাগবে না ওবামার। অন্য সব বাদ দিলেও একটার পর একটা অর্থনৈতিক সমস্যা এসে তাঁকে ব্যতিব্যস্ত করে তুলবে।বিশ্লেষকেরা কিছুদিন ধরেই বলছেন, নতুন মার্কিন প্রেসিডেন্টকে (এ ক্ষেত্রে সদ্য পুনর্নির্বাচিত ওবামা) বেশ কয়েকটি কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। অল্প সময়ের মধ্যে বেশ কিছু সমস্যা এসে জুটেছে যুক্তরাষ্ট্রের দ্বারে। এর মধ্যে সর্বশেষটি হচ্ছে উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে সম্প্রতি আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড় স্যান্ডি। নিউইয়র্কসহ বেশ কয়েকটি রাজ্য লন্ডভন্ড হয়েছে এই ঝড়ের আঘাতে। ব্যাপক বেকারত্ব দূর করা একটি বড় চ্যালেঞ্জ। তবে সবচেয়ে বড় সমস্যা নিঃসন্দেহে হবে বিভেদে জর্জরিত কংগ্রেসে সরকারি ব্যয় হ্রাস ও কর বৃদ্ধির প্রস্তাব পার করা।ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এর ধাক্কা অর্থবছরের শেষ প্রান্তিকের প্রবৃদ্ধিতে অবশ্যই থাবা বসাবে। ৬ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের সময় পর্যন্তও ঘূর্ণিঝড়কবলিত অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। কাজেই ওবামার নতুন সরকারকে শুধু দুর্গত মানুষের ঘরবাড়ি মেরামতে সহায়তা করলেই হবে না, বিদ্যুৎ-ব্যবস্থাসহ বেশ কিছু অবকাঠামোগত পুনর্বাসনে আটঘাট বেঁধে নামতে হবে। এই পুনর্গঠনের কাজ শুরু করতে করতে আগামী বছর এসে যাবে। বছরের শুরুতে এই বিপুল খরচের ধাক্কা বেশ ভোগাবে নতুন প্রেসিডেন্টকে।এদিকে মার্কিন পুঁজিবাজারে চলছে এক ধরনের অচলাবস্থা। ঋণদাতারা হাত ঝেড়ে অর্থ ঢালছেন না। আবার যাঁদের ঋণ প্রয়োজন, তাঁরাও আগ বাড়াতে দোনোমনা করছেন। এতে বড় ধরনের বিনিয়োগের পথ রুদ্ধ হয়ে আছে। ইউরোজোনের ঋণসংকট ও বৈশ্বিক অর্থনীতির মন্দার ধারা যুক্তরাষ্ট্রের রপ্তানি খাতে বিরূপ প্রভাব ফেলছে। প্রবৃদ্ধির ইঞ্জিন সচল রাখার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ধাক্কা সামলানোও ওবামার জন্য কষ্টকর হবে।দীর্ঘমেয়াদি সমস্যাগুলোর একটি হচ্ছে শ্রমবাজারের অস্থিতিশীলতা। কর্মী নিয়োগ ও তাঁদের বেতন-ভাতা নিয়ে আন্তর্জাতিক শ্রমবাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। দক্ষ শ্রমিকদের ব্যাপক চাহিদা এবং কম দক্ষ শ্রমিকদের ভিড়—এই দুইয়ের প্রতিক্রিয়ায় টালমাটাল হয়ে পড়েছে এই বাজার। এর মধ্যে পড়ে ভারসাম্য সামলাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। ওবামা নতুন করে দায়িত্ব নিয়েই পড়বেন এই ঘোরচক্করে।এরপর রয়েছে কর্মসংস্থানের বিষয়। বেকারত্ব যে হারে কমবে বলে অর্থনীতিবিদেরা ধারণা করেছিলেন, সে অনুযায়ী কমছে না। এতে ওবামাকে শুরুতেই কর্মসংস্থানের বিষয়টি নিয়ে ভাবতে হবে। ডেমোক্র্যাট প্রার্থীর বিরুদ্ধে মিট রমনির প্রচারণার অন্যতম প্রধান বিষয় ছিল গত কয়েক বছরের বেকারত্ব তথা নতুন কর্মসংস্থান সৃষ্টির চাপ। এ সমস্যা যত ঝুলে থাকবে, প্রেসিডেন্টকে দিন দিন তত চাপের মুখে থাকতে হবে।পরবর্তী প্রেসিডেন্টের জন্য আরেকটি শক্ত চ্যালেঞ্জ মোকাবিলা শুরু হবে আগামী ১ জানুয়ারি। ওই দিন একই সঙ্গে ঐতিহাসিক কর বৃদ্ধি ও সরকারি ব্যয়ের ব্যাপক কাটছাঁট কার্যকর হবে। কর বৃদ্ধির বিষয়টি এর মধ্যে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে হতাশার ভাব নিয়ে এসেছে।সব মিলিয়ে বারাক ওবামা এমন একসময় আরেক দফা হোয়াইট হাউসের দায়িত্বে এলেন, যখন কিনা দেশের অর্থনৈতিক পরিস্থিতি সার্বিকভাবে নাজুক। এতে কংগ্রেসে বিতর্কের হার বেড়ে যাবে। পরিণতিতে কংগ্রেসে বাড়বে দলাদলি। এ বিষয়ও প্রেসিডেন্টকে কম কষ্ট দেবে না।আশার জায়গা একটাই, যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্স। দেশের অর্থনৈতিক সংকটে চেম্বার বরাবরই জোরালো ভূমিকা রেখেছে। তারা ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় সরকারের সঙ্গে কাজ করে অভ্যস্ত। দুই সরকারকেই প্রয়োজনের সময় সব রকমের সহযোগিতা করেছে। নৈরাশ্যের নিঃসীম আঁধারে ওবামার জন্য এই চেম্বার কিছুটা হলেও আশার আলো জ্বালবে। মিজান মল্লিক