
শীতের আমেজ চলেই এল। তাপমাত্রা কমছে প্রতিনিয়ত। আর রাতে তাপমাত্রা থাকে দিনের চেয়েও কম। রাতে তাই শিশুদের জন্য প্রয়োজন বাড়তি সতর্কতা। এ সময় শিশুর জন্য দরকার শীত নিবারণের যথার্থ ব্যবস্থা।
শিশুর পছন্দসই নানান রং আর ডিজাইনের কম্বল পাবেন বাজারে। লাল, নীল, সবুজ, গোলাপি, কমলাসহ রংবেরঙের কম্বল রয়েছে শিশুদের জন্য। সিঙ্গল কিংবা ডাবল, সুবিধামতো নেওয়া যাবে দুটোই। মজার মজার সব কার্টুন চরিত্র ফুটিয়ে তোলা কম্বলও পাওয়া যাচ্ছে।
কোনো কোনো শিশুর কম্বলের আঁশে অ্যালার্জি থাকে। তাদের জন্য কম্বল কেনা উচিত নয় কখনোই। এসব শিশুকে লেপ বানিয়ে দিতে পারেন। লেপটিতে শুধু সাদা রঙের আবরণীই লাগাতে হবে, ব্যাপারটা এমন নয়। শিশুর পছন্দ অনুযায়ী একটু উজ্জ্বল রঙের কোনো কাপড় দিয়েও বানিয়ে নিতে পারেন তার লেপটির আবরণী।
আর ঠান্ডা যখন কিছুটা কম থাকে, তখন শিশুর ব্যবহারের জন্য একটু মোটা কাঁথা বানিয়ে নিতে পারেন। কাঁথাটিতে নানান রঙের সুতোর নকশা থাকতে পারে। ফুল, পাখি বা প্রজাপতি আঁকা কাঁথাটি নিশ্চয়ই পছন্দ হবে আপনার আদরের সোনামণির।
কিডস অ্যান্ড মম, গুলশানের বেবি শপসহ ছোটদের প্রয়োজনীয় সামগ্রী বিক্রি হয়, এমন যেকোনো দোকানেই পেতে পারেন কম্বলের খোঁজ। খোঁজ নিতে পারেন নিউমার্কেটেও। এ ছাড়া লেপ-তোশকের দোকান থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন শিশুর উপযোগী লেপ। ডিজাইন ও উপাদানভেদে এসব শীতসামগ্রীর জন্য খরচ পড়বে ৭০০-২৫০০ টাকা।