
রুবাইয়্যাত নামের মানে জানো? না। ওমর খৈয়ামের নাম শোনো নাই?
না।
ক্যালকুলাসের ইন্টিগ্রেশন’ করাতে করাতে আমি এত সুন্দর নামের একটা মেয়ে নিজের নামের অর্থ জানে না ভেবে ‘আরবিট্রারি কনস্ট্যান্ট’ দিতে ভুলে যাই। ও-ই বলে, ‘ভাইয়া, শেষে প্লাস সি হবে না?’ শেষে কী হবে না-হবে আমার মাথায় কিচ্ছু ঢোকে না; আমার শুধু মনে হতে থাকে, শেষ দিনে ওর হাতে ওমর খৈয়ামের রুবাইয়্যাত-ই-ওমর খৈয়াম তুলে দিয়ে বলতে হবে, ‘রুবাইয়্যাত একটা ফারসি শব্দ, এর মানে চার লাইনের কবিতাগুলো। তোমার নামের অর্থ হলো কবিতা, তুমি আসলে মানুষ না, রক্ত-মাংসের কবিতা!’
নীলক্ষেত, বাংলাবাজার তন্ন তন্ন করে ফেলি কাজী নজরুল ইসলামের ওমর খৈয়াম-এর অসাধারণ অনুবাদটার জন্য, কিন্তু নেই! উপায়ান্তর না দেখে ভাবি, সত্যেন দত্ত ও কান্তি ঘোষেরটা হলেও চলবে; তা-ও নেই। নাকি ফিটজেরাল্ডের ইংরেজি সংস্করণটাই দিয়ে দেব? বুঝলে বুঝুক, না বুঝলে নেই; রুবাইয়্যাত নামটার তো একটা গতিক হবে! নাহ্, এটাও নেই! দেশে ইদানীং অনেক অনলাইন বুকশপ হয়েছে; ওখানে অর্ডার করতে গেলে দেখা যায়, ওদের কাছেও ওমর খৈয়াম নেই...দেশের মানুষ কি ওমর খৈয়ামের কবিতা পড়ে না? এদিকে গণিত পরীক্ষার মাঝের বন্ধটুকু ফুরিয়ে আসছে, কমে আসছে ওর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনাও! বিরোধী দলগুলো যে হরতাল ডেকে পরীক্ষা পেছাবে, তার জন্যও কোনো ইস্যু নেই! পরীক্ষা হয়ে গেলে তো ওর সঙ্গে আর দেখাই হবে না!আজ শেষ পরীক্ষা, গণিত দ্বিতীয় পত্র। আমি আমার ছাত্রীর পরীক্ষার কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে আছি, হাতে ওমর খৈয়াম নিয়ে। আশ্চর্যজনকভাবে ওমর খৈয়াম পাওয়া গেছে নীলক্ষেতে, দ্বিতীয় চেষ্টায়। কৃষ্ণচূড়া ফুল আনতে চেয়েছিলাম, বহু খুঁজেও পাইনি। একে একে সাদা ড্রেস পরা পরীক্ষার্থীরা সব বেরোচ্ছে, কিন্তু রুবাইয়্যাত নেই।অনেক অপেক্ষার পর বাসায় ফোন করি। শুনি, গণিত প্রথম পত্র পরীক্ষার দিনেই এক মার্কিন প্রবাসী ভদ্রলোকের সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে, বিনা নোটিশেই। ছেলে আজই চলে যাচ্ছে, তাই তড়িঘড়ি আয়োজন। আমি কাঁপা কাঁপা কণ্ঠে জানতে চাই, রুবাইয়্যাত কই? উত্তর আসে, ‘হাজব্যান্ডকে সি অফ করতে গেছে।’আমি ভয়ংকর নিয়তিবাদী। আমার কোনো কিছুর জন্যই খারাপ লাগে না, এখনো লাগছে না; কোনো কিছুতেই আমার কিছু যায় আসে না...শুধু এই ভেবে আক্ষেপ লাগছে যে, পৃথিবীর বুকে একটা কবিতা কি অর্থহীন দ্যোতনা নিয়ে বেঁচে থাকবে!
ডেমরা, ঢাকা