ওমর সুলেইমান: মোবারকের ডান হাত
আন্দোলনের মুখে ২৯ জানুয়ারি ওমর সুলেইমানকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছিলেন হোসনি মোবারক। সাবেক এই গোয়েন্দাপ্রধান সম্প্রতি কয়েক বছরে বিভিন্ন ভূমিকায় ক্রমেই প্রকাশ্যে এসেছেন। দেশের লোকজন ব্যক্তি সুলেইমান সম্পর্কে খুব কমই জানে। তিনি ক্ষমতাসীন এনডিপি দলের সদস্যও নন। তবে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে এবং বিবদমান ফিলিস্তিনি দলগুলোর মধ্যে মধ্যস্থতার জন্য আন্তর্জাতিক মহলে বেশ পরিচিতি পেয়েছেন এই সাবেক জেনারেল। কয়েক বছর ধরে গাজায় হামাসের হাতে আটক ইসরায়েলি সৈন্য গিলাদ শালিতের মুক্তির জন্যও চেষ্টা করছেন তিনি।মিসর ইসরায়েলের সঙ্গে ১৯৭৯ সালে শান্তিচুক্তি স্বাক্ষর করার পর থেকে পশ্চিমা মিত্ররা এ ধরনের আলোচনা ও সমঝোতায় মিসরের অংশগ্রহণকে দেখেছেন ওই অঞ্চলে দেশটির কৌশলগত গুরুত্ব বজায় রাখার উপায় হিসেবে। ১৯৩৫ সালে উত্তর মিসরের কেনায় জন্মগ্রহণ করেন ওমর সুলেইমান। ১৯৫৪ সালে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। সাবেক সোভিয়েত ইউনিয়নে সামরিক প্রশিক্ষণ নেন। কায়রো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রিও নিয়েছেন তিনি। পরবর্তী সময়ে তিনি সরকারের গোয়েন্দা বিভাগে যোগ দিয়ে দ্রুত ওপরে উঠতে থাকেন। ১৯৯১ সালে সেনা গোয়েন্দা দপ্তরের পরচািলক হন সুলেইমান। দুই বছর পর তাঁকে সার্বিক গোয়েন্দা বিভাগের পরিচালক করা হয়।সৈনিক হিসেবে ১৯৬২ সালের ইয়েমেন সংঘাতে অংশ নিয়েছেন। এরপর ১৯৬৭ ও ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধেও লড়েছেন। সামরিক বাহিনীতে দীর্ঘ কর্মজীবন, ইয়েমেন সংঘাত ও আরব-ইসরায়েল যুদ্ধের অভিজ্ঞতার কারণে দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনীতে তাঁর প্রতি ব্যাপক সমর্থন রয়েছে। তিনি প্রেসিডেন্ট হোসনি মোবারকের আস্থাভাজন ও ঘনিষ্ঠ। ১৯৯৫ সালে ইথিওপিয়া সফরে প্রেসিডেন্টের গাড়িবহরে আততায়ীর হামলার সময় সুলেইমানের প্রত্যুৎ পন্নমতিই হয়তো বাঁচিয়ে দিয়েছিল মোবারককে। জেনারেল সুলেইমানের মধ্যে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার তেমন কোনো লক্ষণ দেখা না গেলেও অনেক সময় তাঁকে মোবারকের সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। ১৯৫২ সালের বিপ্লবের পর থেকে শীর্ষ সেনা কর্মকর্তারাই মিসর শাসন করে আসছেন বলে সুলেইমানের ক্ষমতা গ্রহণ কোনো অপ্রত্যাশিত বিষয় হতো না। ইব্রাহীম ইসা নামে একজন জ্যেষ্ঠ মিসরীয় সাংবাদিক কিছুদিন আগে বলেছেন, জেনারেল সুলেইমান মিসরের সব মহলের কাছেই গ্রহণযোগ্য হবেন। গত বছর কায়রোর কেন্দ্রস্থলে সুলেইমানের সমর্থনে রহস্যজনকভাবে পোস্টার লাগানো হয়। তবে কর্তৃপক্ষ দ্রুতই তা তুলে ফেলে।অতীতে সাংবিধানিক বিধানের যুক্তিতে হয়তো সুলেইমানের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার পথে বাধা সৃষ্টি করা হতো। বিদ্যমান বিধান বলছে, প্রার্থীকে নির্বাচনের আগে অন্তত এক বছর কোনো একটি রাজনৈতিক দলের বড় পদে থাকতে হবে। সুলেইমান মোবারকের দল এনডিপির সঙ্গে যুক্ত ছিলেন না। তবে পরিবর্তিত পরিস্থিতিতে হয়তো এতে কিছু আসে যায় না।