ওমরগণি এমইএস কলেজে হতাশ শিক্ষক-শিক্ষার্থীরা
এইচএসসির ফল ঘোষণার পর কিছু কলেজের ভাগ্য তেমন আশানুরূপ হয় না। হতাশ হন শিক্ষক-শিক্ষার্থী উভয়ই। এবার এমনটিই ঘটেছে ওমরগণি এমইএস কলেজের ফলাফলে। কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী জানান, ‘আমি আশাহত আমাদের শিক্ষার্থীদের এ ফলাফল দেখে।’ কলেজে এবার পরীক্ষার্থী ছিলেন এক হাজার ৫৩২ জন। পাস করেছেন ৯৯৭ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার শতকরা ৪৮ দশমিক ৭৮, মানবিকে ৫৯ ভাগ এবং ব্যবসায় শিক্ষায় ৭৮ দশমিক ৭৮। রানা ও রুবেল—দুইজন বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। এ রকম খারাপ ফলের ব্যাপারে অধ্যক্ষ বলেন, ‘এমনিতে আমাদের কলেজের শিক্ষার্থীরা খুব একটা ভালো না। তারপরও আমরা তাদের যথাসাধ্য পড়ানোর চেষ্টা করি। আমি আশা করেছিলাম বিজ্ঞান বিভাগ থেকে এবার কমপক্ষে ১০ জন জিপিএ-৫ পাবে। কিন্তু একজনও না পাওয়ায় খুব খারাপ লাগছে।’ অধ্যক্ষ জানান, বিজ্ঞান ও মানবিকে ফলাফল খুব ভালো না হলেও বাণিজ্য বিভাগের ফলাফল বেশ ভালো হয়েছে। বাণিজ্য বিভাগ থেকে এবার পাসের হার ৭৮ ভাগ। তবে এবারের ব্যর্থতা কাটিয়ে আগামীবারের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেন অধ্যক্ষ নজরুল ইসলাম। তিনি বলেন, ‘২০১১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে অপেক্ষাকৃত ভালোদের আলাদাভাবে পড়ানো হচ্ছে।’