ওমরের চোখে ওসামা
ওমর বিন লাদেন। তিনি সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের চতুর্থ পুত্র। ওসামার কর্মকাণ্ডের কারণে তাঁকেও দিন কাটাতে হয়েছে বিভিন্ন দেশে। সন্তানদের প্রতি আবেগহীন পিতার ইচ্ছায় নিতে হয়েছে জঙ্গি প্রশিক্ষণ। কিশোর বয়সেই দেখতে হয়েছে নিষ্ঠুরতা। নিজেদের জীবনের সেসব কথা ওমর নিজেই বলেছেন। ওসামা পরিবারের না জানা সেসব কথা জানা যায় সদ্য প্রকাশিত আত্মজীবনীমূলক একটি বইয়ে। ওমর এবং তাঁর মা (ওসামার প্রথম স্ত্রী) নাজওয়া লাদেনের পক্ষে বইটি লিখেছেন জ্যাঁ সাসন। বইয়ে কোনো রাজনৈতিক বিশ্লেষণ নেই। নেই নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন কিছু। ওমরের অধ্যায়গুলোতে ওসামার চরিত্রের কিছু দিক উঠে এলেও তাঁর মায়ের অধ্যায়টি দাম্পত্য জীবন নিয়ে।ওমর তাঁর ব্রিটিশ স্ত্রী জাইনাসহ বর্তমানে বসবাস করছেন মিসরে। মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারক তাঁকে সেখানে বসবাস ও কাজ করার অনুমতি দিয়েছেন। এদিকে সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ তাঁকে আবার সৌদি পাসপোর্ট দিতে রাজি হয়েছেন। তবে তাঁর এক ভাইয়ের এ-সংক্রান্ত আবেদন নাকচ করেছেন বাদশাহ। লাদেন পরিবারের কয়েকজন সদস্য বসবাস করছে সিরিয়ায়। বাকিরা আফগানিস্তান বা অন্য কোথাও বাস করছে। ওসামার ভাগ্যে কী ঘটেছে, তা এখনো স্পষ্ট নয় বিশ্ববাসীর কাছে। বইটি থেকে জানা যায়, ওমরের শৈশব কেটেছে সৌদি আরবের জেদ্দায়। সেখানে ওসামা ছিলেন আফগান যুদ্ধের নায়ক এবং তিনিই ছিলেন একমাত্র বেসামরিক ব্যক্তি, যিনি একে-৪৭ রাইফেল বহন করার অনুমতি পেয়েছিলেন। সব সময় তাঁর সঙ্গে থাকত ওই অস্ত্র। ওমর বলেছেন, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের মাটি ব্যবহার করতে দেওয়া নিয়ে সরকারের সঙ্গে তাঁর বাবার তীব্র মতবিরোধ হয়। সরকার ওই বিরোধ অবসানে বিচক্ষণতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে। ওমর তাঁর লেখায় ওসামাকে কখনো কখনো আক্রমণ করেছেন তীব্র ভাষায়। অনেকের ধারণা, এর উদ্দেশ্য পশ্চিমা দেশের ভিসা পাওয়া। কারণ, সম্প্রতি তাঁকে ভিসা দেয়নি যুক্তরাজ্য। ওমর বলেছেন, জেদ্দার দিনগুলোতে তিনি ভালোবাসা, শ্রদ্ধা ও ভয় নিয়ে তাকাতেন পিতার দিকে। কিন্তু ওসামা কখনো আবেগ দেখাননি। সব সন্তানের ক্ষেত্রেই তাঁর এই আচরণ ছিল। বাড়িতে নিষিদ্ধ ছিল কৌতুক ও খেলনা। ছিল না আধুনিক গৃহস্থালি উপকরণ। পরে ওসামা পরিবার পাড়ি জমায় সুদানের রাজধানী খার্তুমে। সেখানে তিনি ফ্রিজ ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রও নিষিদ্ধ করেন।সুদানের প্রবাসজীবনে পরিবারের সদস্যরা একসঙ্গেই থাকতেন। শিশুরা মাঝেমধ্যে অন্য পরিবারের শিশুদের সঙ্গে খেলার সুযোগ পেত। ওসামাকে হত্যার ব্যর্থ চেষ্টা ছাড়া ওই পরিবারের খার্তুমের জীবন ছিল সেখানকার আর ১০টা প্রবাসী পরিবারের মতোই। তখন চারপাশ সম্পর্কে তেমন কোনো জ্ঞান ছিল না কিশোর ওমরের। তবে একটি ঘটনা তাঁকে আঘাত দেওয়ার পাশাপাশি সচেতনও করে তোলে। সুদানে অবস্থানের শেষ দিকে তাঁর এক কিশোর বন্ধুকে (খার্তুমে আল-গামা আল-ইসলামিয়ার অন্যতম নেতার ছেলে) গণ-বলাত্কার করে কয়েকজন লোক। ওই বলাত্কারের উদ্দেশ্য ওমরের কাছে স্পষ্ট ছিল না। ঘটনাটির বিচার করেন আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা বলে পরিচিত আইমান আল জাওয়াহিরি। ওমর জাওয়াহিরির ভক্ত ছিলেন না। বইয়ে ওমর লিখেছেন, ‘জাওয়াহিরিকে প্রথম দেখার পরই আমার ভালো লাগেনি। যদিও বাবা তাঁকে শ্রদ্ধা করেন। আমি ভেবেছি, এই দুজনের (ওসামা ও জাওয়াহিরি) ঐক্য ভালো কিছু দিতে পারে না।’জাওয়াহিরির বিশ্বাস, দোষটা ওই কিশোরেরই। কিশোরের বাবার প্রতিবাদ সত্ত্বেও জাওয়াহিরি সমকামী আচরণের জন্য ওই কিশোরকে মৃত্যুদণ্ড দেন। তাঁকে একটি ঘরে নিয়ে জাওয়াহিরিই তাঁর মাথায় গুলি করেন। ঘটনার বিস্তারিত জেনেও ওসামা হস্তক্ষেপ করেননি। ওমর লিখেছেন, ‘ওই ঘটনার পর আমি বুঝতে পারি, বাবার চারপাশের লোকগুলো বিপজ্জনক, এমনকি তাঁর সন্তানদের প্রতিও। আমি বুঝতেই পারতাম না, আদর্শ এক হলেও আমার উচ্চশিক্ষিত ও কম কথা বলা পিতা কী করে এমন নিষ্ঠুর ব্যক্তিদের সঙ্গে আছেন?’ওসামা আরও সন্তানদের সঙ্গে ওমরকেও আফগানিস্তানে স্কাউট মিশনে পাঠালে তাঁর আশ্রিত জীবন নাটকীয়ভাবে বদলে যায়। হোসনি মুবারকের প্রাণনাশের চেষ্টার পর প্রবল আন্তর্জাতিক চাপের মুখে সুদান ওসামাকে তাদের দেশ ছাড়ার নির্দেশ দেয়। ধারণা করা হয়, মুবারককে হত্যাচেষ্টার সঙ্গে ওসামা জড়িত ছিলেন। এরপর ওসামা ১৯৯৬ সালে আফগানিস্তানে যান। সেখানে তখন গৃহযুদ্ধ চলছে, তালেবান চেষ্টা করছে পুরো দেশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার। এ সময় সেখানে ওসামাকে স্বাগত জানান সোভিয়েতের বিরুদ্ধে যুদ্ধকালীন পুরোনো বন্ধু ও জালালাবাদের নেতা মোল্লা নুরুল্লাহ। নুরুল্লাহ তাঁকে কিছু ভূমি ও তোরাবোরা পাহাড়ি এলাকা দেন। ওই পাহাড় থেকে অল্পের জন্য ওসামাকে আটক করতে পারেনি মার্কিন বাহিনী। ওমর লিখেছেন, ‘সেখানে তাঁকে খুঁজে পাওয়া কঠিন। আমার বাবার মতো আর কেউ ওই পাহাড় এত ভালো করে চেনে না।’ওমরদের পুরো পরিবার একসময় জালালাবাদে যায় এবং ওই পাহাড়ের কাছেই হয় তাঁদের আবাসস্থল। সবকিছু আনতে হতো হেঁটে, তীব্র শীতে সামান্য উষ্ণতার জন্য ছেলেরা দিন কাটাত জ্বালানি কাঠ সংগ্রহ করে। অন্যান্য স্থানের মতো এখানেও মেয়েদের বাড়ির বাইরে যাওয়া ছিল নিষিদ্ধ। যা ছিল নাজওয়ার জন্য হতাশার।ওসামা সেখানে সোভিয়েতের পরিত্যক্ত একটি ঘাঁটিতে প্রশিক্ষণ শিবির করেন। ওমর ও তাঁর ভাইদেরও অন্য জঙ্গিদের মতো প্রশিক্ষণ নিতে হয়। অচিরেই বাবার মতো তাঁদেরও সঙ্গী হয় একে-৪৭ রাইফেল। আল-কায়েদা আফগানিস্তানে ভালোভাবে প্রতিষ্ঠিত হলে এবং তালেবান দেশটির শক্ত নিয়ন্ত্রণ নিলে ওসামা পরিবারকে ওই শিবিরের কাছের একটি সেনা কোয়ার্টারে সরিয়ে নেন।ওসামার এই কর্মকাণ্ডে ওমর অসন্তুষ্ট হন এবং তিনি পরিবারের যে কয়জন সদস্যকে পারেন সঙ্গে নিয়ে ওই স্থান ত্যাগের পরিকল্পনা করেন। ওসামা তাঁর ওই পরিকল্পনার খুব বিরোধিতা করেননি। কারণ, এর আগেই চতুর্থ পুত্রের প্রতি মোহমুক্তি ঘটেছিল তাঁর।বইটিতে উল্লেখ আছে, পূর্ব আফ্রিকায় মার্কিন দূতাবাসে বোমা হামলার পর তালেবান নেতা মোল্লা ওমর আল-কায়েদার প্রশিক্ষণ শিবির পরিদর্শন করেন। ওই সময় তিনি ওসামাকে তেমন সম্মান দেখাননি এবং আল-কায়েদাকে অবিলম্বে আফগানিস্তান ছাড়ার নির্দেশ দেন। তবে ওসামা আরও এক বা দেড় বছর সেখানে অবস্থানের ব্যাপারে আলোচনা করতে সমর্থ হন। তিনি বলেছিলেন, ‘আমার লোকদের সরিয়ে কোথায় নেব?’ এ থেকেই বোঝা যায়, আল-কায়েদা ও তালেবানের সম্পর্কের মধ্যে উত্তেজনা। গ্রোয়িং আপ বিন লাদেন মূলত পিতা-পুত্রের গল্প। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল না হওয়ায় উভয়েই যে পরস্পরের কর্মকাণ্ডে হতাশ ছিলেন, তা বোঝা যায় ওমরের লেখায়। বোঝা যায়, ওসামার কাজ তাঁর পছন্দের ছেলের কাছেও আবেদন সৃষ্টি করতে পারেনি।