ওমের জন্য
ওমপিয়াসী ওমতিয়াসী শীতের রাতে হাহাকার
একটু ওমের জন্য কাঁদে কোলের শিশু আহা কার!
উদোম গায়ে হামাগুড়ি দেয় যে শিশু উঠানে
ওমের জন্য আগুন জ্বালা, দুই হাতে খড়কুটা নে।
পৌষে মাঘে কাজ করে যায় কিষান খেতে খামারে
মাঝে মাঝে গানটি ধরে—বাঁচাও দয়াল আমারে...
বরফ দেশের শীতল হাওয়া হঠাৎ পড়ে ঝাঁপিয়ে
ভুখানাঙ্গা মানুষগুলোর হাড়গুলো দেয় কাঁপিয়ে।
পথের ধারে দাঁড়িয়ে ভাবে অনাথ বালক রামাটা
পেত যদি সূর্য মামার হলুদ রঙের জামাটা!
বৃক্ষলতা জবুথবু শীত কুয়াশার দাপটে
ঠান্ডা কফি পড়ে থাকে খাবার ঘরে চা-পটে।
তুমি থাকো অট্টালিকায় ঠান্ডা তাড়াও হিটারে
মনের সুখে টিভি দেখো সুরটি তোলো গিটারে।
জানালা দিয়ে তাকিয়ে দেখো শীতার্ত এক ধরণি
পথের ধুলায় থাকে যারা সঙ্গী তাদের মরণই।
শরীর ঢাকা চটে কিংবা জোড়াতালির কাপড়ে
জীবন নিয়ে আছে তারা মস্ত বড় ফাঁপরে।
তাদের জন্য হাতখানি দাও একটু তোমার বাড়িয়ে
হৃদয় থেকে উষ্ণতাটা যায় না যেন হারিয়ে।