ওয়াশিংটনে ঈদ উদযাপন
বিপুল উত্সাহ ও উদ্দীপনা এবং যথাযোগ্য ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মুসলমানরা ৪ অক্টোবর ঈদুল আজহা উদযাপন করেছেন। উত্তর আমেরিকার মেট্রো ওয়াশিংটন এলাকায় বসবাসরত বাঙালিরাও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করেন। বাংলাদেশিদের তত্ত্বাবধানে ঈদের দিন সকালে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় ভার্জিনিয়ার আর্লিংটন বায়তুল মোকারম মসজিদে।
মুসলিম কমিউনিটি সেন্টারে (এমসিসি) বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে শত শত বাংলাদেশিও ঈদের জামাতে অংশ নেন। সেখানে কয়েকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকার (বাই) ব্যবস্থাপনায় গতবারের মতো এবারও ভার্জিনিয়ার একটি হোটেলে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ওই এলাকায় বসবাসরত কয়েক শ বাংলাদেশি নারী-পুরুষ ঈদের জামাতে অংশগ্রহণ করেন।
এ ছাড়া মেট্রো ওয়াশিংটন এলাকার ভার্জিনিয়ার আল নূর মসজিদ, দারুল হুদা মসজিদ, এডামস সেন্টার, মেরিল্যান্ডের মদিনা সেন্টার, ইসলামিক সেন্টার অব মেরিল্যান্ড, ইসলামিক সোসাইটি অব বাল্টিমোরেও (আইসিবি) ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
ঈদের দিন নামাজ শেষে কোথাও কোথাও খাবারের ব্যবস্থাও ছিল। ঈদ উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওমাবা এক বিবৃতিতে আমেরিকায় বসবাসরত মুসলমানসহ বিশ্বের সকল মুসলমানকে ঈদ শুভেচ্ছা জানান।
অন্যদিকে ঈদের আগে মেট্রো ওয়াশিংটন এলাকার বাংলাদেশি বিভিন্ন সামাজিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্থানীয় শিল্পীরা গান, নাচ, আবৃত্তি পরিবেশন করেন। এর পাশাপাশি ছিল দেশীয় ঈদের পোশাক ও খাবারের দোকানসহ নানা পসরা। মানুষ ঈদের অনুষ্ঠান উপভোগ করার পাশাপাশি পছন্দমতো নানা সামগ্রী কেনাকাটা করেন।
সুবীর কাস্মীর পেরেরা
ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র