ওর উপার্জনের টাকায় আমার অধিকার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

‘বাসাভাড়া দেওয়ার পর আমার স্বামী আমার হাতে পাঁচ হাজার টাকা দেয়। এই টাকা দিয়েই সারা মাসের বাজার, ছেলের টুকিটাকি বায়নাসহ সব খরচ মেটানোর চেষ্টা করি। কিন্তু পারি না। তখন বাধ্য হয়েই মায়ের কাছ থেকে টাকা নিতে হয়!’ কথাগুলো বলছিলেন নাজিয়া ইসলাম (ছদ্মনাম)। ১৩ মার্চ রাজধানীর রামপুরায় নাজিয়ার (২৭) বাসায় কথা হয় তাঁর সঙ্গে। 
উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরপরই বিয়ে হয়ে যায় নাজিয়ার। স্বামী দেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন। সব নিশ্চয়ই ভালো হবে—এমনটাই ভেবেছিল নাজিয়ার পরিবার। বিয়ের বছর খানেক পরই ছেলে মাশুকের জন্ম। তখন স্বামীর কর্মস্থল কিশোরগঞ্জে। কিন্তু নাজিয়া এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তাই ছেলেসহ বাবার বাড়িতেই থাকতেন। স্বামীর ইচ্ছা ছিল না নাজিয়া আরও পড়ালেখা করুক। তাই তিনি জানিয়ে দেন, স্ত্রীর পড়ার খরচ দিতে পারবেন না। নাজিয়ার মা-বাবা সেটাই মেনে নেন।
কিছুদিন পর দেখা গেল, নাজিয়ার প্রতি অন্যান্য দায়িত্ব পালনে স্বামী উদাসীনতা দেখাচ্ছেন। নাজিয়া বলেন, ‘স্বামী মাঝে মাঝে ঢাকায় আসত। সে সময় ছেলের দুধের খরচ বাবদ ৫০০ টাকা দিত। আর কিছু নয়। বিয়ের পর থেকে এ পর্যন্ত একটা শাড়ি বা সালোয়ার-কামিজ কিনে দেয়নি। ছেলের জামাও না। অন্যদিকে ওর মা-বাবা, ভাইয়ের জন্য সব সময়ই কিনছে। ছেলে যখন বাবার কাছে কোনো কিছুর বায়না করে, তখন ছেলেকে বলে, “তোমার নানার কাছে চাইবে”।’
নাজিয়া বলেন, ‘অনার্সের পর যখন মাস্টার্সে ভর্তি হলাম, তখন প্রায় জোর করেই আমাকে ওর সঙ্গে নিয়ে যায়। বলেছে, মাস্টার্সে এত ক্লাস করতে হয় না।’
কী যেন মনে পড়তেই চোখে পানি চলে আসে নাজিয়ার। চোখ মুছে স্বাভাবিক হয়ে বলেন, ‘ও যে ছেলের দুধ কেনার টাকা দিত, বাবা সেটা নিতেন না। টাকাটা আমি জমিয়েছিলাম। মোট ২৫ হাজার টাকা। ও যখন এই টাকার কথা জেনেছে, সেটাও নিয়ে নিয়েছে।’
এ রকম অবস্থায় স্বাবলম্বনই হতে পারে সমাধান—কথাটা বলতেই নাজিয়া দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘সে চেষ্টা তো সব সময়ই করেছি। ইচ্ছা ছিল বিসিএস ক্যাডার হব। অনার্সের শুরু থেকেই প্রস্তুতি নিয়েছি। অনেকবার পরীক্ষার ফরমও পূরণ করেছি। কিন্তু পরীক্ষার সময় এলেই স্বামী বিভিন্ন সমস্যা দেখিয়ে আমাকে শ্বশুরবাড়িতে নিয়ে যেত। পরীক্ষাটা আর কখনোই দেওয়া হয়নি।’
অন্য কোনো চাকরির চেষ্টা করেননি?
‘করেছি। বলেছি, যেকোনো একটা চাকরি করি! টিউশনি করি? ও বলে, “তুমি চাকরি বা টিউশনি করলে আমার সম্মান নষ্ট হবে। আর বেঁচে থাকতে এত টাকা লাগে না। আমি যা কামাই করি, তাতেই হবে। তুমি চাকরি করলে আমার ছেলের কষ্ট হবে।” কিন্তু ও যখন আমাকে সংসারে খরচ কম দেয়, তাতেও যে আমার কষ্ট হয়, এটা বোঝে না। হয়তো বোঝে। আর বুঝেই এভাবে নির্যাতন করে। তাতে প্রায়ই মনে হয়, ওর উপার্জনের টাকায় আমার কোনো অধিকার নেই।’
তবুও হাল ছাড়েননি নাজিয়া। মাস দুয়েক ধরে একটা কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করছেন। বেতন পাঁচ হাজার টাকা।
এবার তাহলে যন্ত্রণার কিছুটা অবসান হবে, তাই না! উত্তর ভাবার সময়টুকু নিলেন না নাজিয়া। বলে উঠলেন, ‘স্বামী বলে দিয়েছে, এ মাস থেকে ও বাজারখরচ তিন হাজারের বেশি দিতে পারবে না। এই টাকা দিয়েই চালিয়ে নিতে বলেছে।’