>

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা
আমি প্রায়ই আমার স্কুলের বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যেতাম। সেখানে একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হয়। পরে জিজ্ঞাসা করে জানতে পারি, ও কলেজে পড়ে। ও আমাকে পছন্দ করত কি না জানি না। কিন্তু আমি ওকে অনেক পছন্দ করতাম। এক বছরের বেশি পরে জানতে পারি, ও নেশা করে। গ্যারেেজ, খেলার মাঠে ও শুধু এ জন্যই আসত। পরিবারের সবার সামনে ও সিগারেট খেতে পারে না, তাই নিচে এসে খায়। আমি ওকে কিছু বলতেও পারি না। আমি ওকে অবশ্য ভাইয়া বলেই ডাকি। আগে প্রায় জিজ্ঞেস করত, কী খবর, কেমন আছ—এখন তা-ও করে না। আমি প্রায়ই ওকে পাশের বিল্ডিংয়ের একটা ছেলের সঙ্গেই নেশা করতে দেখি। আমি ওকে সামনাসামনি কিছু বলতে পারি না। কিন্তু আমি মন থেকে চাই, ও যেন নেশা ছেড়ে দেয়। ওর চেহারাও কেমন বিদঘুটে হয়ে যাচ্ছে।
প্রিয়া (ছদ্মনাম), ঢাকা।
পরামর্শ
এই বয়সে কাউকে খুব ভালো লেগে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। তুমি ওকে এতটা পছন্দ কর বলেই ওর মঙ্গল চাইছ। তবে ছেলেটির সঙ্গে তো তোমার সত্যিকার অর্থে ভালো পরিচয় নেই। ওর চারিত্রিক কোনো বৈশিষ্ট্যও তোমার জানা নেই। মনে হচ্ছে, ছেলেটি বর্তমানে মাদককে ওর বন্ধু বানিয়ে ফেলেছে। যদি তুমি নিশ্চিত হও সে নেশা করে, তাহলে এখনই কিছু করা জরুরি। ছেলেটিকে এখন সতর্ক করলেও সে এটিকে কোনো গুরুত্ব না দেওয়ার সম্ভাবনাই বেশি। আমার জানামতে, অনেক মেয়েরাই তাদের নেশাগ্রস্থ ভালোবাসার মানুষটির সঙ্গে সম্পর্ক চালিয়ে যায়। তারা মনে করে, ছেলেটিকে তারা মাদকমুক্ত করবে। দুঃখের বিষয়, মাদকাসক্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজে আন্তরিকভাবে উপলব্ধি না করে, ততক্ষণ তাকে শুধু ভালোবাসা বা উপদেশ দিয়ে ফিরিয়ে আনা সম্ভব হয় না।
এমনকি অনেক মেয়েরা তাদের প্রেমিক ও স্বামীকে বারবার নিরাময় কেন্দ্রেও নিয়ে গেছে চিকিত্সার জন্য। সেখান থেকে বেরিয়ে এসে কিছুদিন সংযত থাকার পর আবার তারা নেশায় আসক্ত হয়েছে। এ রকম অসহায় মেয়েদের মানসিক স্বাস্থ্যকর্মীদের কাছে গিয়ে অঝোর ধারায় কাঁদতে দেখেছি। তুমি যদি ছেলেটির কোনো জ্যেষ্ঠ আত্মীয়কে পরিচিত কাউকে দিয়ে বিষয়টি জানাতে পারো তাহলে ভালো হয়। ছেলেটির পরিবার এটি জানার পর হয়তো সচেতন হয়ে তাকে চিকিত্সার আওতায় আনার জন্য উদ্যোগ নেবে।
ওকে সাহায্য করার জন্য এই মুহূর্তে তোমার এ ছাড়া আর কিছু করার আছে বলে মনে হয় না। আশা করছি, তুমি নিজের প্রতি মনোযোগী ও যত্নশীল হবে।