ওর জন্য বিজয়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ের মাসে শিশুকে উপহার দিতে পারেন পতাকা। ছবি: নকশা
বিজয়ের মাসে শিশুকে উপহার দিতে পারেন পতাকা। ছবি: নকশা

বিজয়ের প্রহর আসতে আর ২৪টি ঘণ্টাও বাকি নেই। বিজয়োৎসবের নানা আয়োজনের এই সময়টায় আপনার সন্তানের কোমল মনে বুনে দিতে পারেন দেশপ্রেমের বীজ। দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বেড়ে ওঠা শিশুরাই তো একদিন দায়িত্বশীল নাগরিক হবে। আর দেশকে এগিয়ে নেবে সাফল্যের পথে। বাঙালির লড়াই আর গৌরবের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার দায়িত্বটা আমাদেরই।
স্কুলব্যাগ সাজাতে: আজকাল শিশুরা দিনের বড় একটা সময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। স্কুলব্যাগটাতে বিজয় স্মারক লাগানো হলে সেটি যেমন প্রায়ই চোখে পড়বে তার, তেমনি নিজের ব্যাগটা বিশেষ কিছু দিয়ে সাজানো বলে মনটাও খুশি থাকবে।
ব্যাগটার যে অংশ কাঁধে ঝুলিয়ে রোজ স্কুলে যায় সে, সেই অংশটায় লাল-সবুজ ব্যাজ লাগিয়ে দিতে পারেন। শাহবাগের আজিজ সুপার মার্কেটের নিত্য উপহারে পাবেন বেশ কয়েক রকম লাল-সবুজ ব্যাজ। আলাদা ব্যাজেও পাবেন ‘বাংলাদেশ’ শব্দটির বিভিন্ন অংশ। এই ব্যাজগুলো দিয়ে বাংলাদেশ শব্দটি তৈরি করেও লাগিয়ে দিতে পারেন ব্যাগের ওই লম্বা অংশটায়। প্রতিটি ব্যাজ পাবেন ৪০ টাকার মধ্যে।
একটু বড় হয়েছে এমন শিশুরা স্কুলব্যাগের চেইনের সঙ্গে চাবির রিং লাগিয়ে নিতে চায়। তাদের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে লাল-সবুজ চাবির রিং কিনে নিতে পারেন। দাম পড়বে ৫০ টাকা।
সাজিয়ে রাখুক তার ঘরটায়: মুক্তিযুদ্ধের চেতনায় তৈরি করা নানা রকম পোস্টার রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরে। নিজের ঘরে পোস্টার লাগিয়ে রাখতে আগ্রহী হয়ে উঠবে সে। ২০ থেকে ২৫ টাকার মধ্যেই পাবেন পোস্টার।
পতাকা, মানচিত্র আর ব্যান্ডানা: কাজ সেরে বাড়ি ফেরার পথে হয়তো কাউকে পতাকা বিক্রি করতে দেখেন আপনি। ছোট-বড় নানা আকৃতির এসব পতাকার মধ্য থেকে যেকোনো একটি বেছে নিতে পারেন আপনার ছোট্টমণির জন্য। পতাকা বিক্রেতাদের কাছে পতাকা আঁকা ব্যান্ডানাও পেতে পারেন। খানিক দরদাম করে কিনে নিতে পারেন পতাকা আর ব্যান্ডানা।
খাবারের টেবিলেও: মুক্তিযুদ্ধ জাদুঘর, নিত্য উপহারসহ বিভিন্ন দোকানে পাবেন বিশেষ মগ। দাম পড়বে ২০০ থেকে ৩০০ টাকা।
ছড়া ও গল্পে: শিশুর উপযোগী বইটি যদি হয় মুক্তিযুদ্ধ নিয়ে লেখা, তবে গল্প-ছড়ার ছলেই গড়ে উঠতে পারে ইতিহাসের চেতনা। গল্প-ছড়ার এমন বইও কিনে দিতে পারেন আপনার ছোট্ট শিশুটিকে।
আরও কিছু উপহার: আজকাল শিশুদের মাঝে ডাকটিকিট জমানোর শখটা তেমন নেই। নতুন প্রজন্মের প্রতিনিধিদের মাঝে এই শখটি আবার জাগিয়ে তোলার চেষ্টা তো করা যেতেই পারে। সেটি শুরু হতে পারে বিজয় দিবসের স্মারক ডাকটিকিট উপহার দিয়েই।
মুক্তিযুদ্ধ জাদুঘরে পাবেন কার্ড। মুক্তিযুদ্ধের চেতনায় তৈরি করা এসব কার্ড পাবেন মাত্র পাঁচ টাকায়। এ ছাড়া শিশুদের জন্য লাল-সবুজ রিস্টব্যান্ড পাবেন নিউমার্কেটে। ছোট্ট মেয়েদের জন্য লাল-সবুজ চুড়িও কিনতে পারেন।